লন্ডন, ৮ জুলাই (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) -- ইউরো ২০০৮ থেকে পর্তুগাল বিদায় নেয়ার পর ক্রিস্টিয়ানো রোনালদো নিজেই বলেছিলেন, " বেশ কিছুদিন ধরে গোড়ালির সমস্যাটা আমাকে ভোগাচ্ছে। অস্ত্রোপচার করানো দরাকার।" সোমবার তার বর্তমান ক্লাব, ইংলিশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন ম্যানচেস্টার ইউনাইটেড (ম্যান ইউ) রোনালদোর গোড়ালিতে সফল অস্ত্রোপচারের খবর প্রকাশ করেছে। ম্যান ইউ খবরটি প্রকাশ করেছে তাদের নিজস্ব ওয়েবসাইটে।
অস্ত্রোপচার করানো হয়েছে আমস্টারডামে। এই তথ্যটা জানালেও রোনালদো কবে মাঠে ফিরতে পারবেন এ সম্পর্কে নির্দিষ্ট করে কিছু ওয়েবসাইটের ওই খবরে বলা হয়নি। সেখানে শুধু জানানো হয়, "ক্রিস্টিয়ানো এখন ক্লাবের চিকিৎসকদের তত্ত্বাবধানে সেরে ওঠার জন্য যা যা করণীয় সেগুলো করতে শুরু করবেন। এই প্রক্রিয়া চলবে এক মাস। তারপর অবস্থা পর্যালোচনা করে বলা যাবে কবে নাগাদ উনি ফিটনেস পুরোপুরি ফিরে পাবেন, তার আগে নয়।"
গত কিছুদিন ধরে ক্রিস্টিয়ানো রোনালদোকে নিয়ে মিডিয়ায় খুব গুরুত্ব পাচ্ছে তার ক্লাব ছাড়ার খবর। শৈশব থেকেই রোনালদোর প্রিয় ক্লাব রিয়াল মাদ্রিদ। পর্তুগিজ তারকা সেখানে যাবেন এমন খবরকে উড়িয়ে দেয়ার পর থেকে ম্যান ইউ কিন্তু এ বিষয়ে একদম নীরব।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসি/১৬১৪ ঘ.
bdnews24