২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সেরা চারে থাকার লক্ষ্যে দল গড়েছে চট্টগ্রাম আবাহনী

প্রথম বি. লিগের ব্যর্থতা ভুলে দ্বিতীয় আসরে নতুন উদ্দমে শুরু করতে চায় চট্টগ্রাম আবাহনী। আগেরবার ১১ দলের মধ্যে দশম হওয়া দলটি এবার শীর্ষ চারের মধ্যে থাকার লক্ষ্য নিয়েই দল গড়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jun 2008, 03:50 PM

Updated : 26 Aug 2022, 01:59 PM

ঢাকা, জুন ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--- প্রথম বি. লিগের ব্যর্থতা ভুলে দ্বিতীয় আসরে নতুন উদ্দমে শুরু করতে চায় চট্টগ্রাম আবাহনী। আগেরবার ১১ দলের মধ্যে দশম হওয়া দলটি এবার শীর্ষ চারের মধ্যে থাকার লক্ষ্য নিয়েই দল গড়েছে। চট্টগ্রাম আবাহনীর কর্মকর্তা শামসুল হক চৌধুরীর দাবি, "আমরা ২০ জনের সঙ্গে চুক্তি করেছি। আমার মনে হয় এই দলে অভিজ্ঞতা ও তারুণ্যের ভাল মিশ্রণ হয়েছে যা দিয়ে চট্টগ্রাম আবাহনী বড় দলগুলোর সঙ্গে লড়াই করতে পারবে।" সোমবার তারা বি. লিগ কমিটির কাছে দলবদলের জন্য ২০ ফুটবলারের তালিকা জমা দিয়েছে। তাতে আছেন দুই নেপালী ফুটবলার--- স্ট্রাইকার সন্তোষ শুকলাল ও গোলরক্ষক কিরণ কুমার। চট্টগ্রাম আবাহনীর এই দুই বিদেশী অবশ্য গতবারও ভাল খেলেছেন। তৃতীয় বিদেশী লাইবেরিয়ার আকা ওলেম্বে। গতবারের দলের ছয়জনকে দেখা যাবে এবারও। তারা হলেন সহ-অধিনয়াক সোহেল, মনির, মিন্টু, ফরিদ, জাহাঙ্গীর ও তৌহিদ। তবে নেতৃত্ব দেবেন ঢাকা আবাহনী ছেড়ে যাওয়া ডিফেন্ডার জাহাঙ্গীর আলম মিন্টু। তাদের নতুন সংগ্রহের তালিকায় আছেন ভিক্টোরিয়ার স্ট্রাইকার মিঠুন চৌধুরী, নাজির (ঢাকা মোহামেডান), ইমন (রহমতগঞ্জ), রনি (ফকিরেরপুল), জীবন (ভিক্টোরিয়া) এবং চট্টগ্রাম মোহামেডানের দিপু ও জাহেদ। দ্বিতীয় বি. লিগের জন্য গঠিত চট্টগ্রাম আবাহনীর প্রশিক্ষণ ক্যাম্প শুরু হবে আগামী ১ জুলাই। তবে মজার ব্যাপার হচ্ছে তিন কোচের অধীনে প্রশিক্ষনে তৈরি হবে দলটি। কোচ তিনজন হলেন মোহাম্মদ কাশেম, মোহাম্মদ আলী ও খলিলুর রহমান। তারপর চট্টগ্রাম আবাহনী সিকিম ও নেপালে দুটো টুর্নামেন্ট খেলতে যাবে। দেশে ফিরে ফেডারেশন কাপ দিয়ে শুরু করবে নতুন মৌসুম। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/এমএম/২১৩০ঘ.