২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সান্টুকে দিয়ে যুব ফুটবলের ট্রেনিং করানোর পরিকল্পনা বাফুফে সভাপতির

শহীদুর রহমান সান্টুকে নিয়ে আবার নতুন পরিকল্পনা করছেন বাফুফে সভাপতি। আমেরিকা প্রবাসী এই কোচকে দিয়ে তিনি যুব ফুটবলের ট্রেনিং করানোর কথা ভাবছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jul 2008, 03:28 PM

Updated : 26 Aug 2022, 02:04 PM

ঢাকা, জুলাই ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)---- শহীদুর রহমান সান্টুকে নিয়ে আবার নতুন পরিকল্পনা করছেন বাফুফে সভাপতি। আমেরিকা প্রবাসী এই কোচকে দিয়ে তিনি যুব ফুটবলের ট্রেনিং করানোর কথা ভাবছেন। সান্টুর মূল খ্যাতি বাংলাদেশের ফুটবলের সাবেক তারকা গোলরক্ষক হিসেবে। ক্যারিয়ার শেষে তিনি আমেরিকায় গিয়ে ফুটবল কোচিংয়ের পেশা বেছে নেন। বাফুফের গত কমিটির শুরুর দিকে ২০০২ সালে তিনি প্রথমবারের মতো কোচ হয়ে বাংলাদেশে আসেন। বাফুফের বয়সভিত্তিক দলকে প্রশিক্ষণ দেন। জাতীয় দলের কোচ হিসেবে কাজ করেন কিছুদিন। আমেরিকা প্রবাসী এই বাঙালী ফুটবল কোচকে আবার দেশে ডেকে এনেছেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন। শুক্রবার দেশে ফিরেছেন সান্টু। শনিবার দুপুরে তার সঙ্গে আলোচনা সেরে বাফুফে সভাপতি বলেছেন, "সান্টু এবার দেশে বেড়াতে আসেনি। তাকে দিয়ে আমি ইয়ুথ ফুটবলের ট্রেনিং প্রোগ্রাম চালাতে চাই। ট্রায়ালের মাধ্যমে চারটি বিভাগ থেকে ফুটবলার বাছাই করে তাদের দুই বছরব্যাপী ট্রেনিং করানোর ইচ্ছা আছে। এই দায়িত্বটা আমি সান্টুকে দিতে চাই। এটা অবশ্য একেবারে প্রাথমিক স্তরের পরিকল্পনা। ফুটবল ডেভেলপমেন্ট কমিটি গঠনের পরই তা চূড়ান্ত করা হবে।" বিষয়টা ডেভেলপমেন্ট কমিটির আওতায় পড়ে। দু-একদিনের মধ্যে এই কমিটি গঠন হয়ে যাবে বলেছেন সভাপতি। কমিটি পূর্ণাঙ্গ হলে দেশব্যাপী কিশোর ফুটবলারদের ট্রেনিংয়ের ব্যবস্থা করা হবে। তার আওতায় সান্টুকে কোচ হিসেবে কাজ লাগানোর পরিকল্পনা করছেন কাজী সালাউদ্দিন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/২১১৪ঘ.