ঢাকা, জুন ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--- প্রশ্ন : সাফ ফুটবলে বাংলাদেশের খেলা দেখে আপনার কী মনে হয়েছে ? বাংলাদেশের অবস্থান কোথায় ? বাফুফে সভাপতি : বাংলাদেশ কী খেলেছে সেটা পুরো জাতি দেখেছে। আলাদা করে বলার মতো কিছু নেই, আমার মতামতেরও প্রয়োজন নেই। আপনারাই বিচার করেন।
কাজী সালাউদ্দিন বিচারের কাঠগড়ায় দাঁড় করিয়ে দিলেন বাংলাদেশ ফুটবল দলকে। যে বিচারের জন্য আদালতের প্রয়োজন হয় না, কান পাতলেই সাধারণ ফুটবলপ্রেমীদের রায় শোনা যায়। তা হচ্ছে বাংলাদেশ আর দক্ষিণ এশীয় অঞ্চলে ফুটবল পরাশক্তির জায়গায় নেই। প্রতিবেশীদের ফুটবলে যখন শ্রীবৃদ্ধি ঘটেছে তখন বাংলাদেশের ফুটবলে অধোগতির ধারা। শেষপর্যন্ত মান এতটাই তালানিতে গিয়ে ঠেকেছে যে বাংলাদেশ এখন ভুটানের সঙ্গেও ড্র করে।
এই ড্র এবং হারের মধ্যে কোনো পার্থক্য খুঁজে পান না বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন। বাংলাদেশের পারফরম্যান্সে তিনি হতাশা প্রকাশ করেছেন এভাবে, "ভুটানের সঙ্গে ড্র আর হারের মধ্যে কোনো পার্থক্য নেই। ভুটানকে নিয়েও দুশ্চিন্তার মধ্যে থাকতে হবে, এই অবস্থায় তো ছিল না আমাদের ফুটবল। সুতরাং আর বলার অপেক্ষা রাখে না আমরা কোথায় দাঁড়িয়ে এখন।" বাংলাদেশ ফুটবল ফেডারেশনের হট সিটে বসেই তিনি টের পাচ্ছেন ফুটবল-উন্নয়নের অভিযানটা কত কঠিন।
পঞ্চম সাফ ফুটবল নিয়ে কখনো আশার কথা মুখ ফুটে না বললেও বাফুফে সভাপতির গোপন কোনো প্রত্যাশা ছিল না, এ কথা বলি কি করে। বাফুফের চেয়ারে বসেই তাড়িঘড়ি করে থাইল্যান্ডে প্র্যাকটিস ম্যাচের ব্যবস্থা করেছেন। কলম্বো রওনা হওয়ার আগে ইনজুরি আক্রান্ত খেলোয়াড়দের চিকিৎসার সম্পূর্ণ দায়িত্ব নেওয়ার প্রতিশ্র"তি দিয়েছেন তিনি। ঘোষনা দিয়েছেন খেলোয়াড়দের ইন্স্যুরেন্স করার। হয়তো প্রত্যাশা ছিল টুর্নামেন্টে ভাল পারফরম্যান্সের মোড়কে দেশের সবচেয়ে বড় তারকার বাফুফে অভিযানের শুরুটাও মুড়িয়ে রাখতে। তা- তো হলোই না, বরং বড়সড় এক ধাক্কা খেলেন তিনি বাফুফের হটসিটে বসে।
প্রাথমিক ধাক্কাটা ভুটানের বিপক্ষে বাংলাদেশ ১-১ গোলে ড্র করায়। ওই ম্যাচের পরপরই কলম্বোতে অবস্থানরত দলের ম্যানেজার ও দলনেতাকে কারণ দর্শাতে বলা হয়েছিল। তাৎক্ষনিকভাবে তারা জবাব দিয়েছেন ফ্যাক্সবার্তা পাঠিয়ে। পরের দুটো ম্যাচে আফগানিস্তানের সঙ্গে ২-২ গোলে ড্র ও শ্রীলঙ্কার কাছে ০-১ গোলে হারার পর এখন বাফুফে সভাপতি দলের ফিরে আসার অপেক্ষায় আছেন। দল ফিরলে নিশ্চয়ই তিনি বিস্তারিতভাবে জানতে চাইবেন। তারপর জাতীয় দল ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান বাদল রায়ের সঙ্গে বসে পরবর্তী পদক্ষেপ ঠিক করবেন।
এই ব্যর্থতার দায় অবশ্যই বর্তাবে কোচ ও খেলোয়াড়দের ঘাড়ে। এবার কোচ আবু ইউসুফ আর প্র্যাকটিস ম্যাচের অভাবের অজুহাত তুলতে পারবেন না। তবে এ নিয়ে সভাপতি বলেছেন, "আমরা আগের কমিটির জের টেনেছি এটা। ফুটবলটা কোন জায়গায় চলে গেছে নিশ্চয়ই টের পাচ্ছেন।" বিগত সুলতানী আমলের ফুটবল কার্যক্রমের ফল হচ্ছে সাফ ফুটবলের গ্র"প পর্ব থেকে বাংলাদেশের বিদায়। অবশ্য কোচ নির্বাচনের বেলায় সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও বর্তমান কমিটির সহ সভাপতি মনজুর হোসেন মালুর দায়ও কম নয়। নাঈমুদ্দিনকে তাড়িয়ে দিয়ে আবু ইউসুফের হাতে তুলে দিয়েছিলেন এই দলকে।
ওসবে পড়ে থাকতে চান না কাজী সালাউদ্দিন। বাংলাদেশের ফুটবলের এই জীবন্ত কিংবদন্তী হার মানতে রাজি নন, "সবকিছু নতুন করে শুরু করতে হবে। দল ও কোচ নিয়ে আমার কিন্তু নিজস্ব একটা পরিকল্পনা আছে। জাতীয় দল ব্যবস্থাপনা কমিটির সঙ্গে বসে কোচ ও অন্যান্য বিষয় ঠিক করবো।" বোঝাই যাচ্ছে, বাফুফেতে ব্যর্থ কোচ আবু ইউসুফের দিন ফুরিয়ে এসেছে। নতুন কোচের সন্ধানে ইতিমধ্যে ছুটতে শুরু করেছে বাফুফে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/এমএম/২১৪৫ঘ.
bdnews24