২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শুরু হয়েছে ইউরোপিয়ান ফুটবলের শ্রেষ্ঠত্বের লড়াই

ইউরো চ্যাম্পিয়নশিপ শুরু হয়েছে। জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের পর উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয়েছে সহ-স্বাগতিক সুইজারল্যান্ড এবং চেক প্রজাতন্ত্র। এ রিপোর্ট লেখার সময় (প্রথম ১৫মিনিটে) গোল করতে পারেনি কোনো দলই। রোববার রাতে (বাংলাদেশ সময় রাত পৌনে ১টায়) দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে ফেভারিট পর্তুগাল এবং তুরস্ক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jun 2008, 11:43 AM

Updated : 26 Aug 2022, 01:57 PM

বাসেল, ৭ জুন (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- ইউরো চ্যাম্পিয়নশিপ শুরু হয়েছে। জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের পর উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয়েছে সহ-স্বাগতিক সুইজারল্যান্ড এবং চেক প্রজাতন্ত্র। এ রিপোর্ট লেখার সময় (প্রথম ১৫মিনিটে) গোল করতে পারেনি কোনো দলই। রোববার রাতে (বাংলাদেশ সময় রাত পৌনে ১টায়) দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে ফেভারিট পর্তুগাল এবং তুরস্ক। কারো কারো মতে উত্তেজনায় এটা বিশ্বকাপেরও আগে এবং তাদের মতামতকে একেবারে ফেলেও দেয়া যায় না। কারণ? কারণ শনিবার রাত থেকে ইউরো চ্যাম্পিয়নশিপ নামের যে ফুটবলযজ্ঞ শুরু হচ্ছে তাতে প্রতিদ্বন্দ্বিতার মাত্রা এমনকি বিশ্বকাপের চেয়েও বেশি। বিশ্বকাপে মহাদেশীয় কোটার ভিত্তিতে কিছু সাদামাটা দলও সুযোগ পেয়ে যায় এবং মূল আসরে গিয়ে কিছু একতরফা ম্যাচের জন্ম দেয়। কিন্তু ইউরোপের ফুটবল-শ্রেষ্ঠত্বের প্রতিযাগিতা ইউরোতে সেই সুযোগ একেবারেই নেই। দল মাত্র ১৬টি, শক্তির ব্যবধান উনিশ-বিশ, নিজের দিনে যে কেউ যে কাউকে হারাতে পারে। অনেকেই হয়তো ভুলে বসে আছেন বর্তমান ইউরো চ্যাম্পিয়নদের নাম। মনে রাখার নাম নয় অবশ্য; গ্রিস। অটো রেহাগেল নামের এক র্দুর্ধষ ট্যাকটিশিয়ানের ধুরন্ধর ফুটবল-মস্তিষ্কের কাছে মার খেয়ে গিয়েছিল ইউরোপের সব ফুটবল পরাশক্তি। ইউরোতে অবশ্য এমন হিসাব ওল্টানো ব্যাপার নিয়মিতই ঘটে। এখানে তাই চ্যাম্পিয়ন হয়ে যায় ডেনমার্ক-গ্রিসের মতো মাঝারি শক্তির দলও। বিশ্বকাপ ফুটবলে যেখানে ফেভারিট দেশগুলোর বাইরে কেউ শিরোপা জিততে পারেনি সেখানে ইউরো শুধুই ইতালি-জার্মানি-ফ্রান্স আর ইংল্যান্ডের কারবার নয়। এটাও জানান দেয় যে ইউরোর প্রতিদ্বন্দ্বিতার মাত্রা অন্য যে কোনো টুর্নামেন্টের চেয়ে অনেক বেশি। ১৯৯৬ সাল পর্যন্ত ইউরোতে দল ছিল মাত্র ৮টি। বিশ্বকাপে যেখানে ইউরোপ থেকে সুযোগ পেতো ১৪-১৫টি দল সেখানে ইউরোতে মাত্র ৮টি দল। বাছাই পর্বের প্রতিদ্বন্দ্বিতাটা এমন তীব্র থাকতো যে মাঝে-মধ্যে বর্তমান চ্যাম্পিয়নরাও বাদ পড়ে যেতো। ১৯৮৪র চ্যাম্পিয়ন ফ্রান্স যেমন বাদ পড়ে গিয়েছিল ৮৮তে। এসব বিবেচনা থেকেই ২০০০ সাল থেকে দলের সংখ্যা বাড়িয়ে করা হয়েছে ১৬, তারপরও ফেভারিটরা হোঁচট খায় নিয়মিতই। এবার যেমন, ইংল্যান্ড কোয়ালিফাই-ই করতে পারেনি। খেলার মান যেমনই হোক, তবু ফুটবলের জন্মদাতা এবং তার লালনভুমি ইংল্যান্ড না থাকলে সৌন্দর্যহানি ঘটেই। উত্তেজনায় ঘাটতি থাকেই। সেটা পোষানোর বাড়তি দায়িত্ব তাই অন্যদের। ঘাটতি আরেকটা। ব্রাজিল-আর্জেন্টিনা নেই! কেউ কেউ মজা করে বলেন, ইউরোতে ব্রাজিল-আর্জেন্টিনাকে জুড়ে দিলে বিশ্বকাপের আর দরকার পড়ত না। ব্রাজিল-আর্জেন্টিনা এবং বৃহত্তর অর্থে লাতিন দেশগুলো নেই বলে এখানে সৌন্দর্যের চর্চা কম, শক্তিই থাকে আগে। ফুটবলটা এখানে শিল্প নয়, যুদ্ধ। শিল্পীত ফুটবলের পূজারিদের কাছে এটাই ইউরোর সবচেয়ে বড় ঘাটতি। এই ঘাটতি তো আর মিটবে না, কিন্তু এবারের ইউরোতে বড় একটা প্রাপ্তিযোগ ঘটতেই পারে। কারণ, ক্রিশ্চিয়ানো রোনালদো আছেন! এই মৌসুমে যে ফুটবলটা তিনি খেলেছেন সেটা ইউরোতে খেলতে পারলে পর্তুগালের প্রথম ইউরো জয় কেউ আটকাতে পারবে না, কিন্তু তার চেয়েও বড় কথা হলো, রোনালদো তার মতো খেললে ইউরোর স্মরণীয় হয়ে থাকাটাও আটকাতে পারবে না কেউ। এই পর্তুগিজ তরুণের পায়ে এতটাই ফুটবল-যাদু মজুত। ৭ থেকে ৩০ জুন সুইজারল্যান্ড ও অস্ট্রিয়ায় যৌথভাবে অনুষ্ঠেয় ইউরোর এবারের আসরটি থেকে ফুটবল সৌন্দর্যের শ্রেষ্ঠতম রূপটা দেখার আশা করতেই পারেন। হতাশ মনে হয় হতে হবে না! বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএম/এসি/১৭৩৮ঘ.