২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রথম দিনে মিলানকে সেরাটা দেয়ার প্রতিশ্র"তি রোনালদিনহোর

এখন হয়ত সেরা ফর্মে নেই, তাহলেও তো তার নাম রোনালদিনহো। কী করে ভোলা যায় তার ২০০৫-০৬ এর পারফরম্যান্সের কথা। রিয়ালের মাঠে ওদের দর্শকদের মোহিত করা সেই পারফরম্যান্স কিংবা চেলসির মাঠে পায়ের ডগা দিয়ে করা সেই অত্যাশ্চর্য গোল। মিলান সমর্থকরাও সেসব ভুলে যায়নি আর ভুলে যায়নি বলেই তারা উচ্ছ্বসিত-রোমাঞ্চিত। বুধবার দু বারের ফিফা বর্ষসেরা ফুটবলারকে তাই ট্রেনিং গ্রাউন্ডে তাই তারা স্বাগত জানিয়েছে হৃদয় উপচানো ভালোবাসা দিয়ে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jul 2008, 04:14 PM

Updated : 26 Aug 2022, 02:07 PM

মিলান, ১৬ জুলাই (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- এখন হয়ত সেরা ফর্মে নেই, তাহলেও তো তার নাম রোনালদিনহো। কী করে ভোলা যায় তার ২০০৫-০৬ এর পারফরম্যান্সের কথা। রিয়ালের মাঠে ওদের দর্শকদের মোহিত করা সেই পারফরম্যান্স কিংবা চেলসির মাঠে পায়ের ডগা দিয়ে করা সেই অত্যাশ্চর্য গোল। মিলান সমর্থকরাও সেসব ভুলে যায়নি আর ভুলে যায়নি বলেই তারা উচ্ছ্বসিত-রোমাঞ্চিত। বুধবার দু বারের ফিফা বর্ষসেরা ফুটবলারকে তাই ট্রেনিং গ্রাউন্ডে তাই তারা স্বাগত জানিয়েছে হৃদয় উপচানো ভালোবাসা দিয়ে। মিলানে পৌঁছেই আর দেরি করেননি রোনালদিনহো। এসি মিলানের প্রধান নির্বাহী আদ্রিয়ানো গ্যালিয়ানির সঙ্গে সরাসরি চলে গেছেন ক্লাবের ট্রেনিং গ্রাউন্ড মিলানেল্লোতে। সেখানে মিলানের প্রায় হাজার চারেক সমর্থক সাদরে বরণ করে নিয়েছেন ২৮ বছর বয়সী প্লেমেকারকে। মৌসুম শুরু হওয়ার আগে প্রথম দিনের প্র্যাকটিসের জন্য সেখানে জড়ো হয়েছিলেন মিলানের খেলোয়াড়রা। তারাও হাসিমুখে অভ্যর্থনা জানিয়েছেন ক্লাবের নতুন অতিথিকে। সেখানেই তিন বছরের চুক্তিতে সই করেছেন রোনালদিনহো, দিয়েছেন মেডিক্যাল পরীক্ষাও। তবে সব আনুষ্ঠানিকতা শেষ হতে আরো দুই দিন লাগবে। তারপরই মিডিয়ার সামনে হাজির করা হবে ব্রাজিলের ২০০২ বিশ্বকাপ জয়ের অন্যতম নায়ককে। গত মৌসুমটা একদমই ভালো কাটেনি মিলানের। আগের মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জয়ীরা আর্সেনালের কাছে হেরে বিদায় নিয়েছিল দ্বিতীয় রাউন্ড থেকেই। ইতালিয়ান সিরি 'এ'তেও সুবিধা করতে পারেনি তারা। পঞ্চম হওয়ায় এবার তাদের খেলতে হবে উয়েফা কাপে। গতবারের ব্যর্থতাকে পেছনে ফেলার আশায় রোনালদিনহো ছাড়াও বার্সেলোনা থেকে ইতালিয়ান ডিফেন্ডার জিয়ানলুকা জামব্রোত্তা ও আর্সেনাল থেকে ফরাসী মিডফিল্ডার ম্যাথিউ ফ্লামিনিকে দলে ভিড়িয়েছে মিলান। এই খেলোয়াড়দের দলে পেয়ে মিলান-ভক্তদের মতো কার্লো অ্যানচেলত্তিও দারুণ খুশি। এবং মিলানের কোচের দৃঢ় বিশ্বাস রোনালদিনহো আবার পুরনো ফর্মে ফিরে সাফল্য এনে দিতে পারবেন তার নতুন দলকে, "ক্লাব অনেক ত্যাগ স্বীকার করে কয়েকজন দুর্দান্ত খেলোয়াড়কে কিনেছে। রোনালদিনহো আমাদের মধ্যে দারুণ উদ্দীপনা নিয়ে এসেছে। আর মৌসুমের শুরুটা ভালো করার জন্য উদ্দীপনা একটা মৌলিক অনুষঙ্গ। কয়েক বছর আগেও তাকে (রোনালদিনহোকে) বিশ্বের সেরা খেলোয়াড় হিসাবে বিবেচনা করা হতো। মিলানে নিজেকে পুনরুজ্জীবিত করার সঠিক পরিবেশও সে খুঁজে পাবে।" রোনালদিনহো নিজেও নতুন ঠিকানায় এসে দারুণ উচ্ছ্বসিত। তবে মিলানে যোগ দেয়ার পর সবার আগে স্বস্তিই ধরা পড়েছে তার কণ্ঠে, "অবশেষে আমি মিলানের সঙ্গে চুক্তিবদ্ধ হলাম। এর জন্য দীর্ঘ সময় লাগলো। তবে শেষ পর্যন্ত চুক্তিটা সম্পন্ন হলো। পরিস্থিতিই বলে দিচ্ছি আমি সব সময়ই মিলানে আসতে চেয়েছি।" পাঁচ বছরের পুরনো ক্লাব সম্পর্কে অবশ্য কিছু বলতে রাজি হননি রোনালিদিনহো, "বার্সেলোনা সম্পর্কে কিছু বলার সময় এটা নয়। আমি শুধু আমার জীবনের নতুন অধ্যায়টা উপভোগ করতে চাই। যেখানে কঠোর পরিশ্রম করে মিলানকে নিজের সেরাটা দিতে আমি প্রতিজ্ঞাবদ্ধ।" গোল ডটকম-এর সহায়তায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/এমএম/২১৫৫ঘ.