ঢাকা, ৮ আগস্ট (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- সিটিসেল ফেডারেশন কাপের শুরুতেই হোঁচট খেয়েছে ঢাকার ফুটবলের 'পরাশক্তি' মুক্তিযোদ্ধা। শুক্রবার বঙ্গবন্ধু স্টেডিয়ামে 'এ' গ্র"পের প্রথম ম্যাচে তাদের রুখে দিয়েছে ঢাকা ওয়ান্ডারার্স। ম্যাচটি শেষ হয়েছে ১-১ গোলের সমতায়। দিনের অন্য ম্যাচে খুলনা আবাহনীকে ৩-০ গোলে হারিয়ে এই গ্র"পের শীর্ষে উঠেছে ফরাশগঞ্জ।
এর চেয়ে বড় অঘটনও কিন্তু ঘটতে পারতো! ম্যাচের দ্বিতীয় মিনিটেই এগিয়ে যেতে পারতো ওয়ান্ডারার্স। সৈয়দ আমিনুলের এগিয়ে দেওয়া পাস ধরে একজন ডিফেন্ডারকে কাটিয়েও ছিলেন স্ট্রাইকার মনির হোসেন। কিন্তু গোলমুখে মুক্তিযোদ্ধা গোলরক্ষক নিজাম মজুমদারকে একা পেয়েও সোজা তার হাতে তুলে দিয়েছেন তিনি।
সে যাত্রা বেঁচে গেলেও প্রথমার্ধের শেষ দিকে ঠিকই পিছিয়ে পড়ে মুক্তিযোদ্ধা। ৪৪ মিনিটে রাজীবের করা আত্মঘাতী গোল মুক্তিযোদ্ধাকে দেখাচ্ছিল পরাজয়ের চোখরাঙানি। অবশেষে ৭৮ মিনিটে ফিরোজ মাহমুদ টিটুর গোল সেই লজ্জা থেকে বাঁচিয়েছে তাদের।
মুক্তিযোদ্ধাকে মোটেই মুক্তিযোদ্ধার মতো লাগেনি, তবে গোলের সুযোগ তারাও পেয়েছিল এক-আধটা। সবচেয়ে সহজ সুযোগটা নষ্ট হয়েছে ২৭ মিনিটে। ওয়ান্ডারার্স গোলরক্ষক সাজুকে কাটিয়েও মুরাদ হোসেন মিলন ফাঁকা পোস্টে শট নিতে দেরি করায় দুজন ডিফেন্ডার ঢুকে পড়ে রুখে দিয়েছেন তাকে। এর দুমিনিট আগে রোকনুজ্জামান কাঞ্চনের একটি শট উড়ে গেছে ক্রসবারের ওপর দিয়ে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচ/২১৪৮ ঘ.
bdnews24