বার্ন, ২ জুলাই (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইউরো ২০০৮ জয়ের পর স্পেন এখন পুরস্কার আর ভালবাসার বন্যায় ভাসছে স্পেন। তবে লুই আরাগোনেসের দলের জন্য সবচেয়ে বড় পুরস্কার সম্ভবত ফিফা র্যাংকিংয়ের শীর্ষস্থান দখল। ১৯৯২তে এই র্যাংকিং প্রবর্তনের পর প্রথম বারের মতো সবার ওপরে জায়গা করে নিলো স্প্যানিয়ার্ডরা।
বুধবার ঘোষিত সর্বশেষ র্যাংকিংয়ে স্পেন তিন ধাপ এগিয়ে শীর্ষে উঠে যাওয়ায় প্রথম ৫টি স্থানে অনেক পরিবর্তন এসেছে। আগের মাসে শীর্ষে থাকা আর্জেন্টিনা চলে গেছে ৬ নম্বরে। চিরপ্রতিদ্বন্দ্বীদের ঠিক পেছনে অর্থাৎ দ্বিতীয় স্থানে থাকা ব্রাজিলের অবস্থান এখন চতুর্থ। ইউরোতে রানার্স আপ হওয়ার সুবাদে দুই ধাপ এগিয়ে জার্মানি পৌঁছে গেছে তিন নম্বরে। স্পেনের কাছে টাইব্রেকারে হেরে কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিলেও এক ধাপ এগিয়ে দুই নম্বরে অবস্থান করছে বিশ্ব চ্যাম্পিয়ন ইতালি। আরেক কোয়ার্টার ফাইনালিস্ট নেদারল্যান্ডসের অবস্থান পঞ্চম।
ফিফা র্যাংকিংয়ের সেরা দশ
র্যাংকিং দল পয়েন্ট
১ স্পেন ১৫৫৭
২ ইতালি ১৪০৪
৩ জার্মানি ১৩৬৪
৪ ব্রাজিল ১৩৪৪
৫ নেদারল্যান্ডস ১২৯৯
৬ আর্জেন্টিনা ১২৯৮
৭ ক্রোয়েশিয়া ১২৮২
৮ চেক প্রজাতন্ত্র ১১৪৬
৯ পর্তুগাল ১১০৪
১০ ফ্রান্স ১০৫৩
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/এমএম/১৯২০ঘ.
bdnews24