লন্ডন, ১৯ জুলাই (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রোনালদিনহো যোগ দেয়ায় তিন ব্রাজিলিয়ানকে দিয়ে দুর্দান্ত আক্রমণভাগ গড়ার স্বপ্ন দেখতে, দেখতেই একটা আশঙ্কাজনক খবর থমকে দিল এসি মিলানকে। গত বারের ফিফা বর্ষসেরা ফুটবলার কাকা চেলসিতে যোগ দিলে মিলানের জন্য সেটা দুঃসংবাদ ছাড়া তো আর কিছুই নয়!
রোনালদিনহো চুক্তিতে সই করার আগেই একটা শর্ত দিয়েছিলেন মিলানকে। আগামী মাসে বেইজিং অলিম্পিকে ব্রাজিলের হয়ে তাকে খেলতে দেয়ার শর্ত মেনে নেয়ার পরই মিলানে যোগ দিতে রাজি হন ২০০৪ ও '০৫এর ফিফা বর্ষসেরা ফুটবলার। কিন্তু কাকাকে অলিম্পিকে জন্য কিছুতেই ছেড়ে দিতে রাজি নয় মিলান। অথচ ব্রাজিলের তারকা প্লেমেকার বেইজিংয়ে যেতে দৃঢ় প্রতিজ্ঞ। সব কিছু মিলিয়ে মিলানে কাকার দিনকাল ইদানিং ভালো যাচ্ছে না।
ঠিক এমন সময় চেলসির প্রস্তাবটা 'চাঁদ হাতে পাওয়া'র মতোই মনে হয়েছে কাকার কাছে। ১০ কোটি ইউরোর (৮ কোটি পাউন্ড, ১৬ কোটি ডলার) প্রস্তাব পেয়ে লন্ডনের 'জায়ান্ট' ক্লাবটিতে যেতে তিনি ভীষণই উৎসাহী। কাকার ব্যক্তিগত সহকারী ডিয়োগো কটস্কো বৃটিশ পত্রিকা 'দ্য গার্ডিয়ান'কে জানিয়েছেন সে কথাই, "গত মৌসুমে রিয়াল মাদ্রিদ ৯ কোটি ইউরোর প্রস্তাব দিয়েছিল। কিন্তু মিলান তা নিয়ে বিন্দুমাত্র চিন্তা-ভাবনা করেনি। তবে এবার ব্যাপারটা ভিন্ন। এই প্রথম আমাদের মনে হচ্ছে একটা চুক্তি হতে যাচ্ছেই। কারণ মিলানে এই মুহূর্তে যা পরিস্থিতি তাতে চুক্তি হলে সব পক্ষের জন্যই তা ভালো হবে।"
কাকার চেলসিতে যাওয়ার উৎসাহের পেছনে অর্থও একটা বড় কারণ বলে জানিয়েছেন কটস্কো, "ট্রান্সফারটা হলে কাকার বেতন উল্লেখযোগ্য ভাবে বেড়ে যাবে। ট্রান্সফার ফি'র ১০ শতাংশরও বেশি সরাসরি পাবেন তিনি। সেটা প্রায় দেড় কোটি ইউরো। এই মুহূর্তে চেলসিই হচ্ছে সেই ক্লাব। তারা সব কিছু জয় করার মতোই দল গড়তে যাচ্ছে।"
২০১২ পর্যন্ত মিলানের সঙ্গে চুক্তিবদ্ধ কাকার চেলসিতে যেতে চাওয়ার অন্যতম কারণ হতে পারে লুই ফেলিপে স্কলারির অধীনে খেলার ইচ্ছা। ৬ বছর আগে স্কলারিই ব্রাজিলের পক্ষে অভিষেকের সুযোগ দিয়েছিলেন কাকাকে। পরে ২০০২ বিশ্বকাপের দলেও তাকে রেখেছিলেন স্কলারি। সেবার স্কলারির অধীনেই রেকর্ড পঞ্চম বারের মতো বিশ্বকাপের শিরোপা জিতেছিল ব্রাজিল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/১৮১০ঘ.
bdnews24