ঢাকা, আগস্ট ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)---- শারমিন আক্তার নয়, বেইজিং অলিম্পিকে বাংলাদেশের পাতাকা বহন করবেন রুবেল রানা। কারণ হঠাৎ করে জানা গেছে বেইজিং অলিম্পিকে অংশ নেওয়ার যোগ্যতা নেই শারমিন আক্তারের !
বেইজিং অলিম্পিকে ১০ মিটার এয়ার রাইফেল ইভেন্টে প্রতিদ্বন্দ্বিতার জন্য শারমিন আক্তারকে বাংলাদেশ দলে মনোনীত করা হয়েছিল। কিন্তু হঠাৎ করে মঙ্গলবার বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন জানিয়েছে তিনি গেমসে অংশ নিতে পারবেন না। বিওএ প্রেরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মঙ্গলবার বেইজিংয়ে অনুষ্ঠিত অংশগ্রহণকারী দলগুলোর দলনেতাদের সভায় শারমিনের বিষয়টি চূড়ান্ত হয়। তাতে কারণ হিসেবে বলা হয়েছে, "আইএসএসএফ কর্তৃক উপস্থাপিত এমকিউএসধারীদের ক্রম তালিকায় একজন ইরানি মহিলা শুটারের নাম এসে পড়ায় শারমিন আক্তার বেইজংি অলিম্পিক গেমসে অংশগ্রহণের যোগ্যতা হারান।"
অথচ গত ৪ মে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত দলনেতাদের প্রথম সভায় শারমিনকে অন্তর্ভূক্ত করা হয়েছিল বলে বিওএ জানিয়েছে। প্রশ্ন হচ্ছে সেই আন্তর্জাতিক শ্যুটিং ফেডারেশনের বেঁধে দেওয়া যোগ্যতার মাপকাঠি (এমকিউএস) বিচারে শারমিন যোগ্য হিসেবে বিবেচিত হওয়ার পর কীভাবে আবার ইরানী মহিলা শ্যুটার ঢুকে পড়ে ! জবাবের জন্য বিওএ মহাসচিব কুতুব উদ্দিন আহমেদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।
তবে বিজ্ঞপ্তি অনুযায়ী শারমিন পর্যবেক্ষক হিসেবে বুধাবার বেইজিং যাচ্ছেন ১১ সদস্যের দলের সঙ্গে। যাচ্ছেন পাতাকা বাহক সাঁতারু রুবেল রানাও।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/এমএম/২১২৫ঘ.
bdnews24