ভিয়েনা, জুন ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--- ম্যাচের অতিরিক্ত সময়ের শেষ মিনিটে সমতা সূচক গোল করে তারা ম্যাচের ভাগ্য নিয়ে যায় টাইব্রেকারে ! সেখানে ক্রোয়েশিয়াকে ৩-১ গোলে হারিয়ে তারা সেমিফাইনালে উঠে যায় ! এই তারা হচ্ছে তুরস্ক। শেষ মিনিটে গোল করায় যাদের জুড়ি নেই। হারার আগে যারা হেরে বসে না।
তাই টাইব্রেকারের সময়ও স্নায়ুচাপ বলে কোনো কিছুই ধারা পড়েনি তাদের চোখে মুখে। প্রত্যেকটি শটই লক্ষভেদী, গোল করেছেন তুরান, সেমিহ ও হামিত। অন্যদিকে টাইব্রেকার শুনেই যেন ভয়ার্ত ক্রোয়াটরা। চারটি শটের মধ্যে মড্রিক, রেকিটিক পোস্টে রাখতে পারেননি আর পেট্রিকের শট ঠেকিয়ে দিয়ে তুর্কি গোলরক্ষক রুস্তু রেকবার আনন্দে আত্মহারা। শুধু রেকবার নয়, মুহুূর্তে জীবন ফিরে পাওয়ার আনন্দে মেতে উঠে পুরো দলই।
কারণ তার কয়েক মিনিট আগেই তুরস্কের ইউরো শেষ হয়ে যেতে বসেছিল। নির্ধারিত সময়ে গোলশূন্য, তারপর অতিরিক্ত সময় শেষ হওয়ার মিনিট খানেক আগে গোল করে ক্রোয়েশিয়া অনেকটা সেমিফাইনালে উঠার উৎসবই সেরে ফেলেছে। ওলিচের বদলি হয়ে নামা ইভান ক্লাসনিক হেড করে তুরস্কের ফাঁকা জালে বল জড়িয়ে দিয়েছেন। পোস্ট ছেড়ে বেরিয়া যাওয়া রুস্তু রেকবার ভুলের মাশুল এটা। কিন্তু শেষ মিনিটে সেমিহ অবিশ্বাস্যভাবে গোল শোধ করে ম্যাচের ভাগ্য নিয়ে যায় টাইব্রেকারে। এর আগে গ্র"প ম্যাচে চেক প্রজাতন্ত্রের বিপক্ষে শেষ তিনি মিনিটে দুই গোল করে তারা ম্যাচ জিতে নিয়েছিল। এই ম্যাচেও তারা প্রমাণ করল শেষ বাঁশির আগপর্যন্ত তুরস্ককে নিয়ে কিছু বলা যায় না। আগমী ২৫ জুন তাদের আরেকটি পরীক্ষা হবে সেমিফাইনালে জার্মানির বিপক্ষে।
অন্যভাবে বললে শেষে খেলার জন্যই যেন সব তুলে রাখে তুর্কিরা। নির্ধারিত সময়ে তাদের চেয়ে বেশি সুযোগ তৈরি করেছে ক্রোয়াটরা। গোলের অনেক কাছাকাছি গিয়েও গোলের দেখা পায়নি তারা। সিকি সুযোগ থেকে একেবারে সহজতম সুযোগও তারা হাতছাড়া করেছে। সহজতম সুযোগটি ১৯ মিনিটের মাথায় নষ্ট করেছেন ওলিচ। ডানদিক থেকে পাঠানো মড্রিকের ক্রসে একটু টোকা দিলেই যেখানে জালে জড়িয়ে যায় সেখানে ওলিচ ক্রসবারে ঠেকিয়ে দিয়েছেন বল। ধারাভাষ্যকারের রায়ে যা টুর্নামেন্টের "সেরা মিস" হিসেবে স্বীকৃতি পেয়েছে। এরপর কখনো হেড, কখনো-বা মাত্র ১২ গজ দূর থেকে ক্রসবার উঁচিয়ে মেরে কোয়ার্টার ফাইনাল থেকে ছিটকে পড়ার প্লট আগেই তৈরি করে ফেলেছেন ক্রোয়াটরা। চোখের পানিতে যার আনুষ্ঠানিকতা সাড়া হয়েছে টাইব্রেকার শেষে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/০৪০১ঘ.
bdnews24