২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বুধবার আশা-আশঙ্কা নিয়ে মুখোমুখি পর্তুগাল-চেক প্রজাতন্ত্র, সুইজারল্যান্ড-তুরস্ক

দু দলের সামনেই প্রথম দল হিসাবে ইউরো ২০০৮-এর কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করার সুযোগ। শনিবার টুর্নামেন্টের উদ্বোধনী দিনে আকর্ষণীয় ফুটবল খেলে তুরস্ককে ২-০ গোলে হারিয়েছিল পর্তুগাল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jun 2008, 08:54 AM

Updated : 26 Aug 2022, 01:58 PM

জেনেভা/বাসেল, ১১ জুন (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- দু দলের সামনেই প্রথম দল হিসাবে ইউরো ২০০৮-এর কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করার সুযোগ। শনিবার টুর্নামেন্টের উদ্বোধনী দিনে আকর্ষণীয় ফুটবল খেলে তুরস্ককে ২-০ গোলে হারিয়েছিল পর্তুগাল। তার ঠিক আগে উদ্বোধনী ম্যাচে ভাগ্যের সহায়তায় সহ-স্বাগতিক সুইজারল্যান্ডের বিপক্ষে কোনো রকমে ১-০ গোলের জয় পেয়েছিল চেক প্রজাতন্ত্র। বুধবার জেনেভায় বাংলাদেশ সময় রাত ১০টায় শুরু হতে যাওয়া পর্তুগাল-চেক প্রজাতন্ত্রের ম্যাচটা তাই দু দলের জন্যই শেষ আটের টিকেট নিশ্চিত করার সুবর্ণ সুযোগ। একইভাবে বাসেলে অনুষ্ঠেয় পরের ম্যাচের দুই প্রতিপক্ষ সুইজারল্যান্ড ও তুরস্কের সামনে টুর্নামেন্ট থেকে ছিটকে পড়ার আশঙ্কা। প্রথম ম্যাচের মতো এই ম্যাচেও হেরে গেলে বাদ পড়া নিশ্চিত হয়ে যাবে সুইস কিংবা তুর্কিদের। ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে এর আগে একবারই দেখা হয়েছে পর্তুগাল ও চেক প্রজাতন্ত্রের। ইংল্যান্ডে অনুষ্ঠিত ইউরো ৯৬-এর কোয়ার্টার ফাইনালের সেই লড়াইয়ে চেকরা জিতেছিল ১-০ গোলে। চার বছর আগে লিসবনের ফাইনালেও মুখোমুখি হতে পারতো দু দল। কিন্তু স্বাগতিক পর্তুগাল ফাইনাল নিশ্চিত করলেও সেমিফাইনালে গ্রিসের কাছে চেক প্রজাতন্ত্র হেরে যাওয়ায় তা আর হয়নি। ইউরো ২০০৪-এ দু দল অনেক দূর গেলেও গত বিশ্বকাপের পারফরম্যান্সে ছিল বিস্তর ব্যবধান। পর্তুগাল সেমিফাইনালে উঠলেও চেকরা গ্র"প পর্বের বাধাই পেরোতে পারেনি। এই ম্যাচের পরাজিত দলের জন্য অবশ্য এ সব পরিসংখ্যান মূল্যহীন হয়ে যাবে। তা ভালো মতো জানেন বলেই পর্তুগিজ প্লেমেকার ডেকো'র প্রত্যয়ে ভরা মন্তব্য, "আমাদের পরিকল্পনা হলো জেতার জন্য খেলা এবং সামনে এগিয়ে যাওয়া।" সেই লক্ষ্যে পূর্ণ শক্তির দলই মাঠে নামাবেন লুই ফেলিপে স্কলারি। ফিটনেস সমস্যা না থাকায় পর্তুগাল এখন অনেকখানি নির্ভার। সেই তুলনায় চেকরা বেশ অস্বস্তিতে। সৃজনশীল মিডফিল্ডার টমাস রসিচকির অনুপস্থিতি বেশ ভোগাচ্ছে তাদের। বাসেলের ম্যাচটিতে ফিরে ফিরে আসছে আড়াই বছর আগের এক দুঃস্মৃতি। ২০০৫-এর নভেম্বরে ইস্তাম্বুলে অনুষ্ঠিত তুরস্ক-সুইজারল্যান্ড বিশ্বকাপ বাছাই পর্বের সেই গোলমেলে ম্যাচটিতে মারামারি করে ফুটবলকেই কলঙ্কিত করেছিলেন দু দলের খেলোয়াড় ও কর্মকর্তারা। সেই ম্যাচে কুঁচকিতে লাথি খেয়ে হাসপাতালে যেতে হয়েছিল সুইস ডিফেন্ডার স্টেফানে গ্রিকটিংকে। গন্ডগোলে বড় ভূমিকা থাকায় তুরস্কের দুই খেলোয়াড় অ্যালপে ও এমরে এবং সুইজারল্যান্ডের বেঞ্জামিন হাগেলকে ৬ ম্যাচের জন্য সাসপেন্ড করেছিল ফিফা। পরে অবশ্য এমরে ও হাগেলের শাস্তি নেমে আসে ৪ ম্যাচে। শাস্তি হয়েছিল তুরস্কেরও। ইউরো ২০০৮ বাছাইপর্বের প্রথম তিনটি ম্যাচ তুর্কিদের খেলতে হয়েছিল নিরপেক্ষ মাঠে, দর্শকবিহীন স্টেডিয়ামে। তবে সেই ম্যাচটির কথা মাথা থেকে ঝেড়ে ফেলে দু দলই সাগ্রহে তাকিয়ে বুধবারের গুরুত্বপূর্ণ লড়াইয়ের দিকে। সুইস মিডফিল্ডার বারনেত্তার কথায় তারই আভাস, "ইস্তাম্বুলের ঘটনা ভুলে যাওয়া সহজ নয়। কিন্তু আমরা চেষ্টা করছি সে ধরনের ঘটনা যেন আর না ঘটে। ইস্তাম্বুলের পরিস্থিতির সঙ্গে মাত্র একটাই মিল আছে এখন, সেটা হলো, বুধবার দু দলকেই জিততে হবে। দু দলের জন্যই এটা ফাইনালের মতো।" ইস্তাম্বুলের সেই ম্যাচে তুরস্ক ৪-২ গোলে জিতেও বিশ্বকাপে কোয়ালিফাই করতে পারেনি। কারণ বার্নে অনুষ্ঠিত প্রথম লেগে সুইজারল্যান্ড ২-০ গোলে জয় পাওয়ায় অ্যাগ্রিগেট ৪-৪ হলেও প্রতিপক্ষের মাঠে গোল করার সুবাদে বিশ্বকাপের টিকেট নিশ্চিত করেছিল সুইসরা। তারপরও সেদিন হেরে যাওয়ায় এবার সুইজারল্যান্ডের সামনে প্রতিশোধ নেয়ার দারুণ এক সুযোগ। পাশাপাশি ঘরের মাঠে আয়োজিত বিশ্বের দ্বিতীয়-সেরা ফুটবল টুর্নামেন্টে টিকে থাকার তাড়না তো আছেই! বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/এসি/১৪৪৫ ঘ.