২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সেরা দল গড়ার দাবি মোহামেডানের, দল গড়েছে মুক্তিযোদ্ধাও

যে দলবদলে বড় দলগুলোর অনীহা ছিল শেষপর্যন্ত তা আনন্দ-উৎসবের মধ্য দিয়েই শেষ হয়েছে। মজার ব্যাপার হচ্ছে, দলবদল ইস্যুতে শুরুতে নিমরাজি মোহামেডানই উৎসবের আমেজ ছড়িয়ে দিয়েছে বাফুফে ভবনে। দলবদল সেরেছে ব্রাদার্স ইউনিয়ন ও খুলনা আবাহনী। তবে এর মধ্যে সুখবর হচ্ছে, সব সংশয় চাপা দিয়ে মুক্তিযোদ্ধাও দল গড়েছে অবশেষে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jun 2008, 04:23 PM

Updated : 26 Aug 2022, 02:00 PM

ঢাকা, জুন ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)---- যে দলবদলে বড় দলগুলোর অনীহা ছিল শেষপর্যন্ত তা আনন্দ-উৎসবের মধ্য দিয়েই শেষ হয়েছে। মজার ব্যাপার হচ্ছে, দলবদল ইস্যুতে শুরুতে নিমরাজি মোহামেডানই উৎসবের আমেজ ছড়িয়ে দিয়েছে বাফুফে ভবনে। দলবদল সেরেছে ব্রাদার্স ইউনিয়ন ও খুলনা আবাহনী। তবে এর মধ্যে সুখবর হচ্ছে, সব সংশয় চাপা দিয়ে মুক্তিযোদ্ধাও দল গড়েছে অবশেষে। শুক্রবার শেষদিনে দলবদলে অংশ নেওয়া চার দলের মধ্যে মোহামেডান ও ব্রাদার্স নিজেদের ঐতিহ্য রক্ষা করে ভাল দল গড়েছে। কিন্তু মু্িক্তযোদ্ধা সংসদ ক্রীড়াচক্র বড় দলের ঐতিহ্য হারিয়ে এবার মাঝারি মানের দলে পরিণত হয়েছে। আর মুক্তিযোদ্ধার দল গড়ার অনিশ্চয়তার সুযোগ নিয়ে দ্বিতীয় বি. লিগের মোহামেডান হয়ে উঠেছে বেশ শক্তিশালী। তাদের গোলপোস্ট ও ডিফেন্সকে পুরো নির্ভার করে দিয়েছে মুক্তিযোদ্ধার খেলোয়াড়রা এসে। বাংলাদেশের এক নম্বর গোলরক্ষক আমিনুলের সঙ্গী হয়ে মুক্তিযোদ্ধা ছেড়ে মোহামেডানে যোগ দিয়েছেন জাতীয় দলের দুই ডিফেন্ডার রজনী ও হাসান আল মামুন। ১৯৯৪ সালে মোহামেডানেই ক্যারিয়ার শুরু করা আমিনুল ১১ বছর পর ফিরেছেন পুরনো দলে। তাদের অনুসরন করে জাতীয় দলের দুই মিডফিল্ডার আরমান আজিজ মুক্তিযোদ্ধা ছেড়ে মোহামেডানে ঠিকানা গেড়েছেন। ব্রাদার্স ছেড়ে এসেছেন বর্ষীয়ান ডিফেন্ডার জুয়েল রানা সাদাকালো জার্সি গায়ে অবসরে যাবেন বলে। আরেক তরুণ ডিফেন্ডার মোফাজ্জল হোসেন সৈকত এসেছেন চট্টগ্রাম মোহামেডান থেকে। ফকিরেরপুল ও ফরাশগঞ্জের দুই তরুণ স্ট্রাইকার আব্দুল বাতেন মজুমদার কমল ও মোহাম্মদ রবিনের অভিষেক হবে এবার সাদাকালোয়। উল্লেখযোগ্যদের পাশপাশি অখ্যাতদেরও দলে টেনেছে মোহামেডান। ২১ জনের মধ্যে ১৫ জনেরই নতুন ঠিকানা মোহামেডান, আর ঠিকানা পরিবর্তন না করে পুরনো দলে রয়ে গেছেন ৬ জন। প্রথমবারের মতো সাদাকালো শিবিরে এসে হাসান আল মামুন দল হিসেবে নিজেদের সেরা বলে দাবি করেছেন, "আমার বিশ্বাস, মাঠের সব বিভাগের কথা