লন্ডন, ৪ জুলাই (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আর মাত্র একটি জয় দরকার তার। তাহলেই 'গ্রেট' বিওর্ন বোর্গকে পেছনে ফেলে দেবেন রজার ফেদেরার, 'ওপেন' যুগে প্রথম খেলোয়াড় হিসাবে উইম্বলডনে টানা ৬ বার শিরোপা জয়ের অনন্য কৃতিত্ব অর্জন করবেন তিনি। সেজন্য তাকে শুধু হারাতে হবে তার সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী রাফায়েল নাদালকে।
টেনিস-ভক্তদের প্রত্যাশা মিটিয়েই এবারের উইম্বলডনের ফাইনালে উঠেছেন ফেদেরার ও নাদাল। শুক্রবার সেমিফাইনালে শীর্ষ বাছাই ও গত ৫ বারের চ্যাম্পিয়ন ফেদেরার সহজেই ৬-৩, ৭-৬, ৬-৪ গেমে হারিয়েছেন সাবেক 'ওয়ার্ল্ড নাম্বার ওয়ান' মারাত সাফিনকে। অন্য সেমিফাইনালে রাইনাল শুয়েটলারের বিপক্ষেও সরাসরি সেটে (৬-১, ৭-৬, ৬-৪) জিতেছেন নাদাল।
আর তাই রোববার আরেকটি ফেদেরার-নাদাল লড়াইয়ের মঞ্চ প্রস্তুত। গত দু বার নাদালকেই ফাইনালে হারিয়েছিলেন ফেদেরার। গত মাসে ফ্রেঞ্চ ওপেনের ফাইনালে অবশ্য ক্লে কোর্টে ব্যর্থতার আরেকটি নিদর্শন রেখে নাদালের হাতে পরাস্ত হয়েছেন তিনি। রোববার সেই পরাজয়ের প্রতিশোধ নেয়ার পাশাপাশি ডাবল হ্যাটট্রিক করারও হাতছানি ফেদেরারের সামনে। ১৯৭৬ থেকে '৮০ পর্যন্ত উইম্বলডনে টানা ৫ বার চ্যাম্পিয়ন হওয়া বোর্গকে '৮১তে যে কীর্তিটা গড়তে দেননি জন ম্যাকেনরো। কাকতালীয়ভাবে ম্যাকেনরোর মতো নাদালও বাঁহাতি! ফেদেরারের সামনে ২৭ বছর আগের 'ম্যাকেনরো' কি হয়ে উঠতে পারবেন এই স্প্যানিয়ার্ড?
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/এমএম/২২৩০ঘ.
bdnews24