মাদ্রিদ, ৭ জুলাই (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- রাফায়েল নাদাল এখন বিশ্বের এক নম্বর খেলোয়াড়! অন্যরা যা-ই ভাবুক কিংবা র্যাংকিং যা-ই বলুক না কেন, স্প্যানিশ মিডিয়ার তেমনই বিশ্বাস। রোববার 'ওয়ার্ল্ড নাম্বার ওয়ান' রজার ফেদেরারকে হারিয়ে ৪২ বছর পর স্প্যানিয়ার্ডদের উইম্বলডনের শিরোপার মধুর স্বাদ উপহার দেয়ায় স্পেন জুড়ে এখন শুধুই নাদাল-বন্দনা। সেই বন্দনায় সবচেয়ে এগিয়ে বোধহয় স্প্যানিশ মিডিয়া।
স্পেনের ক্রীড়াদৈনিক 'মার্কা' কোনো রকম দ্বিধা না করেই র্যাংকিংয়ের শীর্ষাসনে বসিয়ে দিয়েছে নাদালকে, "এটিপি (পুরুষদের টেনিস র্যাংকিং) কী বলছে তা কোনো ব্যাপার নয়। রাফা, তুমিই এখন এক নম্বরে। 'পাথরের মতো কঠিন' নাদাল শতাব্দীর সেরা ম্যাচে হারিয়ে দিয়েছে ফেদেরারকে।" আরেক জনপ্রিয় ক্রীড়াদৈনিক 'এএস'ও সিংহাসনে বসিয়ে দিয়েছে উইম্বলডনের নতুন চ্যাম্পিয়নকে, "রাজা নাদাল দীর্ঘজীবি হোক!"
সোমবার অন্য দৈনিকগুলোও মেতে উঠেছে নাদালের স্তুতিতে। 'এল পেইস' যে স্তুতিতে নিয়ে এসেছে কাব্যিক বর্ণনা, "উইম্বলডনে মনোমুগ্ধকর এক ক্যারিয়ারে ফেদেরার কখনোই প্রথম দুই সেটে হারেনি। ম্যাচের শুরু থেকে কখনোই তার ওপরে কেউ আধিপত্য বিস্তার করতে পারেনি। রেশমের মতো স্নিগ্ধ টেনিস ও দৃঢ় ব্যক্তিত্বের সংমিশ্রণে সমৃদ্ধ এমন প্রাণবন্ত খেলোয়াড়ের সামনেও তাকে পড়তে হয়নি। তার নাম রাফা নাদাল। গতকাল উইম্বলডনে চ্যাম্পিয়ন হয়েছে সে। আর আগামীকাল নীতিগতভাবে সে-ই হবে বিশ্বের এক নম্বর।" দৈনিক 'স্পোর্ট' তো নাদাল-যুগের সূচনা ঘোষণা করে দিয়েছে নির্দ্বিধায়, "ফেদেরার যুগের পতন হয়তো শুরু হয়ে গেল। এখন আমাদের জন্য শুরু হতে যাচ্ছে রাফা-যুগ।"
নাদালের আগে ১৯৬৬তে সর্বশেষ স্প্যানিয়ার্ড হিসাবে উইম্বলডন জয়ী মানালো সান্তানাও আবেগ চেপে রাখতে পারেননি। নাদালের জয়টাকে তিনি তুলনা করেছেন ৪৪ বছর পর ইউরো জয়ের সঙ্গে। 'এএস' পত্রিকায় তিনি লিখেছেন, "অবশেষে আমরা জিতলাম! ফুটবল ৪৪ বছরের অভিশাপ দূর করেছে। ৪২ বছর পর আমি উইম্বলডনে একজন সফল উত্তরসূরী পেলাম। তার (নাদালের) জন্য এটা বিশেষ একটা দিন। তবে আমার জন্যও দিনটার বিশেষত্ব কম নয়। কারণ বিশ্বের সেরা টেনিস টুর্নামেন্টে একজন স্প্যানিয়ার্ডকে ট্রফি উঁিচয়ে দেখার আশাই আমি করিনি।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/এমএম/২০৩৫ঘ.
bdnews24