২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তদন্ত কমিটির সামনে সাফ ফুটবলে ব্যর্থতার তিন কারণ

খেলোয়াড়দের আন্তরিকতার অভাব, দলীয় কোন্দল এবং কোচের অদক্ষতাই সাফ ফুটবলে বাংলাদেশের ব্যর্থতার জন্য দায়ী। বাংলাদেশ দলের ম্যানেজার, অধিনায়ক, সহ-অধিনায়ক ও ডাক্তারের মুখোমুখি হয়ে তদন্ত কমিটি এরকম জবাব পেয়েছে !

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jul 2008, 04:39 PM

Updated : 26 Aug 2022, 02:04 PM

ঢাকা, জুলাই ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)---- খেলোয়াড়দের আন্তরিকতার অভাব, দলীয় কোন্দল এবং কোচের অদক্ষতাই সাফ ফুটবলে বাংলাদেশের ব্যর্থতার জন্য দায়ী। বাংলাদেশ দলের ম্যানেজার, অধিনায়ক, সহ-অধিনায়ক ও ডাক্তারের মুখোমুখি হয়ে তদন্ত কমিটি এরকম জবাব পেয়েছে ! গত ১৮ জুন তদন্ত কমিটি গঠনের পর সদস্য সচিব হারুনুর রশীদ এবং জাতীয় দলে খেলা আবাহনীর নয় খেলোয়াড় দেশের বাইরে থাকায় তদন্ত কাজ এগোতে পারেনি। তারা ফিরে এলে বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে কার্যক্রম। সেদিন কমিটি দলের ম্যানেজার শেখ মোহাম্মদ আসলাম, অধিনায়ক আমিনুল হক, সহ-অধিনায়ক বিপ্লব ভট্টাচার্য এবং দলের ডাক্তার চিশতীর সাক্ষ্য গ্রহণ করেছে। নাম প্রকাশে অনিচ্ছুক তাদেরই একজন জানিয়েছেন, "এই ব্যর্থতার পেছনে খেলোয়াড়দের কমিটমেন্টের অভাব একটা বড় কারণ। ব্যাংককে ভাল একটা প্র্যাকটিস ম্যাচ খেলার পর কলম্বোতে গিয়ে আমরা তার ছিটেফোঁটাও খেলতে পারিনি। তাই দলের প্রতি খেলোয়াড়দের আন্তরিকতার অভাবের কথাটা বলেছি তদন্ত কমিটিকে।" দলীয় কোন্দলের প্রশ্নে তিনি বলেছেন, "এটা আমি শুনেছি, তবে এর সঙ্গে আমি জড়িত নই। এরকম কিছু পাওয়া গেলে দায়ী ব্যাক্তিদের শাস্তি দেওয়া উচিত।" ব্যর্থতার জন্য কোচ আবু ইউসুফকেও আসামীর কাঠগড়ায় তোলা হয়েছে। সাক্ষ্য দিতে গিয়ে একজন তদন্ত কমিটিকে জানিয়েছেন, "দলের খেলোয়াড়দের নিয়ন্ত্রণ করার ক্ষমতা নেই এই কোচের। দীর্ঘদিন ট্রেনিং করালেও খেলোয়াড়দের সঙ্গে তিনি সহজভাবে মিশতে পারেননি। সেরা খেলাটাও আদায় করতে জানেন না।" দলের ম্যানেজার শেখ মোহাম্মদ আসলামও তদন্ত কমিটির সামনে কোচের সামর্থ্য নিয়ে প্রশ্ন তুলেছেন। "তদন্ত কমিটিকে আমি স্পষ্ট করেই বলেছি দল নির্বাচনই ভুল ছিল। এই দলকে দুই মাস ধরে কোচ কী ট্রেনিং করিয়েছেন তা আমার কাছে পরিস্কার নয়"--- বলেছেন ম্যানেজার। তার বিরুদ্ধে অবশ্য কোচের কাজে হস্তক্ষেপ করার অভিযোগ তুলেছেন আবু ইউসুফ। তদন্ত কমিটির সামনে এই অভিযোগ খন্ডন করে ম্যানেজার নিজেকে নির্দোষ বলে দাবি করেছেন। এসব শোনার পরও পর্যন্ত সাফ ফুটবল-ব্যর্থতার তদন্তে কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি তদন্ত কমিটি। কমিটির সদস্য আনোয়ারুল হক হেলাল বলেছেন, "বৃহস্পতিবার আমরা দলের ম্যানেজার, অধিনায়ক, সহ অধিনায়ক ও ডাক্তারের সাক্ষ্য গ্রহণ করেছি। তারা নিজেদের অভিজ্ঞতার কথা বর্ননা করেছে। তবে এখনো সিদ্ধান্তে পৌঁছানোর মতো জায়গায় আসিনি আমরা। আগামী বুধবার কোচ, সহকারী কোচ এবং জাতীয় দল ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যানের সাক্ষ্য নেওয়া হবে, তারপর ১৫ জুলাইয়ের মধ্যে রিপোর্ট জমা দেবো।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/এমএম/২১১০ঘ.