২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইউরোপিয়ান ফুটবলের মুকুট এখন স্পেনের

ইউরো চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছে স্পেন। ফার্নান্দো তোরেসের ৩৩ মিনিটের গোলে তারা হারিয়েছে বিশ্ব ফুটবলের পরাশক্তি জার্মানিকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jun 2008, 07:46 PM

Updated : 26 Aug 2022, 02:03 PM

ভিয়েনা, ৩০ জুন (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--- ইউরো চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছে স্পেন। ফার্নান্দো তোরেসের ৩৩ মিনিটের গোলে তারা হারিয়েছে বিশ্ব ফুটবলের পরাশক্তি জার্মানিকে। ১৯৬৪ তে নিজেদের দেশে অনুষ্ঠিত ইউরোপিয়ান ফুটবলের শিরোপা জিতেছিল তারা, তারপর ৪৪ বছরের খরা, সেই খরা রোববার রাতে দূর হলো অস্ট্রিয়ার ভিয়েনায়। আর প্রতিযোগিতার সফলতম দল, তিনবারের চ্যাম্পিয়ন জার্মানি শিরোপা সংখ্যাটাকে ৪-এ উন্নীত করতে ব্যর্থ হলো। জার্মানদের জন্য বিষয়টা হতাশার, কিন্তু যে খেলা তারা ফাইনালে খেলেছে তাতে খুশিই থাকা উচিত। কারণ খেলার ধারা অনুযায়ী স্পেনের ৪-৫ গোলের জয়ই ছিল স্বাভাবিক ফল। সত্যি বললে পুরো খেলায় জার্মানরা পরিষ্কার কোনো সুযোগই পায়নি। বিশ্ব ফুটবলে স্পেনের পরিচিতি কোয়ার্টার ফাইনালের দল। বড় সব টুর্নামেন্টে দাপটের সঙ্গে কোয়ালিফাই করে তারা, গ্র"প পর্বও পেরোয় মসৃণভাবে, কিন্তু তারপর কী যেন কী হয়ে যায়! ভাগ্য, বাজে রেফারিং, সঠিক সময়ে জ্বলে ওঠতে না পারা এসব মিলিয়ে দ্বিতীয় রাউন্ড-কোয়ার্টার ফাইনালের গন্ডিটা তাদের পার হওয়া হয় না। এবার সবই হলো। সত্যি বললে যে দল নিয়ে তারা এসেছিল তাতে শক্তি অনুযায়ী তাদেরই শিরোপা জেতার কথা। কিন্তু সমস্যা ছিল ওটাই, তাদের কোয়ার্টার ফাইনালেই হেরে যাওয়ার চিরকালীন সমস্যা। কিন্তু সব সমস্যারই শেষ আছে। স্পেনের এই সমস্যাও এবার দূর হলো। দূর করলেন একঝাক প্রতিভাবান ফুটবলার, আর তাদের পেছন থেকে ধুরন্ধর ফুটবল-বুদ্ধি দিয়ে কলকাঠি নেড়ে পথটা দেখিয়ে গেলেন বয়োবৃদ্ধ কোচ লুই অ্যারাগোনেস। একমাত্র ইতালির সঙ্গে ম্যাচটাতেই তাদের লড়তে হয়েছে, নইলে বাকী ম্যাচগুলোতে বলা চলে প্রতিপক্ষরা দাঁড়াতেই পারেনি। তাদের দেশের লিগটা পৃথিবীর সুন্দরতম লিগ বলে পরিচিতি, তাদের ওখানেই খেলেই বিকশিত হয় দুনিয়ার সেরা ফুটবলাররা, অথচ বড় আসরে তাদের ফিরতে হয় খালি হাতে। এত বছরের এই দীর্ঘশ্বাসেরও একটা বিহিত হয়ে গেলো রোববার। এই সাফল্যের মূলে তাদের মিডফিল্ড। জ্যাভি, ইনিয়েস্তা, সিলভা, সেনা, ফ্যাব্রেগাসদের নিয়ে গড়া মিডফিল্ড সম্ভবত এখন বিশ্বেরই সেরা। ইনজুরিতে পড়ায় দলের সেরা স্ট্রাইকার এবং টুর্নামেন্টের সর্বোচ্চ স্কোরার ডেভিড ভিয়া ফাইনালে খেলতে পারেননি। কিন্তু সব ঘাটতি দূর হয়ে গেছে মিডফিল্ডের শক্তিতে। ভিয়া না থাকায় রোববার ফাইনালে ফেব্রেগাসকে একাদশে রেখে ফর্মেশন বদলে দল নামিয়েছিলেন অ্যারাগোনেস। তাদের শুরুতে একটু সমস্যা হয়েছিল। জার্মানি তাদের গতি এবং শক্তি দিয়ে একটু কাঁপিয়ে দিতে চেয়েছিল। কিন্তু সেই শুরুর ধাক্কা সামলে নিয়ে স্পেনের মিডফিল্ড খেলা ধরে নেয়, তারপর পুরো ম্যাচটাই তাদের। দ্বিতীয়ার্ধের শুরুতে একবার একটু রাশটা আলগা হয়েছিল, ব্যস এই পর্যন্তই। বাকি সময় ইচ্ছামতো খেলেছে তারা, তৈরি হয়েছে একের পর এক সুযোগ। তোরেসের হেড বারে লেগে ফিরেছে, সিলভা ফাঁকা পোস্টে বল আকাশে মেরেছেন। ইনিয়েস্তা একা গোলরক্ষককে পেয়েও বারে মেরেছেন। এসব মিসের মধ্যেই আসে কাঙ্খিত গোলটা। ৩৩ মিনিটে ফেব্রেগাসের ডিফেন্সচেরা পাসটা যখন ধরেন তোরেস, তখনও তাকে ঠেকানোর মতো জায়গায় ছিলেন ডিফেন্ডার ল্যাম, কিন্তু তিনি গোলরক্ষকের এগিয়ে আসার অপেক্ষা করে যে সময় নেন এই সময়েই ছিটকে বেরিয়ে আগুয়ান গোলরক্ষকের শরীরের ওপর দিয়ে বল জালে ঠেলে দেন তোরেস। যেসব সুযোগ নষ্ট করেছে স্পেন, তার তুলনায় এটা ছিল কঠিন সুযোগ। সেজন্য জার্মানির আফসোস থাকতে পারে, কিন্তু আফসোসটা তারা করবে কী নিয়ে! নিজেরা যে বলতে গেলে কোনো সুযোগই পায়নি। শুরুতে গতির তোড়ে স্পেন একটু ভ্যাবাচ্যাকা খেয়ে গিয়েছিল বোধহয়, ঐ সময় ক্লোসা একটা সুযোগ পেয়েছিলেন, কিন্তু শট নিতে দেরি করায় ক্যাসিয়াস সহজেই বলটা ধরে নেন। আর দ্বিতীয়ার্ধের শুরুর দিকে বালাক একটা পোস্ট ঘেষা শট নিয়েছিলেন। এই পর্যন্তই। ভাবা যায়, একটা ফাইনালে একটা দলের গোলরক্ষককে তেমন কোনো পরীক্ষার মুখেই পড়তে হয়নি। জার্মান গোলরক্ষক লেম্যানকে তুলনায় অনেক পরীক্ষা দিতে হয়েছে। প্রথমার্ধের মতো দ্বিতীয়ার্ধেও। ফাঁকা থেকে নেয়া র‌্যামোসের হেড ফিরিয়ে দিয়েছেন তিনি। একাধিকবার বেরিয়ে এসে ডিফেন্সভাঙ্গা পাসগুলোকে নিষ্ক্রিয় করেছেন। লেম্যানকে পরীক্ষা করার চেয়েও স্প্যানিয়ার্ডরা নিজেরাই ভুল করে সুযোগ বেশি নষ্ট করেছে। তোরেসের বদলী গুইজার হেড থেকে মার্কোস সেনার পা না ছোঁয়াতে পারা ছিল অবিশ্বাস্য। যেমন অবিশ্বাস্য ইনিয়েস্তার শট ফ্রিঞ্জ যেভাবে লাইন থেকে ফিরিয়ে দিলেন! যে দল ফাইনালে একটা ফুটবল পরাশক্তিকে এমন নাকানি-চুবানি খাওয়ায় শিরোপাটা তো তাদেরই হওয়া উচিত। হয়েছেও। হয়েছে এজন্যও যে ফুটবল দেবতার আর এবার স্পেনকে নিয়ে খেলতে ইচ্ছে হয়নি। ভাগ্য ওদের বিরুদ্ধে দাঁড়ায়নি। অবশ্য যে দল এমন খেলে, যে দলে এমন প্রতিভাবান সব খেলোয়াড়, তাদের পথ ছেড়ে দিতে তো ভাগ্যেরও ইচ্ছে হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএম/১৫১০ঘ.