২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

একটেল নয়, বাংলাদেশ ফুটবল উন্নয়নের সঙ্গী হচ্ছে সিটিসেল

হঠাৎ করে একটেলকে হটিয়ে ফুটবলের স্পন্সর-বিষয়ক আলোচনায় চলে এসেছে সিটিসেল। এবং বাফুফে চূড়ান্ত সিদ্ধান্তও নিয়ে ফেলেছে, তারা দেশের ফুটবল উন্নয়নের সঙ্গী করবে সিটিসেলকেই। এজন্য তিন বছরে ১৬ কোটি ৫০ লাখ টাকা দেবে এই মোবাইল কোম্পানি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jul 2008, 01:24 PM

Updated : 26 Aug 2022, 02:06 PM

ঢাকা, জুলাই ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)---- হঠাৎ করে একটেলকে হটিয়ে ফুটবলের স্পন্সর-বিষয়ক আলোচনায় চলে এসেছে সিটিসেল। এবং বাফুফে চূড়ান্ত সিদ্ধান্তও নিয়ে ফেলেছে, তারা দেশের ফুটবল উন্নয়নের সঙ্গী করবে সিটিসেলকেই। এজন্য তিন বছরে ১৬ কোটি ৫০ লাখ টাকা দেবে এই মোবাইল কোম্পানি। বাফুফের নতুন কমিটি দায়িত্ব নেওয়ার পর থেকেই ফুটবলের অংশীদার করার জন্য বড় একটি বাণিজ্যিক প্রতিষ্ঠানকে খুঁজছিল। তাতে আলোচনায় এগিয়ে থাকা নামটি ছিল মোবাইল কোম্পানি একটেলের। বাফুফে কর্তারাই বিভিন্ন সময়ে তাদের সম্ভাবনার কথা প্রকাশ করেছিল আকারে-ইঙ্গিতে। এমনকি বাফুফে ভবনে একটেলের সঙ্গে স্পন্সর বিষয়ক আলাপচারিতাকে প্রচারে আনার জন্যও তড়িঘড়ি করে ডাকা হয়েছিল সংবাদ মাধ্যমকে। কিন্তু সেই একটেলকে বাদ দিয়ে সিটিসেলে বাফুফের স্পন্সরের তরী ভেড়ানোটা বিস্ময়কর বৈকি ! বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন অবশ্য যুক্তি দিচ্ছেন, "সিটিসেল ও একটেল দুটো কোম্পানির সঙ্গেই আমরা আলোচনা করছিলাম। শেষপর্যন্ত সিটিসেলকেই বেছে নিয়েছি।" অবশ্য সিটিসেলকে বেছে কারণ তিনি স্পষ্ট করে বলছেন না। তবে একটি সূত্রে জানা গেছে, একটেল সিদ্ধান্ত নিতে আরো কয়েকদিন সময় চাইছে বলে বাফুফে সিটিসেলের দিকে ঝুঁকেছে। আগামী সোমবার তাদের সঙ্গে সমঝোতা চুক্তি স্বাক্ষরের আনুষ্ঠানিকতা সারবে বাফুফে। তিন বছরের চুক্তি হলেও বাফুফে সভাপতি টাকার অংকটা আনুষ্ঠানিক ঘোষণার জন্য গোপন রেখেছেন। তবে বিশ্বস্ত সূত্রে জানা গেছে, তিন বছরের জন্য সিটিসেল ১৬ কোটি ৫০ লাখ টাকা দেবে বাফুফেকে। মানে বছরে ৫ কোটি টাকার কিছু বেশি। তার বিনিময়ে এই মোবাইল কোম্পানিকে ক'টি টুর্নামেন্ট ও লিগ স্পন্সর করার সুযোগ দেওয়া হবে তা-ও বলতে নারাজ বাফুফে সভাপতি। তবে সূত্রের খবর অনুযায়ী বি. লিগ, ফেডারেশন কাপ ও দেশব্যাপী স্কুল ফুটবল টুর্নামেন্টের টাইটেল স্পন্সরের স্বত্ব দেওয়া হয়েছে সিটিসেলকে। তার সঙ্গে অবশ্য কো-স্পন্সর হিসেবে থাকতে পারবে অন্যান্য কোম্পানি। বিডিনিউজ টোয়েন্টিফের ডটকম/এসবি/এমএম/১৯২০ঘ.