ঢাকা, জুন ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--- বন্ধ হয়ে থাকা আগা খান আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টে আবার শুরুর সম্ভাবনা জেগে উঠেছে। বুধবার বাংলাদেশে প্রিন্স আগা খানের অনুসারীদের সংগঠন শিয়া ইমামী ইসলামিক কাউন্সিলের প্রতিনিধিদের সঙ্গে বাফুফে কর্মকর্তাদের সভায় সেরকম ইঙ্গিত পাওয়া গেছে।
বাফুফে ভবনে অনুষ্ঠিত এই সভা শেষে বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন জানিয়েছেন, "সভায় আগা খান ফুটবল টুর্নামেন্ট চালুর সম্ভাব্যতা নিয়ে আলোচনা হয়েছে। এখনো চূড়ান্ত কিছু বলার মতো অবস্থায় তৈরি হয়নি। তবে টুর্নামেন্ট আয়োজনের জন্য কী পরিমান খরচ হবে তার একটা বাজেট চেয়েছে তারা। এক সপ্তাহের মধ্যে তাদের বাজেট জানিয়ে দেবো বলেছি।"
এই সভায় প্রিন্স আগা খান শিয়া ইমামী ইসলামিক কাউন্সিল ফর বাংলাদেশের সভাপতি হাবিব হিরজীর নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধিদল উপস্থিত ছিলেন। তাদের সঙ্গে আলোচনা করেছেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন, তিন সহ-সভাপতি বাদল রায়, শওকত আলী খান জাহাঙ্গীর, নাবিল আহমেদ এবং সদস্য হারুনুর রশীদ।
সভার ফল ইতিবাচক হলেও বাফুফে সভাপতি বলেছেন, "এখানকার প্রতিনিধিরা কোনো সিদ্ধান্ত দিতে পারবেন না। আমাদের বাজেট নিয়ে তারা প্যারিসে পাঠিয়ে দেবেন। ওখান থেকেই চূড়ান্ত সিদ্ধান্ত আসবে।" প্রিন্স করিম আগা খানের বর্তমান আবাস ফ্রান্সে।
গত মাসে তিনি বাংলাদেশ সফরে এলে আলোচনায় আসে বন্ধ হয়ে যাওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টের বিষয়টি। ১৯৫৮ সালে শুরু হয়ে টুর্নামেন্টটি নিয়মিতভাবেই আয়োজিত হয়েছে ১৯৮২ সাল পর্যন্ত। তারপরই সেটা বন্ধ হয়ে যায় অর্থাভাবের কারণে। প্রধান উপদেষ্টার সঙ্গে আনুষ্ঠানিক সাক্ষাতে বন্ধ হওয়ার খবর শুনে করিম আগা খান বিস্ময় প্রকাশ করেছিলেন। তারপর থেকেই শুরু হয় টুর্নামেন্ট চালু করার নতুন উদ্যোগ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/এমএম/১৯২০ঘ.
bdnews24