ঢাকা, ৮ আগস্ট (বিডিনিউজ টোয়েন্টিফোর ডট কম)-- দুশ্চিন্তা ছিল কদিন ধরেই কুয়াশার চাদরে মুড়ে থাকা বেইজিংয়ের আকাশকে নিয়ে। কিন্তু চীনাদের সংখ্যাতত্ত্বের গুণেই হোক কিংবা আকাশ ঝলমল করে ফোটা আতশবাজির ঝলকানিতেই, কুয়াশাকে আর খুঁজে পাওয়া গেল না শুক্রবার সন্ধ্যায়। বেইজিংয়ের সময় রাত আটটা আট মিনিটে (বাংলাদেশের ছয়টা আট মিনিটে) আতশবাজির ঝলকানিতেই শুরু হয়েছে ২০০৮ সালের গ্রীষ্মকালীন অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠান।
প্রায় চারঘণ্টার এই অনুষ্ঠানটি শেষও হয়েছে আতশবাজির প্রদর্শনী দিয়েই। তার আগে, আধুনিক অলিম্পিকের ২৯তম এই আসরের মশালটি জ্বালিয়েছেন ১৯৮৪ সালের লস অ্যাঞ্জেলস অলিম্পিকে ৩টি সোনাসহ মোট ৬টি পদকজয়ী জিমন্যাস্ট লি নিং। উপস্থিত দর্শকদের বিস্ময়ে অভিভূত করে তিনি স্টেডিয়ামে বহুতল গ্যালারির ওপরে স্থাপিত মশালের কাছে পৌঁছেছেন 'উড়ে'। পুতুল নাচের কৌশলে পিঠে দড়ি বেঁধেই ওড়ানো হয়েছে তাকে, কিন্তু তার সঙ্গে লেজার রশ্মির অসাধারণ মিশেলে এমন একটা আবহ তৈরি করা হয়েছিল যেন শূন্যের ওপর দিয়ে দৌড়ে যাচ্ছেন তিনি!
এর একটু আগে আন্তর্জাতিক অলিম্পিক কমিটির সভাপতি জ্যাক রজকে পাশে নিয়ে চীনের প্রেসিডেন্ট হু জিনতাও আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছেন ১৬ দিনের এই ক্রীড়া উৎসবের উদ্বোধন।
চোখ ধাঁধানো এই অনুষ্ঠানটি দেখতে বেইজিংয়ের বার্ডস নেস্ট স্টেডিয়ামে উপস্থিত ছিলেন প্রায় ৯১ হাজার দর্শক। সেই সারিতে ছিলেন মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ, রুশ প্রধানমন্ত্রী ভ
bdnews24