২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নেদারল্যান্ডসকে ৩-১ গোলে হারিয়ে সেমিফাইনালে রাশিয়া

ইউরো ২০০৮-এর তৃতীয় কোয়ার্টার ফাইনালেও ঘটেছে বিশাল অঘটন। ফেবারিট নেদারল্যান্ডসকে ৩-১ গোলে হারিয়ে সেমিফাইনালে উঠে গেছে রাশিয়া। অবশ্য কাগজে-কলমে ফেবারিট ডাচদের বিপক্ষে যোগ্য দল হিসেবেই জিতেছে তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jun 2008, 09:19 PM

Updated : 26 Aug 2022, 02:01 PM

বাসেল, ২২ জুন (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইউরো ২০০৮-এর তৃতীয় কোয়ার্টার ফাইনালেও ঘটেছে বিশাল অঘটন। ফেবারিট নেদারল্যান্ডসকে ৩-১ গোলে হারিয়ে সেমিফাইনালে উঠে গেছে রাশিয়া। অবশ্য কাগজে-কলমে ফেবারিট ডাচদের বিপক্ষে যোগ্য দল হিসেবেই জিতেছে তারা। ২০ বছর আগে একই প্রতিপক্ষের কাছে হেরে ইউরো জয়ের স্বপ্ন ভেঙ্গেছিল তাদের। শনিবার বাসেলে সেই পরাজয়ের মধুরতম প্রতিশোধ নিয়েছে তারা। অতিরিক্ত সময়ের প্রথমার্ধ শেষেও ম্যাচে ছিল ১-১ সমতা। কিন্তু ১১২ মিনিটে দিমিত্রি টরবিনস্কি আর ১১৬ মিনিটে আন্দ্রেই আরশাভিনের গোল সেমিফাইনালে তুলে দেয় রাশিয়াকে। রাশিয়া নয়, বলা ভালো আরশাভিনের কাছেই হেরে গেছে নিস্টলরয়, ফন ডার সার, স্নেইডার, ব্রঙ্কস্ট, আরিয়েন রবেন, ফন ডার ফার্টদের মতো বড় বড় তারকায় ঠাসা নেদারল্যান্ডস দল। অতিরিক্ত সময়ের শেষ দিকে রাশিয়ার করা দুটো গোলেই ছিল আরশাভিনের অবদান। টরবিনস্কির পা ছুঁয়ে যে গোল সেটা হয়েছে তার ক্রস থেকেই। তারপর তো নিজের পায়েই ডাচ কফিনে শেষ পেরেক ঠুকেছেন আরশাভিন! তার নিচু শটে বল ডাচ ডিফেন্ডার আন্দ্রে উজেরের পায়ে লেগে ফন ডার সারের পায়ের ফাঁক দিয়ে চলে যায় জালে! শেষ দিকে চার মিনিটের দু গোলে ম্যাচের ভাগ্য স্থির হলেও প্রথম গোলের জন্য দীর্ঘ ৫৫ মিনিট অপেক্ষায় থাকতে হয়েছিল রাশিয়াকে। নির্ধারিত সময়ের দ্বিতীয়ার্ধে সের্গেই সেমাকের ক্রস থেকে বল পেয়ে অসাধারণ ভলিতে রাশিয়াকে এগিয়ে নিয়েছিলেন রোমান পাভলিচেঙ্কো। ৮৫ মিনিট পর্যন্ত ওই গোল ধরে রেখে '৮৮ ফাইনালের হারের মধুর প্রতিশোধ প্রায় নিশ্চিত করে ফেলেছিল রাশিয়া। কিন্তু একটু রক্ষণাত্মক কৌশলে গিয়ে নিজেদের বিপদ ডেকে আনে তারা। পরের মিনিটেই স্নাইডারের বাঁক খাওয়ানো ফ্রি কিকে ছুটে এসে হেড করেন নিস্টলরয়। গোল! ফলে নির্ধারিত সময় শেষ হয় ১-১ গোলে। তারপর অতিরিক্ত সময়ের প্রথমার্ধে রাশিয়া যে কয়টি সুযোগ পেয়েছে তার অর্ধেক কাজে লাগাতে পারলে তখনই পরাজয় নিশ্চিত হয়ে যেতো রুড ফন নিস্টলরয়দের। অতিরিক্ত সময়ের তৃতীয় মিনিটে শুধু নিস্টলরয় একবার গোলে শট নেয়ার সুযোগ পেয়েছিলেন। সেই শট চলে যায় বাইরে। তারপর থেকে অতিরিক্ত সময়ের প্রথমার্ধের শেষ পর্যন্ত চলে সাদা পোষাকের 'রেডআর্মিদের' আক্রমন। ৯৬ মিনিটে যদি আরশাভিন তিনজন ডিফেন্ডারকে