২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আগা খান ফুটবল টুর্নামেন্ট এবার হচ্ছেই

আগা খান গোল্ডকাপ টুর্নামেন্ট নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তবে আলোচনার গতিপ্রকৃতি দেখে বাফুফে নিশ্চিত হয়ে গেছে বন্ধ হয়ে থাকা এই ফুটবল টুর্নামেন্ট অচিরেই চালু হচ্ছে। প্রিন্স করিম আগা খানের পরিবার এবং বাংলাদেশে তার অনুসারীদের আন্তরিকতা দেখে বাফুফে-কর্তারা নিশ্চিত যে টুর্নামেন্ট হচ্ছেই।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jul 2008, 05:42 PM

Updated : 26 Aug 2022, 02:06 PM

ঢাকা, জুলাই ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)---- আগা খান গোল্ডকাপ টুর্নামেন্ট নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তবে আলোচনার গতিপ্রকৃতি দেখে বাফুফে নিশ্চিত হয়ে গেছে বন্ধ হয়ে থাকা এই ফুটবল টুর্নামেন্ট অচিরেই চালু হচ্ছে। প্রিন্স করিম আগা খানের পরিবার এবং বাংলাদেশে তার অনুসারীদের আন্তরিকতা দেখে বাফুফে-কর্তারা নিশ্চিত যে টুর্নামেন্ট হচ্ছেই। আপাতভাবে এই টুর্নামেন্টের ভাগ্য নির্ভর করছে শিয়া ইমামী ইসলামিক কাউন্সিলের ওপর। বাংলাদেশে প্রিন্স আগা খানের অনুসারীদের এই সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে বৃহস্পতিবার বাফুফে কর্তারা সভা করেছেন। সভা শেষে বাফুফে সহ সভাপতি কাজী নাবিল আহমেদ জানিয়েছেন, "তাদের সঙ্গে আলোচনা করে বুঝলাম, এই টুর্নামেন্ট নিয়ে তারা খুব ইতিবাচক। এই আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট হবেই। আরো চার-পাঁচটা সভার পর তা চূড়ান্ত হয়ে যাবে আশাকরি।" বাফুফের পক্ষ থেকে নাবিল ছাড়াও অন্য দুই সহ সভাপতি বাদল রায় ও শওকত আলী খান জাহাঙ্গীর উপস্থিত ছিলেন সভায়। তারা আলোচনা করেছেন হোসাইন হায়দার আলীর নেতৃত্বে আসা শিয়া ইমামী ইসলামিক কাউন্সিলের প্রতিনিধি দলের সঙ্গে। ফ্রান্স থেকে প্রিন্স করিম আগা খানের পরিবার স্থানীয়ভাবে তাদেরই দায়িত্ব দিয়েছে আলাপ-আলোচনা করার জন্য। এই সভায় তারা আগামী পাচঁ বছরে টুর্নামেন্টটি কোথায় পৌঁছাতে পারে তা জানতে চেয়েছে। কাজী নাবিল আহমেদ যেভাবে বলেছেন, "তারা (শিয়া ইমামী ইসলামিক কাউন্সিল) টুর্নামেন্টের ব্যাপারে আগামী ৫ বছরের ফোরকাস্ট রিপোর্ট চেয়েছে। মানে টুর্নামেন্টের মান ও জৌলুস কোন পর্যায়ে যাবে তা জানতে চেয়েছে। আমরা বলেছি, আগামীতে দেশের ফুটবলের উন্নতি হলে এই আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টের আকর্ষণ অনেক বেড়ে যাবে।" বাফুফেও চাইছে নিয়মিত আগা খান গোল্ডকাপ আয়োজনের মাধ্যমে এটিকে দুর্দান্ত একটি আন্তর্জাতিক টুর্নামেন্টে রূপ দিতে। "এটার আকর্ষণ বাড়লে আমাদেরই লাভ। ভবিষ্যতে এই টুর্নামেন্টের লাভের টাকা দিয়ে আগা খানের নামে একটা ট্রেনিং প্রোগ্রাম করারও চিন্তাভাবনা আছে আমাদের"-- বলেছেন বাফুফে সহ-সভাপতি। গত মাসে বাফুফের পক্ষ থেকে আগা খান গোল্ডকাপের জন্য চার কোটি টাকার একটি বাজেট দেওয়া হয়েছিল। এই বাজেটে কিছু পরিবর্তন ও পরিবর্ধন আনার পরামর্শ দিয়েছে শিয়া ইমামী ইসলামিক কাউন্সিল। এটা বাজেট কমাতে বা বাড়ানোর বিষয় নয়। নাবিল বলেছেন, "বাজেট নিয়ে তাদের কোনো আপত্তি নেই। কোনো খাতে বাজেট কমিয়ে অন্য খাতে বাড়ানোর বিষয়ে বলেছে তারা। যেমন প্রচারনা খরচ, যাতায়াত খাতে বাজেট বাড়াতে বলেছে তারা। এভাবে তারা প্রস্তাবিত বাজেট ঠিক করার পরামর্শ দিয়েছে।" বাজেট নিয়ে এই পর্যায়ের আলোচনার অর্থ ১৭টি আসরের পর ১৯৮২ সালে বন্ধ হয়ে যাওয়া এই আন্তর্জাাতিক ফুটবল টুর্নামেন্ট এবার হবেই। গত মে মাসে বাংলাদেশ সফরে এসে প্রিন্স করিম আগা খান এই টুর্নামেন্ট বন্ধ হওয়ার খবর শুনে বিস্ময় প্রকাশ করেছিলেন। তারপর থেকেই শুরু হয় এই টুর্নামেন্ট চালু করার নতুন উদ্যোগ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/এমএম/২০৪৫ঘ.