ভিয়েনা, ১৩ জুন (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- বৃহস্পতিবার ইউরো-২০০৮ এর গুরুত্বপূর্ণ ম্যাচে জার্মানিকে ২-১ গোলে হারিয়ে দিয়েছে ক্রোয়েশিয়া। এর ফলে টানা দুই জয় নিয়ে এক ম্যাচ বাকি থাকতেই কোয়ার্টার ফাইনালে উঠে গেছে তারা। অবশ্য দিনের অন্য ম্যাচে অস্ট্রিয়া হেরে গেলে ক্রোয়াটদের শেষ আটে ওঠা নিয়ে একটু অনিশ্চয়তায় থেকে যেতো। নির্ধারিত সময় শেষেও পোলান্ড ১ - ০ গোলে এগিয়ে থাকায় সেরকমই হতে চলেছিল। কিন্তু ইনজুরি টাইমের তৃতীয় মিনিটে বিতর্কিত এক পেনাল্টিতে পোলান্ডের জয় ঠেকিয়ে টুর্নামেন্টের দ্বিতীয় দল হিসেবে ক্রোয়েশিয়ার কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে দেয় অস্ট্রিয়া।
বৃহস্পতিবার গ্র"প 'বি'-র প্রথম ম্যাচে ২৪ মিনিটে করা দারিয়ো সরনার গোলে এগিয়ে যায় ক্রোয়েশিয়া। ৬২ মিনিটে ব্যবধান দ্বিগুন করেন ইভিগা ওলিচ। জার্মানির পক্ষে একমাত্র গোলটি করেন লুকাস পোডোলস্কি, ম্যাচের ৭৯ মিনিটে।
দিনের দ্বিতীয় ম্যাচে ব্রাজিলিয়ান বংশোদ্ভুত রজার গুয়েরেইরোর ৩০ মিনিটে করা গোল নির্ধারিত সময়ের শেষ মিনিট পর্যন্ত ধরে রেখে বিজয়োল্লাসের প্রস্তুতি নিচ্ছিল ক্রোয়েশিয়া। কিন্তু ইনজুরি টাইমের তৃতীয় মিনিটে ইভিকা ভাসতিচ পেনাল্টিতে গোল পরিশোধ করে ভেস্তে যায় সেই পরিকল্পনা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসি/১৭৩৬ ঘ.
bdnews24