২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শুক্রবার প্রিমিয়ার হকি লিগ শিরোপার চূড়ান্ত লড়াইয়ে আবাহনী-ঊষা

প্রিমিয়ার হকি লিগ শিরোপার একেবারে হাতছোঁয়া দূরত্বে ঊষা ক্রীড়াচক্র। আর ঢিলছোড়া দূরত্বে আবাহনী। এই দূরত্ব অতিক্রম করে কারা শিরোপাকে আলিঙ্গন করবে তা দেখার জন্য শুক্রবার আবাহনী-ঊষা ম্যাচে চোখ রাখতে হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jun 2008, 04:25 PM

Updated : 26 Aug 2022, 01:56 PM

ঢাকা, মে ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- প্রিমিয়ার হকি লিগ শিরোপার একেবারে হাতছোঁয়া দূরত্বে ঊষা ক্রীড়াচক্র। আর ঢিলছোড়া দূরত্বে আবাহনী। এই দূরত্ব অতিক্রম করে কারা শিরোপাকে আলিঙ্গন করবে তা দেখার জন্য শুক্রবার আবাহনী-ঊষা ম্যাচে চোখ রাখতে হবে। দু'রকম হিসাব নিয়ে শিরোপা নির্ধারনী ম্যাচের সামনে দাঁড়িয়ে গতবারের যুগ্ম চ্যাম্পিয়নরা। ১২ খেলায় ৩১ পয়েন্ট পাওয়া আবাহনীর সামনে জয়ের কোনো বিকল্প নেই। তাদের চেয়ে ২ পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে থাকা ঊষার 'হার্ডল' তুলনামূলকভাবে সহজ, ড্র করলেই লিগ শিরোপা তাদের। কিন্তু সহজ সমীকরণের "ফাঁদ" এড়াতে আবাহনীর মতো ঊষাও জয়ের লক্ষ্য নিয়েই শুক্রবার বিকাল ৪ টায় মাওলানা ভাসানী হকি স্টেডিয়ামে নামবে। গাণিতিকভাবে ঊষা শিরোপার অনেক কাছাকাছি অবস্থান করলেও তাদের কোচ রানা জহির ড্রয়ের চিন্তাকে ফাঁদ হিসেবেই দেখছেন, "হকিতে ড্রয়ের লক্ষ্য নিয়ে খেলা যায় না। যেখানে এক মিনিটে দুটো গোল হতে পারে সেখানে ড্রয়ের জন্য মাঠে নামা বেশ ঝুঁকিপূর্ণ। এই ফাঁদে পা দিলেই সব শেষ হয়ে যাবে। খেলোয়াড়দেরকেও তা-ই বলেছি।" ওরকম কোনো ফাঁদ নেই আবাহনীর সামনে। হঠাৎ করে ফিরে পাওয়া শিরোপা-স্বপ্ন সফল করতে আবাহনী কোচ মাহবুব হারুনের আহ্বান, "একসময় আমরা শিরোপার দৌড় থেকে প্রায় ছিটকে পড়েছিলাম। গত ম্যাচে মোহামেডানকে হারিয়ে আমরা যে সম্ভাবনা তৈরি করেছি তার সুফল ঘরে আনতে হলে আগামীকালের (শুক্রবার) ম্যাচে নিজেদের উজার করে দিতে হবে।" প্রথম লেগে এই ঊষার কাছে হারার পরই শিরোপা-স্বপ্ন ফিকে হয়েছিল আবাহনীর। সুপার লিগে আবার সম্ভাবনা ফিরে আসে মোহামেডানের কাছে ঊষার ৩-২ গোলে হারে। সেটাই পুরনো ঢাকার দলটির লিগে প্রথম পরাজয়। অথচ ১ জুনের ওই ম্যাচ জিতলে সেদিনই ঊষা লিগ চ্যাম্পিয়ন হয়ে যেতো। পরের ম্যাচে আবাহনী মোহামেডানের কাছে হারলেও শিরোপার জন্য এ ম্যাচ পর্যন্ত অপেক্ষা করতে হতো না তাদের। কিন্তু ৩ জুনের সেই ম্যাচে আবাহনী ৬-৫ গোলে মোহামেডানকে হারিয়ে দারুণভাবে ফিরে আসে শিরোপা-দৌড়ে। আবাহনীর ফেরা মানে ঊষার ওপর চাপ। তাদের পাকিস্তানী কোচ মনে করেন তাতে তাদের কাজটা এখন বেশ কঠিন হয়ে গেছে, "স্বাভাবিকভাবে হেরে যাওয়ার একটা নেতিবাচক প্রভাব পড়ে দলের ওপর। মানসিকভাবে খেলোয়াড়দের চাঙ্গা করার চেষ্টা করছি। তবে সবচেয়ে বড় কথা হচ্ছে, আমাদের আবাহনীকে হারানোর মতো সামর্থ্য আছে। সেটা আমরা প্রমাণও করেছি। এই আত্মবিশ্বাস বুকে নিয়ে মাঠে নামলে কাজ সহজ হয়ে যাবে।" আত্মবিশ্বাস না হয় ফেরানো গেলো, ডিফেন্সের দূর্বলতা ঢাকার উপায় কী ? ঊষার কোচও সে প্রশ্নের উত্তর খুঁজছেন, "আসলে আমার দলের বড় সমস্যার জায়গা এটা। গোল দিয়েও ধরে রাখতে পারিনা আমরা। আপাতত একটা উপায়ই দেখছি, গোলের সুযোগ বেশি নষ্ট করা যাবে না।" আবাহনীও ভুগছে একই সমস্যায়, দু-একটা আক্রমণ হলেই হা হয়ে যায় তাদের গোলমুখ। যে কারণে মোহামেডানের সঙ্গে জিতেছে তারা ন্যূনতম ব্যবধানে। তবে শিরোপা নির্ধারনী ম্যাচে এ সমস্যা কাটিয়ে ওঠার জন্য পাকিস্তান থেকে নিয়ে আসা হয়েছে কাশিফ আলীকে। এশিয়াডে পাকিস্তান দলের হয়ে খেলা এই ডিফেন্ডারকে পেয়ে বেশ উচ্ছ্বসিত আবাহনী কোচ মাহবুব হারুন, "কাশিফ এসেছে, ফারুকও খেলতে পারবে। আশা করি এই ম্যাচে ডিফেন্স নিয়ে তেমন সমস্যা হবে না।" কিন্তু পরিবর্তিত এই ডিফেন্সেরও ঊষার আক্তার আলীকে ঠেকানোর ক্ষমতা আছে কিনা সেটাই বড় প্রশ্ন। এই পাকিস্তানী ফরোয়ার্ড একাই ম্যাচের ভাগ্য গড়ে দিতে পারেন। প্রথম লেগে ৬-৩ গোলে হারা ম্যাচে তা ভালোভাবেই টের পেয়েছে আবাহনী। তাই মাহবুব হারুনের কৌশলেও বড় জায়গা জুড়ে আছেন এই পাকিস্তানী, "আক্তার আলীকে নিয়ে আমার আলাদা চিন্তা আছে। তাকে খেলার জায়গা দেওয়া হবে না।" বিষয়টা তিনি স্পষ্ট না করলেও বোঝা গেল, মোহামেডানের ম্যাচে পাকিস্তানী সাব্বিরকে যেভাবে বাক্সবন্দী করা হয়েছিল সেভাবে আক্তার আলীকেও নিষ্ক্রিয় করার কথা ভাবছেন হারুন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/এসি/১৯১৭ ঘ.