ঢাকা, ২৮ মে (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- প্রস্তুতির ঘাটতি পুষিয়ে নিতেই ব্যাংককে দুটো প্রস্তুতি ম্যাচের আয়োজন করা হয়েছিল। কিন্তু সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের আগে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সেই প্রস্তুতিও বাঁধাগ্রস্ত। বুধবার ব্যাংকক গ্লাস ক্লাবের বিপক্ষে প্রথম ম্যাচটা ভেসে গেছে বৃষ্টিতে। শুরুর ১৫ মিনিট পর বৃষ্টির তোড়ে খেলাটা পরিত্যক্তই ঘোষিত হয়। বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) সূত্রে এই খবর জানা গেছে।
সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপে অংশ নিতে শুক্রবার রাতে ব্যাংকক থেকে শ্রীলঙ্কা যাচ্ছে গোলরক্ষক আমিনুল হকের নেতৃত্বাধীন বাংলাদেশ দল। তার আগে ওইদিন বিকেলেই তারা শেষ প্রস্তুতি ম্যাচটি খেলবে বেক তেরো সাসানার বিপক্ষে, যারা থাইল্যান্ড ফুটবল লিগের বর্তমান চ্যাম্পিয়ন।
৩ জুন শুরু হয়ে ১৪ জুন পর্যন্ত শ্রীলঙ্কা ও মালদ্বীপে অনুষ্ঠিত হবে পঞ্চম সাফ চ্যাম্পিয়নশিপ। বাংলাদেশের প্রথম ম্যাচ ৪ জুন দুর্বল ভুটানের বিপক্ষে। ৬ জুন আফগানিস্তানের সঙ্গে খেলার পর ৮ জুন বাংলাদেশ মুখোমুখি হবে স্বাগতিক শ্রীলঙ্কার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/এমএম/১৭২৫ঘ.
bdnews24