ঢাকা, ১১ জুন (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাফ ফুটবলের ফাইনালে উঠেছে ভারত, কিন্তু ভুটান কাজটাকে এমন কঠিন করে তুলেছিল যে তাদের লড়তে হয়েছে পুরো ১২০ মিনিট। মালেতে অনুষ্ঠিত প্রথম সেমিফাইনালে অতিরিক্ত সময়ের শেষ মিনিটে গুরুমাং সিংয়ের গোল তাদের নিয়ে গেছে ফাইনালে।
সবাইকে চমকে দিয়ে সেমিতে ওঠা ভুটান এই ম্যাচে সহজেই উড়ে যাবে বলেই ছিল সাধারণ ধারণা। কিন্তু সত্যি বললে মাঠে তারা ভারতের চেয়ে তারাই বেশি উজ্জ্বল ছিল। নির্ধারিত ৯০ মিনিটের খেলা তাই অমীমাংসিত থাকে ১-১ গোলে। অতিরিক্ত সময়ও যখন এই স্কোরলাইনে শেষ হয়ে যাচ্ছে তখন টাইব্রেকারের প্রস্তুতি নিতে শুরু করেছিল দুই দলই। ভুটান বোধহয় একটু বেশি। তারই অংশ হিসেবে নিয়মিত গোলরক্ষক বদলে নতুন গোলরক্ষক নামান কোচ, কিন্তু সেই গোলরক্ষক বল ছোঁয়ার আগেই বল চলে যায় ভুটানের জালে।
ফাইনালে ভারত খেলবে মালদ্বীপ-শ্রীলঙ্কার দ্বিতীয় সেমিফাইনালের জয়ী দলের সঙ্গে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএম/১৯৪০ঘ.
bdnews24