ঢাকা, জুলাই ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)---- অবশেষে গঠিত হয়েছে জাতীয় দল ব্যবস্থাপনা কমিটি। বাফুফের অন্যান্য স্ট্যান্ডিং কমিটি নিয়ে তেমন বিতর্ক না থাকলেও ৯ সদস্যের এই কমিটিতে ঢুকে পড়েছেন বিতর্কিত ছাইদ হাছান কানন।
এই কমিটির চেয়াম্যান বাদল রায় এবং তার ডেপুটি করা হয়েছে নুরুল আলম চৌধুরীকে। বাকি ৭ সদস্য হলেন গোলাম রাব্বানী হেলাল, খোরশেদ আলম বাবুল, শেখ মোহাম্মদ আসলাম, হাসানুজ্জামান খান বাবলু, ইমতিয়াজ সুলতান জনি, একরামুল করিম চৌধুরী ও ছাইদ হাছান কানন।
শেষের জনের অর্ন্তভুক্তিই প্রশ্নবিদ্ধ করেছে জাতীয় দল ব্যবস্থাপনা কমিটিকে। জাতীয় দলের সাবেক গোলরক্ষক হিসেবে অবশ্যই কানন থাকতে পারেন এই কমিটিতে। কিন্তু তিনি নিজেকে বিতর্কিত করে তুলেছেন বাফুফের গত কমিটিতে ঢুকে। ওই কমিটির সদস্য হওয়ার পর কানন জাতীয় ক্রীড়া পরিষদে ৪ কোটি ৫৭ লাখ টাকার ঠিকাদারি করেছেন। ক্রীড়া সংগঠকরা মনে করেন, তিনি ফেডারেশনে ঢুকেছিলেন ফুটবলকে ভাঙ্গিয়ে নিজের ব্যবসা করার জন্য।
তত্ত্বাবধায়ক সরকারের শুরুর দিকে তার এই কীর্তির খবর পত্র-পত্রিকায় প্রকাশিত হলে আত্মগোপন করেছিলেন কানন। এবার তিনি বাফুফের কাউন্সিলর হতে না পারলেও তাকে জাতীয় দল ব্যবস্থাপনা কমিটিতে ফিরিয়ে আনা হয়েছে। কেন তাকে ফিরিয়ে আনা এই প্রশ্নের কোনো উত্তর দিতে রাজি হননি জাতীয় দল ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান বাদল রায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/এমএম/২১০৫ঘ.
bdnews24