বেইজিং, ৯ আগস্ট (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- মহিলাদের ১০ মিটার এয়ার রাইফেল ইভেন্টে গত বারের অলিম্পিক চ্যাম্পিয়ন দু লি ব্যর্থ হলেও স্বাগতিকদের হতাশ করেননি প্যাং ওয়েই। পুরুষদের ১০ মিটার এয়ার পিস্তলে প্রথম হয়ে শ্যুটিংয়ে চীনকে প্রথম সোনা উপহার দিয়েছেন তিনি।
এবারের অলিম্পিকে ফেভারিট ছিলেন ২০০৬ সালের বিশ্ব চ্যাম্পিয়ন প্যাং। সেই মর্যাদাকে সম্মান জানিয়েই ৬৮৮.২ পয়েন্ট স্কোর করে সোনা জিতেছেন ২২ বছর বয়সী এই শ্যুটার। দক্ষিণ কোরিয়ার জিন জং-ওহ (৬৮৪.৫) রুপা ও ব্রোঞ্জ পেয়েছেন উত্তর কোরিয়ার কিম জং সু (৬৮৩)।
দু লি'র ব্যর্থতার কথা আগে জানতে পারেননি প্যাং। জেনেছেন নিজে সোনা জয়ের পরে। দুঃসংবাদটা পেয়ে মর্মাহত হলেও প্যাংয়ের আশা, তার সাফল্যের মাধ্যমেই অলিম্পিক শ্যুটিংয়ে স্বাগতিকদের জয়যাত্রার সূচনা হবে, "সকালের ফলাফল সম্পর্কে কোনো ধারণাই আমার ছিল না। অ্যাথলেট ও শ্যুটারদের ওপর চাপ এড়ানোর লক্ষ্যে 'তথ্য নিয়ন্ত্রণ নিয়ম' জারি করা হয়েছে আমাদের ওপরে। আশা করি আমার সোনা জয় চীনা দলের সৌভাগ্য ফিরিয়ে আনতে পারবে। সেই সঙ্গে চীনের শ্যুটিং দলের আরো বেশি পদক জয়ের ব্যাপারেও আমি আশাবাদী।"
এদিকে পুরুষদের সাইক্লিংয়ে রোড রেস ইভেন্টে সোনা জিতেছেন স্পেনের স্যামুয়েল সানচেজ। রুপা পেয়েছেন শনিবারই ৩৭তম জন্মদিন পালন করা ইতালির দাভিদে রেবেলিন। ব্রোঞ্জ সুইজারল্যান্ডের ফ্যাবিয়ান ক্যানসেলারার। ২৪৫.৪ কিলোমিটার (১৫২.৫ মাইল) দীর্ঘ এই প্রতিযোগিতায় অংশ নিয়েছেন ৫৪টি দেশের ১৪৩ জন সাইক্লিস্ট।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/১৭০২ঘ.
bdnews24