ঢাকা, ৫ আগস্ট (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- শর্ত দিয়েছিলেন, একক প্যানেল হলেই কেবল হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক হতে তিনি রাজী। ২৮ আগস্ট অনুষ্ঠেয় নির্বাচনকে সামনে রেখে তার এই শর্তে সাড়া দেওয়ার মতো অনেককে পেয়েও গেছেন খন্দকার জামিলউদ্দিন। মঙ্গলবার দুপুরে রাজধানীর এক হোটেলে তাকে সাধারণ সম্পাদক হিসেবে পাওয়ার আগ্রহ ব্যক্ত করে গেলেন হকির সঙ্গে জড়িত গণ্যমান্য ব্যক্তিত্ব থেকে শুরু করে ৩৭ জন কাউন্সিলর। এবং ক্রীড়াঙ্গনের নির্বাচনে মহা ক্ষমতাধর শক্তি 'ফোরাম', নাম পাল্টে যেটি এখন জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক পরিষদ। একটা 'কিন্তু' অবশ্য আছে। জামিলকে সমর্থন জানাতে আয়োজিত অনুষ্ঠানে আসেননি দুই বড় ক্লাব আবাহনী ও মোহামেডানের কাউন্সিলররা। এর মধ্যে মোহামেডানের সাজেদ আদেল নিজেও সাধারণ সম্পাদক পদে প্রার্থী হতে চান।
আর একাধিক প্রার্থী মানেই ভোটের লড়াই। হকির স্বার্থে এই লড়াইটা এড়ানো উচিত বলেই মন্তব্য করে গেলেন জামিলকে সমর্থন জানানো সংগঠকরা। এদের মধ্যে অন্যতম ১৭ বছর বাংলাদেশ হকি ফেডারেশনের সাধারণ সম্পাদকের দায়িত্বে থাকা শামসুল বারী। হকির নির্বাচনে সর্বমহল থেকেই যাকে একরকম 'অভিভাবক'ই মানা হচ্ছে। ভোটের লড়াই তিনি চান না কারণ, "নির্বাচন হলেই নিজেদের মধ্যে নানারকম দলাদলি ও রেষারেষির আশঙ্কা। তারচেয়ে বরং একটা একক প্যানেল হলেই ভালো।" সেই একক প্যানেল গড়ার কাজ কতোদূর এগোলো? এই প্রশ্নেরও উত্তর মিলেছে শামসুল বারীর কথায়, "জামিল ভাই ক্রীড়াঙ্গনের পুরনো লোক। একক প্যানেলের সাধারণ সম্পাদক হিসেবে আমরা তাকে চাই। তিনি আমাদের ডাকে সাড়াও দিয়েছেন। আশা করছি একক প্যানেলটা আমরা করতে পারবো।"
এখানে জামিলের জন্য যাদের সমর্থন বেশ গুরুত্বপূর্ণ, সেই জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক পরিষদের মহাসচিব আশিকুর রহমান মিকু বলেছেন, "হকিতে গতিশীলতা আনতে গেলে দক্ষ ও যোগ্য সংগঠক দরকার। ফোরাম মনে করে, খন্দকার জামিলের দক্ষতা ও যোগ্যতা হকিকে গতিশীল করবে। এজন্যই আমরা তাকে সমর্থন করছি।" আর ভোটের লড়াইয়ের বিষয়ে শামসুল বারীর সুরই শোনা গেল তার কথায়, "আসলে রেষারেষির ফল ভালো হয় না।"
তারা সাধারণ সম্পাদক হিসেবে জামিলকে চান, যার সঙ্গে হকির যোগাযোগটাই স্থাপিত হয়েছে খুব বেশিদিন হয়নি। সাত-আট মাস আগে অ্যাডহক কার্যনির্বাহী কমিটির সহ-সভাপতি হিসেবে হকিতে জড়ানো জামিল অল্পসময়েই 'মধ্যমণি' হয়ে গেছেন। কারণ গত কিছুদিনে অর্থাভাবে বাংলাদেশের দুটো হকি দলের বিদেশ সফর প্রায় যখন ঝুলে যাচ্ছিল, তখনই পৃষ্ঠপোষক এনে দেওয়ার ক্ষেত্রে জামিলের বলিষ্ঠ ভূমিকা তাকে ভোটের বাজারে বেশ জনপ্রিয় করে তুলেছে। কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ডেভলপমেন্ট কমিটির সাবেক চেয়ারম্যান এবং বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি জামিল নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় যেতে চাইছিলেন না এজন্য, "আমি বিসিবিতে পাঁচ বছর কাজ করার পরও নির্বাচনে তিন ভোটে হেরে গিয়েছিলাম। আর হকিতে তো আমি নতুন। কাউন্সিলরদের আমি চিনিই না ঠিকমতো। তাই বলে দিয়েছিলাম একক প্যানেল হলে আছি।" এদিন জামিল কাউন্সিলরদের সঙ্গে পরিচিত হয়ে জানলেন, তার পাশেও অনেকেই আছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/এমএম/১৮০৫ঘ.
bdnews24