লন্ডন, ১ জুলাই (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- লুই ফেলিপে স্কলারির সঙ্গে ডেকোর বহু দিনের সুসম্পর্ক। 'বিগ ফিল' নামে বিশ্ব ফুটবলে পরিচিত স্কলারির অনেক সুখ-দুঃখের সঙ্গী তিনি। তাই স্কলারি চেলসির কোচের দায়িত্ব পাওয়ার পর ডেকোর লন্ডনের ক্লাবটিতে যোগ দেয়ার ব্যাপারে গুঞ্জন শোনা যাচ্ছিল। সেই গুঞ্জনই সত্যি হলো শেষ পর্যন্ত। সোমবার এক কোটি ইউরোতে বার্সেলোনা থেকে চেলসিতে যোগ দিয়েছেন ডেকো।
সদ্য পর্তুগালের দায়িত্ব ছেড়ে দেয়া স্কলারি চেলসির সঙ্গে কাজ শুরু করতে যাচ্ছেন মঙ্গলবার থেকে। তার ঠিক আগের দিন ডেকোকে পাওয়ার সুসংবাদ পেলো চেলসি সমর্থকরা। স্কলারির অধীনে ইউরো ২০০৪এ রানার্স আপ হওয়া পর্তুগাল দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন ডেকো। এবারের ইউরোতে পর্তুগিজদের কোয়ার্টার ফাইনালে ওঠার পেছনেও বড় ভূমিকা ছিল তার।
স্কলারির সঙ্গে সুসম্পর্ক তো বটেই, ব্রাজিলে জন্ম নেয়া ৩০ বছর বয়সী এই মিডফিল্ডারকে দলে নেয়ার জন্য আরেকটা ব্যাপারও প্রভাবিত করতে পারে চেলসিকে। ইউরোপের সেরা ক্লাব টুর্নামেন্ট চ্যাম্পিয়ন্স লিগে কখনোই শিরোপা জিততে পারেনি 'ব্লুজ'। এবার ফাইনালে উঠলেও টাইব্রেকারে হেরে গিয়েছিল ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে। কিন্তু এই জায়গায় ডেকো দারুণ সফল। ২০০৪এ পোর্তোর হয়ে চ্যাম্পিয়ন্স লিগ জিতেছিলেন তিনি। সেবার পোর্তোকে শিরোপা জেতানোর কিছু দিন পর চেলসির কোচ হয়েছিলেন হোসে মরিনহো। ২০০৬এ বার্সেলোনার পক্ষে আবারো চ্যাম্পিয়ন্স লিগে চ্যাম্পিয়ন হওয়ার সুখদায়ক অভিজ্ঞতা হয়েছিল ডেকোর। পোর্তোর হয়ে একবার উয়েফা কাপও (২০০৩এ) জিতেছিলেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/১৭১০ঘ.
bdnews24