রিও ডি জেনিরো, ১৬ জুন (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আগামী বুধবার দু দলের লড়াই নিয়ে ফুটবল-দুনিয়া এখনই দু ভাগে বিভক্ত, ফুটবলপ্রেমীরা উত্তেজনায় অধীর। অথচ তার তিন দিন আগে বিশ্বকাপ বাছাইপর্বে ব্রাজিল-আর্জেন্টিনা দু দলই এক রাশ হতাশা উপহার দিল তাদের সমর্থকদের। রোববার ঘরের মাঠ বুয়েনস এইরেসে শেষ মুহূর্তের লক্ষ্যভেদে আর্জেন্টিনা কোনো রকমে ১-১ গোলে ড্র করেছে ইকুয়েডরের সঙ্গে। দু বারের বিশ্ব চ্যাম্পিয়নরা তা-ও ড্র করেছে। বিশ্বকাপে রেকর্ড পাঁচ বারের শিরোপা জয়ী ব্রাজিল তো হেরেই গেছে! আসুনসিওনে প্রায় পুরো দ্বিতীয়ার্ধ ১০ জন নিয়ে খেলেও ব্রাজিলকে ২-০ গোলে হারিয়ে শীর্ষস্থান সুসংহত করেছে প্যারাগুয়ে।
প্রায় সাত মাস পর শুরু হওয়া লাতিন আমেরিকা অঞ্চলের বাছাইপর্বে প্যারাগুয়ের সামনে বলতে গেলে দাঁড়াতেই পারেনি ব্রাজিলিয়ানরা। দু-দুটো প্রচেষ্টা পোস্টে বাধা না পেলে স্বাগতিকদের জয়ের ব্যবধান আরো বড়ও হতে পারতো। ২৬ মিনিটে রকে সান্তা ক্রুজের গোলে এগিয়ে যাওয়া প্যারাগুইয়ানরা বড় এক ধাক্কা খেয়েছিল ৪৮ মিনিটের সময়। কিন্তু প্রতিপক্ষ ডিফেন্ডার দারিও ভেরনের লালকার্ড পাওয়ার সুযোগ কাজে লাগাতে পারেনি ব্রাজিল। উল্টো ভেরন মাঠের বাইরে চলে যাওয়ার পরের মিনিটেই সান্তা ক্রুজের পাস থেকে সালভাদর কাবানাসের গোলে নিশ্চিত হয়ে যায় স্বাগতিকদের জয়। যে জয়ে ৫ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে প্যারাগুয়ে যথারীতি দক্ষিণ আমেরিকা অঞ্চলে সবার ওপরে। সমান ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে ব্রাজিলের অবস্থান চতুর্থ।
মাত্র ১০ দিন আগে ভেনেজুয়েলার কাছে একটি প্রীতি ম্যাচে ০-২ গোলে হেরেছিল ব্রাজিল। সেদিন প্রায় দ্বিতীয় সারির দল নিয়ে খেললেও রোববার সেরা দলই মাঠে নামিয়েছিল তারা। সেই দলকেই এমন নাস্তানাবুদ হতে দেখে ব্রাজিল কোচ ডুঙ্গা একেবারে মর্মাহত, "মাঝে-মাঝে এমন এক-একটা দিন আসে যে দিন কোনো কিছুই ঠিক মতো কাজ করে না।"
আরেকটু হলে ব্রাজিলের চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনারও বিস্বাদময় হতে পারতো দিনটা। ৬৯ মিনিটে প্যাট্রিসিও উরুতিয়ার গোলে পিছিয়ে পড়া আর্জেন্টাইনরা পরাজয়ের প্রহরই গুনছিল ঘরের মাঠে। কিন্তু ৮৯ মিনিটে বদলি হিসাবে নামা রড্রিগো প্যালাসিওর গোল মান বাঁচিয়েছে তাদের। ম্যাচের একেবারে অন্তিম মুহূর্তে, শেষ শটে ইকুয়েডরের জালে বল পাঠিয়ে স্বাগতিকদের পরাজয়ের লজ্জা থেকে রক্ষা করেছেন প্যালাসিও।
এমনকি আর্জেন্টিনার কোচ আলফিও বাসিলে পর্যন্ত ম্যাচশেষে স্বীকার করেছেন তাদের সৌভাগ্যের কথা, "ম্যাচের শেষ আক্রমণ থেকে গোল করে ড্র করায় নিজেদের সৌভাগ্যবান মনে করছি আমরা। আগের ম্যাচে আমরা ভালোই খেলেছিলাম। কিন্তু আজ তা পারিনি। আমার এর চেয়ে বেশি কিছু বলার নেই।"
ড্র করায় ৫ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থান ধরে রাখলো আর্জেন্টিনা। আগের দিন পেরুর সঙ্গে ১-১ গোলেই ড্র করা কলম্বিয়া ৯ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে। রোববার অন্য ম্যাচে চিলি ২-০ গোলে হারিয়েছে বলিভিয়াকে। বলিভিয়ার রাজধানী লা পাজে সমুদ্রপৃষ্ঠের চেয়ে ৩,৬০০ মিটার উঁচুতে অনুষ্ঠিত ম্যাচটিতে চিলির জয়ের নায়ক গ্যারি মেদেল। দুটো গোলই করেছেন এই ডিফেন্ডার, যার প্রথমটি এসেছে দুর্দান্ত এক বাইসাইকেল কিক থেকে!
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/১৭৫৮ঘ.
bdnews24