ওমাহা, নেব্রাস্কা, যুক্তরাষ্ট্র, ৫ জুলাই (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- অলিম্পিক এগিয়ে আসছে আর তাই যেন মার্ক স্পিৎজকে ছাড়িয়ে যাওয়ার প্রস্তুতি যে সেরে রেখেছেন সেটা জোরে-শোরে জানিয়ে চলেছেন মাইকেল ফেলপস। শুক্রবার ২০০ মিটার ব্যাক্তিগত মিডলেতে নিজের গড়া বিশ্বরেকর্ডকেই নতুন করে লিখিয়েছেন ফেলপস। তার আগের রেকর্ডটি ছিল ১ মিনিট ৫৪.৯৮ সেকেন্ডের। শুক্রবার যুক্তরাষ্ট্রের অলিম্পিক ট্রায়ালে ১ মিনিট ৫৪.৮০ সেকেন্ডে ২০০ মিটার পেরিয়ে সেই রেকর্ড ভেঙ্গে দিয়েছেন 'বাল্টিমোর বুলেট'।
সাঁতারে হালের সবচেয়ে বড় তারকা ফেলপস অনেকের মতে সর্বকালের সেরা সাঁতারু মার্ক স্পিৎজের এক অলিম্পিকে ৭টি সোনা জেতার রেকর্ড ম্লান করার চ্যালেঞ্জ নিয়ে নামবেন আসন্ন বেইজিং অলিম্পিকে। ১৯৭২-এর মিউনিখ অলিম্পিকে ৭টি সোনা জিতেছিলেন স্পিৎজ। চার বছর আগে, অর্থাৎ ২০০৪-এর এথেন্স অলিম্পিকে স্পিৎজকে ম্লান করার পথে অনেক দূর এগিয়েছিলেন ফেলপস। দুর্ভাগ্য, দুটো ব্রোঞ্জ পাওয়ায় ৬টি সোনা জয়ের সান্ত্বণা নিয়েই ফিরে আসতে হয় তাকে। ইতিহাসে সবার ওপরে জায়গা করে নেয়ার লড়াইয়ে নামতে ফেলপস আবার প্রস্তুত। যুক্তরাষ্ট্রের অলিম্পিক ট্রায়ালে শুক্রবারের বিশ্ব রেকর্ডটি গত এক সপ্তাহে তার দ্বিতীয় বিশ্বরেকর্ড। এর আগে রোববার ৪০০ মিটার মিডলেতে নিজের পুরোনো রেকর্ডটিও ভাঙ্গেন ফেলপস। অবশ্য দু'একটা রেকর্ড গড়লেই হবে না, অলিম্পিকে আটটি ইভেন্টে অংশ নেয়ার যোগ্যতা এই ট্রায়ালেই প্রমাণ করতে হবে তাকে। সে পথেও ভালোই এগোচ্ছেন। এ পর্যন্ত চারটি ব্যক্তিগত ইভেন্টে কোয়ালিফাই করেছেন মাইকেল ফেলপস।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসি/১৬৪৯ ঘ.
bdnews24