রোম, ১২ জুলাই (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রেকর্ড ভাঙ্গা-গড়া এক সময় যার অভ্যাসে পরিণত হয়েছিল সেই ইয়েলেনা ইসিনবায়েভা রেকর্ড গড়তে ভুলেই গিয়েছিলেন যেন। প্রায় তিন বছর পর অবশেষে বিশ্ব রেকর্ডের মধুর স্বাদ পেলেন তিনি। শুক্রবার রাতে রোমের গোল্ডেন লিগ মিটে পোলভল্টে নিজেরই গড়া রেকর্ডকে উন্নত করেছেন ইসিনবায়েভা, পেরিয়েছেন ৫.০৩ মিটার। ২০০৫ সালে ফিনল্যান্ডের রাজধানী হেলসিংকিতে অনুষ্ঠিত বিশ্ব চ্যাম্পিয়নশিপে ৫.০১ মিটারের আগের রেকর্ডটা গড়েছিলেন 'মেয়েদের সের্গেই বুবকা'। সব মিলিয়ে এটা ইসিনবায়েভার ২২তম বিশ্ব রেকর্ড।
এ সপ্তাহেই যুক্তরাষ্ট্রের অলিম্পিক ট্রায়ালে ৪.৯২ মিটার পেরিয়ে নতুন মার্কিন রেকর্ড গড়েছেন জেন স্টাকজিনস্কি। তার পর থেকেই কেউ কেউ বলা শুরু করেছিলেন ইসিনবায়েভার দিন ফুরিয়ে এসেছে! তাদের অবশ্য দোষও দেয়া যায় না। অনেক দিন ধরেই শারীরিক ও মনস্তাত্ত্বিক সমস্যায় আক্রান্ত ছিলেন ইসিনবায়েভা। তিন বছর নতুন কোনো গড়তে ব্যর্থ হওয়ার সেটাও একটা কারণ। শুক্রবার তাই ঐ সব সমালোচকদের জবাব দেয়ার প্রতিজ্ঞা নিয়েই নেমেছিলেন ইসিনবায়েভা। সেই লক্ষ্য পূরণ হওয়ায় স্বাভাবিকভাবেই তিনি দারুণ আনন্দিত, "প্রত্যেকেই বলছিল, 'ওহ্, ইসিনবায়েভা শেষ, আমরা এক জন নতুন তারকা পেয়ে গেছি। তাই আজ (শুক্রবার) আমি ভীষণ ক্ষুব্ধ ছিলাম।"
গত কয়েক মৌসুম ধরে ৫.০২ মিটার পেরোনোর চেষ্টা করে বার বার ব্যর্থ হওয়ায় নতুন কোচ ভিতালি পেত্রভের সঙ্গে আলোচনা করে লক্ষ্যমাত্রাটা বাড়িয়ে ৫.০৩ করার সিদ্ধান্ত নিয়েছিলেন। সেই সিদ্ধান্তে সাফল্যের দেখা পাওয়ায় ইসিনবায়েভা দারুণ রোমাঞ্চিতও, "ভিতালি বললো আমাদের কিছু একটা পরিবর্তন করতে হবে। আমি কিন্তু বিশ্ব রেকর্ডের জন্য প্রস্তুত ছিলাম। আজ আমার লক্ষ্য ছিল বিশ্ব রেকর্ডটা ভাঙ্গা। রোমের সুযোগ-সুবিধা দুর্দান্ত। এখানকার মানুষও অসাধারণ। তাদের জন্যই আমি কিছু একটা করতে চেয়েছি।" অতীতের দুঃসময়কে পেছনে ফেলার প্রতিজ্ঞাও উচ্চারিত হয়েছে তার কণ্ঠে, "আমি এখন অনেক বেশি শক্তিশালী। আগের চেয়ে অনেক জোরে দৌড়াচ্ছি আর লাফাচ্ছিও অনেক উঁচুতে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো আমার মন। আমি এখন সুখী, অনেক শান্ত। আমি আরো লাফানোর জন্য উন্মুখ। সমস্যায় থাকার সময়টায় পোলভল্ট আমার মনের আড়ালেই চলে গিয়েছিল যেন।"
সেই সমস্যা আর নেই বলেই ৮ আগস্ট থেকে শুরু হতে যাওয়া বেইজিং অলিম্পিকে আরেকটি রেকর্ড গড়ার প্রত্যয় ঘোষণা করলেন বর্তমান অলিম্পিক ও বিশ্ব চ্যাম্পিয়ন, "এটা তো মাত্র শুরু হলো। সামনেই অলিম্পিক গেমস। আরো রেকর্ড আমার হাতে ধরা দেবেই।"
ইসিনবায়েভার জন্য সাফল্যময় এক দিনে আসাফা পাওয়েলকে গ্রাস করেছে হতাশা। কুঁচকিতে টান পড়ায় ১০০ মিটারের চূড়ান্ত লড়াই থেকে সরে দাঁড়াতে হয়েছে তাকে। পাওয়েলের এজেন্ট পল ডয়েল অবশ্য জানিয়েছেন চোটটা তেমন গুরুতর কিছু নয় এবং সোমবারই অনুশীলনে ফিরতে পারবেন ১০০ মিটার
bdnews24