ভিয়েনা, জুন ৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--- এবারের ইউরো যেন স্বাগতিকদের জন্য অভিশাপ। ভাল খেলেও তারা গোলের দেখা পাচ্ছে না। সুইজারল্যান্ডের মতো অস্ট্রিয়াও পুরো ম্যাচে আধিপত্য করে শেষপর্যন্ত ০-১ গোলে ক্রোয়েশিয়ার কাছে হেরে খারাপ সূচনা করেছে 'ইউরো ২০০৮'-এ।
রোববার ভিয়েনায় 'বি' গ্র"পে নিজেদের মাঠে দুর্দান্ত খেললেও গোলের দেখা পায়নি অস্ট্রিয়া। ম্যাচের চার মিনিটের সময় ক্রোয়েশিয়া পেনাল্টি থেকে যে গোল পেয়েছে অতি কষ্টে সেটা ধরে রেখে ম্যাচ জিতে নিয়েছে তারা। পেনাল্টি বক্সে ক্রোয়েশিয়ার ইভিকা ওলিককে ফাউল করে পেনাল্টি উপহার দেন ইমানুয়েল পোগাটেটজ। পেনাল্টি থেকে গোল করেন লুকা মডরিক।
এই গোল খেয়ে তেতে ওঠে স্বাগতিকরা। কিন্তু আক্রমণের বন্যা বইয়ে দিয়ে, শেষ মিনিট পর্যন্ত লড়াই করেও তারা গোলের দেখা পায়নি। বেশিরভাগ সময়ই বাধা হয়ে দাঁড়িয়েছেন ক্রোয়েশিয়ার গোলরক্ষক প্লেটিকোসা। পাশাপাশি অস্ট্রিয়ান ফরোয়ার্ডদের ব্যর্থতা তো ছিলই। অথচ ওই গোল ছাড়া ক্রোয়েশিয়ার তরফে বলার মতো কিছুই নেই।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/এএআর/০০১৪ঘ.
bdnews24