২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৫ কোটি টাকা দিয়ে বাফুফের অফিসিয়াল পার্টনার হচ্ছে একটেল

একটেলের সঙ্গে চুক্তির একেবারে দ্বারপ্রান্তে পৌঁছে গেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। চুক্তিতে টাকার অংক নিয়ে অনেক গুঞ্জন শোনা গেলেও শেষ পর্যন্ত ৫ কোটি টাকায় তা চূড়ান্ত হচ্ছে বলে বিশ্বস্তসূত্রের খবর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jul 2008, 04:29 PM

Updated : 26 Aug 2022, 02:06 PM

ঢাকা, জুলাই ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)---- একটেলের সঙ্গে চুক্তির একেবারে দ্বারপ্রান্তে পৌঁছে গেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। চুক্তিতে টাকার অংক নিয়ে অনেক গুঞ্জন শোনা গেলেও শেষ পর্যন্ত ৫ কোটি টাকায় তা চূড়ান্ত হচ্ছে বলে বিশ্বস্তসূত্রের খবর। একটেলের সঙ্গে এই চুক্তি নিয়ে আলোচনা করতে শনিবার সভায় বসে বাফুফে। তাতে একটেলের সঙ্গে প্রাক-চুক্তি কার্যক্রমের অগ্রগতি সম্পর্কে সদস্যদের জানান বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন। চুক্তির ব্যাপারে সভাপতিকে আনুষ্ঠানিক দায়িত্ব দেওয়ার জন্যই এ সভার আয়োজন করা হয়। সভা শেষে বাফুফে সহ-সভাপতি সালাম মুর্শেদী জানিয়েছেন, " সভায় একটেলের সঙ্গে চুক্তির ব্যাপারে বাফুফের পক্ষ থেকে যাবতীয় আলাপ-আলোচনা এবং কার্যক্রম এগিয়ে নেওয়ার জন্য সভাপতিকে দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।" চুক্তির ব্যাপারে এ পর্যন্ত একটেলের সঙ্গে যত আলাপ হয়েছে তা বাফুফে সভাপতিই করেছেন। মাঝপথে হঠাৎ এই দায়িত্ব অর্পনের আনুষ্ঠানিকতার কারণ এক বাফুফে সদস্যের সভাপতিকে দেওয়া বিতর্কিত একটি চিঠি। ফজলুর রহমান বাবুলের ওই চিঠির মূল সুরই ছিল, কার্যনির্বাহী কমিটিকে গুরুত্ব না দিয়ে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। এখন সেই কমিটিই সভাপতির হাতে চুক্তি প্রক্রিয়া সম্পাদনের দায়িত্ব তুলে দিলো। শনিবার একটেলের সঙ্গে চুক্তির ব্যাপারে বাফুফে সভাপতি জানান, "আমরা চুক্তির খুব কাছাকাছি পৌঁছে গেছি। আশা করছি আগামী বৃহস্পতিবারের মধ্যে চূড়ান্ত হয়ে যাবে সবকিছু।" এর চেয়ে বেশি কিছু তিনি বলতে না চাইলেও সালাম মুর্শেদী চুক্তির অংক সম্পর্কে ধারণা দিয়েছেন, "আমারা বাফুফের একটা পার্টনার খুঁজছি। আমাদের চাহিদা ৫ কোটি টাকা।" তবে নির্ভরযোগ্য একটি সূত্র জানিয়েছে, বাফুফের চাহিদা ৫ কোটির অনেক বেশি এবং সেই অনুযায়ীই একটেলকে প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু দেশের ফুটবলের বর্তমান অবস্থা ও প্রাসঙ্গিক নানা বিষয় বিবেচনা করে একটেল এক বছরের জন্য ৫ কোটি টাকার প্রস্তাব করেছে বাফুফেকে। সূত্র জানিয়েছে, দ্বিপাক্ষিক আলাপ-আলোচনার পর বাফুফে এই অংকে সম্মতিও দিয়েছে। তার মানে, ৫ কোটি টাকার বিনিময়ে একটেল বাফুফের অফিসিয়াল পার্টনার হয়ে বি. লিগ ও অন্যান্য টুর্নামেন্টের টাইটেল স্পন্সরের ভূমিকায় থাকবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/এসি/২০২৪ ঘ.