লন্ডন, ২১ জুলাই (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ক্রিস্টিয়ানো রোনালদোকে নিয়ে ম্যানচেস্টার ইউনাইটেড ও রিয়াল মাদ্রিদের টানা-হ্যাঁচড়ায় এমনিতেই দলবদলের বাজার উত্তপ্ত। এখন সেই উত্তাপের সঙ্গে যোগ হলো কাকাকে নিয়ে নতুন নাটক! ইতালির বিখ্যাত ক্রীড়াদৈনিক 'গাজেত্তা দেল্লো স্পোর্ত'-এর দাবি কাকাকে দলে পেতে চেলসির মালিক রোমান আব্রামোভিচ নাকি উদগ্রীব। সেজন্য এসি মিলানকে রেকর্ড ১৫ কোটি ইউরো দিতেও তিনি প্রস্তুত। তবে সোমবার পত্রিকাটিতে এই খবর বেরোনোর সঙ্গে সঙ্গে সেটা অস্বীকার করেছেন পিটার কেনিয়ন। চেলসির প্রধান নির্বাহী বরং কাকার বদলে রবিনহো সম্পর্কে তাদের আগ্রহের কথা জানিয়েছেন মিডিয়াকে।
কয়েক দিন আগে কাকার মুখপত্র ডিয়োগো কটস্কো মিলান থেকে কাকার চেলসিতে যাওয়ার উজ্জ্বল সম্ভাবনার কথা জানিয়েছিলেন। সেই সঙ্গে এই ট্রান্সফারের ফলে মিলানের পাশাপাশি ব্রাজিলিয়ান তারকার আর্থিক লাভবান হওয়ার ইঙ্গিতও দিয়েছিলেন তিনি। কটস্কোর দাবী ছিল চেলসির সঙ্গে চুক্তিবদ্ধ হলে ১৫ কোটির দশ শতাংশ অর্থাৎ দেড় কোটি ইউরো জমা হবে কাকার ব্যাংক অ্যাকাউন্টে। সাও পাওলো থেকে মিলানে ফিরে গত বারের ফিফা বর্ষসেরা ফুটবলারও পরিস্থিতি ঘোলাটে করে তুলে মন্তব্য করেছিলেন, "দুটো দলই আমাকে চাইছে। জানি না ব্যাপারটা কীভাবে নিষ্পত্তি হবে।" এর পর সোমবার ইতালিয়ান পত্রিকার দাবীতে মনে হচ্ছিল তার স্ট্যামফোর্ড ব্রিজে যাওয়া অনেকখানি নিশ্চিত।
কিন্তু ঘটনাটা আরো উত্তেজনাপূর্ণ, আরো নাটকীয় হয়ে ওঠার আগেই তাতে জল ঢেলে দিয়েছেন কেনিয়ন। প্রাক-মৌসুম সফরে চীনে এসে 'ব্লুজ'-এর প্রধান নির্বাহী জানিয়েছেন, কাকাকে নিয়ে মিলানের সঙ্গে 'টাগ অব ওয়ার'-এ যাওয়ার কোনো ইচ্ছাই তাদের নেই, "(কাকার জন্য) কোনো প্রস্তাবই করা হয়নি। খবরটা আমি পড়েছি। ওরা (মিলান) পরিষ্কার জানিয়ে দিয়েছে যে সে (কাকা) বিক্রির জন্য নয়। আর আমরাও পরিষ্কার জানিয়ে দিচ্ছি যে কোনো প্রস্তাব আমরা দেবো না। ওরা যা করতে চাইছে না তার জন্য সমঝোতায় বসার কোনো কারণ নেই। আমরা (কাকার জন্য) কোনো প্রস্তাব রাখছি না।"
তবে কাকার ব্যাপারে নিরুৎসাহ দেখালেও তার ব্রাজিলিয়ান সতীর্থ রবিনহোকে পেতে চেলসি আগ্রহী। বৃটিশ মিডিয়া জানিয়েছে ২৪ বছর বয়সী ফরোয়ার্ডকে পেতে রিয়াল মাদ্রিদের কাছে আড়াই কোটি পাউন্ডের প্রস্তাব পাঠিয়েছে চেলসি। খবরটার সত্যতা স্বীকার করে কেনিয়ন বলেছেন, "এ কথা ঠিক যে আমরা ওর (রবিনহোর) ব্যাপারে আগ্রহ দেখিয়েছি। এটা নিয়ে মাদ্রিদের সঙ্গে আলোচনাও চলছে। দলবদলের দরজা এখনো খোলাই আছে আর আমরা এখনো মাদ্রিদের সঙ্গে কথা বলছি।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/এমএম/২০৪০ঘ.
bdnews24