মাথায় রেখে বিবেচনা করলে আমাদের দল খুব ব্যালান্সড দল হয়েছে। অন্যান্য বড় দলগুলোর সঙ্গে তুলনা করলে মোহামেডানকেই আমি এগিয়ে রাখবো।" সুতরাং বলাই যায়, প্রথমবারের রানার্স-আপরা দ্বিতীয় আসরে চ্যাম্পিয়ন আবাহনীকে বড় চ্যালেঞ্জ জানানোর জন্যই তৈরি হচ্ছে। কিন্তু ধাঁধাঁ লেগে যাবে প্রথম বি. লিগের পঞ্চম দলটিও যখন বলে সেরা ফুটবলারদের নিয়ে তারা দল গড়েছে। দলটির নাম ব্রাদার্স ইউনিয়ন, তাদের ম্যানেজার আমের খান দাবি করেছেন, "স্থানীয় ফুটবলারদের মধ্যে সেরাদের নিয়ে আমরা ভাল একটা দল গড়েছি। এই দলের সঙ্গে ভাল বিদেশী ফুটবলার যোগ করতে পারলে অন্যান্যদের চেয়ে ভাল দল হয়ে যাবে।" ভাল দল গড়তে তারা হানা দিয়েছিল মোহামেডানে। তাদের জাহিদ, আরিফ এবং দুই স্ট্রাইকার মঞ্জু ও ফরহাদকে টেনেছে ব্রাদার্স। এছাড়া শেখ রাসেলের দুই গোলরক্ষক জিয়া ও শাকিল, ডিফেন্ডার মিশু ও রিক্ত, আবাহনীর মিডফিল্ডার আব্দুল্লাহ পারভেজ, মুক্তিযোদ্ধার মতিউর মুন্না, ফরাশগঞ্জের আশরাফুল, আকরামুজ্জামান লিটন, অরূপ, রনি ইসলাম এবং আরামবাগের জুকুকে দলে নিয়েছে তারা। আর পুরানোদের মধ্যে ধরে রেখেছে শুভ্র, মাসুদ রানা, শাকিল, লিটন খান, রেজাউল করিম লিটন ও তপুকে। সেই তুলনায় মুক্তিযোদ্ধা অনেক কমজোরি। সবসময়ের শিরোপা-প্রত্যাশী দলটি এবার শুরুতেই চলে গেছে শিরোপা-দৌড়ের বাইরে। তারপরও শেষ মহুূর্তে যে দলটি হয়েছে এটাই বড় সুখবর। প্রাতিষ্ঠানিক জটিলতায় পড়ে বি. লিগে তাদের উপস্থিতিই অনিশ্চিত হয়ে পড়েছিল। শেষমুহুূর্তে খেলোয়ড়দের প্রচেষ্টার সঙ্গে দু-একজন কর্মকর্তা সক্রিয় হওয়ায় মুক্তিযোদ্ধার খেলা নিশ্চিত হয়েছে। জাতীয় দলের সাবেক ডিফেন্ডার ফিরোজ হোসেন টিটু বলেছেন, "মুক্তিযোদ্ধার কিছু প্রাতিষ্ঠানিক জটিলতা এবং আর্থিক সংকট আছে। এ সত্ত্ব্ওে আমরা সবাই এই দলে খেলতে সম্মত হয়েছি মুক্তিযোদ্ধাদের প্রতি সম্মান দেখিয়ে।" দলগঠন জনিত অনিশ্চয়তায় পড়ে বেশিরভাগ ফুটবলার যখন অন্য দলে পাড়ি জমিয়েছেন তখন থেকে গেছেন পাঁচ ফুটবলার--- টিটু, কাঞ্চন, আরিফুজ্জামান হিমেল, আজিজ আল আরমান ও বিদ্যুৎ। বাইরে থেকে এসেছেন ১৫ জন। এসেছেন ব্রাদার্সের গোলরক্ষক নিজাম মজুমদার, শাহীনুর রহমান রনি, জালাল উদ্দিন, মোহামেডানের রেজাউল করিম বিপ্লব, মাসুদ আলম, আব্দুল কাইয়ুম সেন্টু, ওয়ালিদ খান ফরাশগঞ্জের এসএম রাজীব, রহমতগঞ্জের মুরাদ আহমেদ মিলন, ওয়ারির মাকসুদুর রহমান মোস্তাক, খুলনা আবাহনীর মশিউর রহমান বিপ্লব, তাজুল খান, আসিফ ইউসুফ এবং আশরাফুল ইসলাম। এছড়া খুলনা আবাহনী ও রহমতগঞ্জ দলবদলের আনুষ্ঠানিকতা সেরেছে শেষদিনে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/এমএম/২২০০ঘ.