২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্বচ্যাম্পিয়ন ইতালিকে বিদায় করে সেমিফাইনালে স্পেন

২২ জুন স্পেনের ফুটবলের একটা কালো দিন। বিশ্বকাপ এবং ইউরো চ্যাম্পিয়নশিপ মিলিয়ে এই দিনে ঘটেছে তাদের চারটি ফুটবল ট্র্যাজেডি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jun 2008, 07:48 PM

Updated : 26 Aug 2022, 02:01 PM

ভিয়েনা, ২২ জুন (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- ২২ জুন স্পেনের ফুটবলের একটা কালো দিন। বিশ্বকাপ এবং ইউরো চ্যাম্পিয়নশিপ মিলিয়ে এই দিনে ঘটেছে তাদের চারটি ফুটবল ট্র্যাজেডি। কিন্তু রোববারের পর বোধহয় ২২ জুন তাদের কাছে শুধুই ফুটবল ট্র্যাজেডির দিন নয়; এই দিনে যে তারা বিশ্বচ্যাম্পিয়ন ইতালিকে হারিয়ে পৌঁছে গেলো এবারের ইউরো চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে। নির্ধারিত এবং অতিরিক্ত সময় মিলিয়ে ১২০ মিনিট খেলা গোলশূন্য থাকার পর টাইব্রেকারে স্পেন জিতেছে ৪-২ গোলে। বৃহস্পতিবার দ্বিতীয় সেমিফাইনালে তাদের প্রতিদ্বন্দ্বী রাশিয়া, গ্র"পের ম্যাচে যাদেরকে ৪-১ গোলে হারিয়েছিল স্পেন। এর আগের দিন বুধবার প্রথম সেমিফাইনালে জার্মানি খেলবে তুরস্কের সঙ্গে। স্পেন মানেই কোয়ার্টার ফাইনালের দল, এমন একটা বিশ্বাস ফুটবল-বিশ্বে মোটামুটি প্রতিষ্ঠিত। কিন্তু এবারের স্পেন একটু অন্যরকম, বহু বছর পর একগুচ্ছ প্রতিভাবান খেলোয়াড়ের সমাবেশে গঠিত দলটি যে অনেক দূর যেতে চায় সেটা গ্র"পের সবগুলো ম্যাচ জিতেই জানিয়ে দিয়েছে। তবু সন্দেহ ছিল, প্রথম কারণ তাদের ইতিহাস এবং দ্বিতীয় কারণ কোয়ার্টার ফাইনাল প্রতিপক্ষের নাম ইতালি। তারা খুড়িয়ে খুড়িয়ে গ্র"প পেরিয়েছে বটে, তবু কে না জানে খুড়িয়ে চলা ইতালিই যে কোনো সময় ভয়ংকর হয়ে উঠতে পারে। কিন্তু সেটা এবার অন্তত পারল না। নির্ধারিত এবং অতিরিক্ত সময়ে গোল হয়নি বটে, কিন্তু হতে পারত। ইতালি বিদায় নিতে পারত টাইব্রেকারের আগে। যাই হোক সেই টাইব্রেকার মানে বিশ্বের সেরা দুই গোলরক্ষকেরও লড়াই- ইতালির বুফন এবং স্পেনের ক্যাসিয়াস। জয়টা ক্যাসিয়াসেরই, তিনি ফিরিয়ে দিয়েছেন দুটো শট। গ্রসো এবং ক্যামরোনেসি গোল করলেও ডি রসি এবং ডি নাতালের শট ফিরিয়ে দেন ক্যাসিয়াস। বুফন ঠেকাতে পারেন শুধু গুইজার শট, কিন্তু ভিলা, ক্যারজোলা, সেনা এবং ফেব্রেগাস লক্ষ্যভেদ করে স্পেনকে নিয়ে যান সেমিফাইনালে। এই টুর্নামেন্টে যা খেলেছে তাতে কোয়ার্টার ফাইনালই ইতালির জন্য যথেষ্ট হওয়ার কথা। এই ম্যাচের ধারা অনুযায়ীও তাদের হার স্বাভাবিক ফল। তবু বিশ্বচ্যাম্পিয়নদের জন্য একটা আফসোস থাকেই। '৮৬ বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে প্লাতিনির ফ্রান্সের কাছে ০-২ গোলে হারার পর বিশ্বকাপ এবং ইউরো থেকে তাদের বিদায় মানেই হচ্ছে টাইব্রেকারে হার। এবারও তারা হারল টাইব্রেকারেই! সাদামাটা প্রথমার্ধের চেয়ে দ্বিতীয়ার্ধে উত্তেজনা আসে খেলায়। সুযোগও এসেছিল। কিন্তু তার কোনোটাই কাজে না লাগায় ইতালি-স্পেন কোয়ার্টার ফাইনাল ম্যাচটির নির্ধারিত ৯০ মিনিট শেষ হয় গোলশূন্যভাবে। দ্বিতীয়ার্ধে সেস্ক ফেব্রেগাস নামার পর প্রাণ পায় স্পেনের মধ্যমাঠ। সুযোগও তাই তৈরি হয়েছে অনেক। এর মধ্যে সেরা সুযোগটি ছিল ৮০ মিনিটে নেয়া মার্কোস সেনার শট, যেটি বুফনের হাত ফসকে বারে লেগে ফিরে এসেছে। এর আগে তরেসের একটি প্রচেষ্টা দারুণভাবে ফিরিয়ে দেন ডিফেন্ডার পানুচ্চি। ইতালির সেরা সুযোগটি এসেছিল ৬০ মিনিটে, গোলমুখে জটলা থেকে বদলী খেলোয়াড় ক্যামব্রোনেসির শটটি অবিশ্বাস্য দক্ষতায় ফিরিয়ে দেন গোলরক্ষক ক্যাসিয়াস। এরপর অতিরিক্ত সময়েও বেশিরভাগ সুযোগই ছিল স্পেনের। সেগুলো মিস করার জন্য তখন আফসোস হতে পারে, কিন্তু ম্যাচশেষে তা ধুয়ে-মুছে যাওয়ার কথা। এই ম্যাচ দিয়েই কোয়ার্টার ফাইনালের দলের লেবেল নিজেদের শরীর থেকে ঝেড়ে ফেলল তারা, এখন এর সবগুলো স্মৃতিই তো সুখস্মৃতি! বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএম/০৩৪০ঘ.