২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উইম্বলডনের সেমিফাইনালে ভেনাস ও সেরেনা

এবারের উইম্বলডনে মেয়েদের এককে ফাইনাল কি দুই বোনের লড়াই হতে যাচ্ছে? মঙ্গলবার কোয়ার্টার ফাইনালশেষে সেই সম্ভাবনা কিন্তু দারুণভাবে উজ্জ্বল। ভেনাস ও সেরেনা উইলিয়ামস সহজেই জিতে পৌঁছে গেছেন সেমিফাইনালে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jul 2008, 04:12 PM

Updated : 26 Aug 2022, 02:03 PM

লন্ডন, ১ জুলাই (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- এবারের উইম্বলডনে মেয়েদের এককে ফাইনাল কি দুই বোনের লড়াই হতে যাচ্ছে? মঙ্গলবার কোয়ার্টার ফাইনালশেষে সেই সম্ভাবনা কিন্তু দারুণভাবে উজ্জ্বল। ভেনাস ও সেরেনা উইলিয়ামস সহজেই জিতে পৌঁছে গেছেন সেমিফাইনালে। উইম্বলডনে চার বারের চ্যাম্পিয়ন ও এবারের টুর্নামেন্টের সপ্তম বাছাই ভেনাস কোয়ার্টার ফাইনালে সরাসরি ৬-৪, ৬-৩ গেমে হারিয়ে দিয়েছেন অবাছাই তামারিন তানাসুগার্নকে। চতুর্দশ বাছাই আগ্নিয়েস্কা রাদওয়ানস্কার বিপক্ষে সেরেনার জয়টা এসেছে আরো সহজে। দু বার উইম্বলডনের শিরোপা জয়ী ও ষষ্ঠ বাছাই সেরেনা ৬-৪, ৬-০ গেমে উড়িয়ে দিয়েছেন প্রতিপক্ষকে। সেমিফাইনালে ভেনাসের প্রতিপক্ষ ইয়েলেনা দেমেন্তিয়েভা। শেষ আটে পঞ্চম বাছাই দেমেন্তিয়েভা বেশ লড়াই করে ৬-১, ৬-৭ (৬/৮), ৬-৩ গেমে হারিয়েছেন ২১তম বাছাই নাদিয়া পেত্রোভাকে। আর সেরেনা খেলবেন টুর্নামেন্টের অন্যতম বিস্ময় চীনের জাই ঝেং-এর বিপক্ষে। তৃতীয় রাউন্ডে শীর্ষ বাছাই ও ফ্রেঞ্চ ওপেন চ্যাম্পিয়ন আনা ইভানোভিচকে বিদায় করা ঝেং কোয়ার্টার ফাইনালে ৬-২, ৫-৭, ৬-১ গেমে জিতেছেন অষ্টাদশ বাছাই নিকোল ভাইদিসোভার বিপক্ষে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/এমএম/২২১০ঘ.