নিউইয়র্ক, ১ জুন (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- উসেইন বোল্ট এখন বিশ্বের দ্রুততম মানব! শনিবার রিবক গ্রাঁ প্রি-তে ১০০ মিটার সিপ্রন্টে নতুন বিশ্ব রেকর্ড গড়েছেন তিনি। ২১ বছর বয়সী এই জ্যামাইকান সময় নিয়েছেন ৯.৭২ সেকেন্ড। গত সেপ্টেম্বরে ৯.৭৪ সেকেন্ড সময় নিয়ে আগের রেকর্ডটা গড়েছিলেন বোল্টেরই স্বদেশী আসাফা পাওয়েল।
অথচ এই প্রতিযোগিতার আগে বোল্ট এবং তার কোচ দু জনই অন্য ধরনের এক ইঙ্গিত দিয়েছিলেন। বেইজিং অলিম্পিকে ২০০ মিটারে অংশ নিলেও ১০০ মিটারে বোল্টের অংশগ্রহণ সম্পর্কে সংশয়ের কথা জানিয়েছিলেন তারা। কিন্তু নিউইয়র্কের আইকান স্টেডিয়ামে অত্যাশ্চর্য এক পারফরম্যান্স শেষে বিশ্বের দ্রুততম মানবের কণ্ঠে ভিন্ন সুর, "আমি অবশ্যই অলিম্পিকে ১০০ মিটারে দৌড়াবো।"
বিশ্ব রেকর্ড নিয়ে তিনি স্বাভাবিকভাবেই দারুণ রোমাঞ্চিত। কিন্তু তারপরও বিশ্বরেকর্ডের চেয়ে অলিম্পিকের সাফল্যকেই এগিয়ে রাখতে আগ্রহী বোল্ট, "আমি মনে করি না এই দুটোর মধ্যে কোনো রকম তুলনা চলে। অলিম্পিক বা বিশ্ব চ্যাম্পিয়ন হলে তা আসলেই হিসাবের মধ্যে থাকে। আগামীকাল কেউ এসে আমার চেয়ে দ্রুতগতিতে দৌড়ালে আমি আর বিশ্বের দ্রুততম মানব থাকতে পারবো না। কিন্তু আমি অলিম্পিক চ্যাম্পিয়ন হলে অন্য কাউকে তার জন্য চার বছর অপেক্ষায় থাকতেই হবে। আমি মনে করি অলিম্পিকই সবচেয়ে বড় বিষয়। তাই আমি নিঃসন্দেহে সেদিকেই তাকিয়ে আছি।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/১৯৪৬ঘ.
bdnews24