কাটিয়ে পেনাল্টি বক্সে ঢুকেও বল মারেন বাইরে, পরের মিনিটে পাভলিউচেঙ্কোর শটও ঠিকানা খুঁজে পায়নি। ৯৯ মিনিটে পাভলিউচেঙ্কোর বাঁ পায়ের গোলা বার কাঁপালো, কিন্তু গোল হলো না। অতিরিক্ত সময়ের প্রথমার্ধটা দ্বিতীয় গোলের জন্য মরিয়া রুশদের মুহুর্মূহু আক্রমনের মুখে বড় অসহায় লেগেছে ডাচদের। প্রথম গোলের জন্য ৫৫ মিনিট অপেক্ষা করতে হলেও প্রথমার্ধে চার গোল হয়ে যাওয়াটাও বিচিত্র কিছু ছিল না। প্রথম ৪৫ মিনিটে দু'দল অন্তত দুটো করে নিশ্চিত গোলের সুযোগ তৈরি করেও কাজে লাগাতে পারেনি। আসলে কাজে লাগানো যায়নি দুই গোলরক্ষকের জন্য। প্রথমার্ধের শুরুর দিকে নেদারল্যান্ডসকে বাঁচান ফন ডার সার। পরে ডাচরা গা ঝাড়া দিয়ে উঠলে ২০ বছর আগে তাদের কাছে হেরেই রানার্সআপ হওয়া রাশিয়ার রক্ষনভাগও কেঁপে ওঠে। বিপদ হতেই পারতো। কিন্তু বিপদের সব আশঙ্কা দূরে ঠেলেন রুশ রক্ষণদূর্গের শেষপ্রহরী, গোলরক্ষক ইগর আফিনকীভ। সেদিক থেকে ম্যাচের প্রথমার্ধের নায়ক বলতে হয় ফন ডার সার আর আফিনকীভকেই। নায়কোচিত পারফরম্যান্সের শুরুটা অবশ্য ফন ডার সারকে দিয়েই। ম্যাচের প্রথম সুযোগটা তো রাশিয়াই পেয়েছিল। ষষ্ঠ মিনিটে ঝিরকভের নেয়া ফ্রি কিক ঠেকিয়ে দেন ডাচ গোলরক্ষক। পরের মিনিটে আবার গোলের সুযোগ তৈরি করে রাশিয়া। পাভলিউচেঙ্কোর হেড সেবার চলে যায় গোলবার উঁচিয়ে। ম্যাচে তখন রুশদেরই প্রাধান্য। প্রথম পনেরো মিনিট ডাচদের সেভাবে খুঁজেই পাওয়া যায়নি। ৮৮'র চ্যাম্পিয়নেরা বলার মতো গোলের সুযোগ পায় ১৯তম মিনিটে। গোলরক্ষককে একা পেয়ে গিয়েছিলেন স্নাইডার, কিন্তু শট নিতে একটু দেরি করায় সুযোগটা নষ্ট হয়ে যায়। তবে তারপর থেকে যেন নিজেদের খুঁজে পায় ডাচরা। আক্রমন-পাল্টা আক্রমনে জমে ওঠে ম্যাচ। ২৮ মিনিটে ফন ডার ফার্টের ফ্রি কিকে পা ছোঁয়ালেই গোল হতো, ছুটে গিয়ে সেই কাজটুকুও করতে পারেন নি নিস্টলরয়। তারপরই রাশিয়ার তিন তিনটে আক্রমন। দুটোতে অন্তত গোল হতেই পারতো। ৩০ মিনিটে আশরাভিনের দুর্দান্ত শট বাঁ দিকে ঝাঁপিয়ে পড়ে বাঁচান ফন ডার সার। কর্নার। সেই কর্নার থেকে প্রায় ৩০ গজ দূর থেকে কোলোডিনের শট এবং ফিস্ট করে তা গোলবার উঁচিয়ে বাইরে পাঠিয়ে দেন ফন ডার সার। আবার কর্নার। কর্নার থেকে আবার কোলোডিনের শট, এবার একটু উঁচু হয়ে যাওয়ায় বল চলে যায় মাঠের বাইরে। ওই কয়েক মিনিট একেবারেই কোণঠাসা ছিল নেদারল্যান্ডস। ৩৭তম মিনিটে পাল্টা আক্রমন থেকে গোল পেয়ে যাচ্ছিল নেদারল্যান্ডস। ডান প্রান্ত থেকে বেশ ভালো শট নিয়েছিলেন নিস্টলরয়। কিন্তু ইগর আকিনফীভকে বোকা বানানোর জন্য তা যথেষ্ট ছিল না। ৪৩ মিনিটে আবার এগিয়ে যাওয়ার সুযোগ পায় নেদারল্যান্ডস। স্নাইডারের ডান পায়ের জোরালো শট আকিনফীভ ফিস্ট করে উড়িয়ে দেয়ায় গোলশূণ্যভাবেই শেষ হয় প্রথমার্ধ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসি/ ০৩৫০ ঘ.