ঢাকা, মে ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--- হঠাৎ করে দলবদলের বাজার চাঙ্গা হয়ে গেছে। নীরব ব্রাদার্স সরব হয়ে ওঠায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে ফুটবলারদের মধ্যে। ফুটবলার নিয়ে ব্রাদার্স ও মোহামেডানের কাড়াকাড়িতে এখন খানিকটা জমে উঠেছে বি. লিগের দলবদল।
মুক্তিযোদ্ধার কোনো হেলদোল না দেখে তাদের ফুটবলাররা এখন মোহামেডানমুখী। রোববার রাতে নতুন মৌসুমে মোহামেডানে খেলা চূড়ান্ত করে এসে হাসান আল মামুন বলেছেন, "আমি মুক্তিযোদ্ধার জন্য অনেক অপেক্ষা করেছি। তাদের পক্ষ থেকে সেরকম সাড়া না পেয়ে মোহামেডানে চুক্তি করে ফেলেছি। এছাড়া আমিনুল, রজনী ও আরমান আজিজ এবার মোহামেডানে খেলবে।" আমিনুল-রজনীরা শনিবার মোহামেডানে গেলেও হাসান আল মামুন মুক্তিযোদ্ধার ডাকের অপেক্ষায় ছিলেন। কারণ দীর্ঘ ১০ বছরের সম্পর্কে ছেদ টানতে তিনি নিজের সঙ্গে লড়াই করেছেন, "আমি সেই ১৯৯৭ সাল থেকে মুক্তিযোদ্ধায়, মাঝে একবারও দল পাল্টাইনি। এটাই আমার ঠিকানা মনে করতাম। এই মায়ার বাঁধনে ছেড়ে যেতে কষ্ট হয়েছে।"
এছাড়া ফকিরেরপুলের কমল, চট্টগ্রাম মোহামেডানের সৈকত ও রহমতগঞ্জের রবিনকে টেনে আপাতত শক্তিশালী দল গড়ার দিকেই মনযোগী হয়েছে গতবারের বি. লিগের রানার্স আপরা।
কিন্তু মোহামেডানকে বড়সড় ধাক্কা খেয়েছে ব্রাদার্স আরিফুল ও জাহিদ হোসেনকে নিয়ে গিয়ে। গত ১৫ মে থেকে দলবদল শুরু হয়ে গেলেও শনিবার তারা হঠাৎ জেগে ওঠেছে এবং হানা দিয়েছে আবাহনী-মোহামেডান শিবিরে। দলের ম্যানেজার আমের খানের দাবি অনুযায়ী তারা অনেকটাই গুছিয়ে ফেলেছে। তিনি বলেছেন, "আমরা কোনো জেন্টলম্যান এগ্রিমেন্টের মধ্যে নেই। দেশের ফুটবল ও ফুটবলারদের কথা ভেবে আমরা ভাল দল গড়ার উদ্যোগ নিয়েছি। আমার মোহামেডান ও আবাহনী থেকেও ফুটবলার নিয়েছি।"
মোহামেডান থেকে নিয়ে গেছে জাহিদ হোসেন ও আরিফুলকে। আর সবচেয়ে বড় চমক দেখিয়েছে তারা আবাহনীর সুজনকে নিয়ে গিয়ে, সঙ্গী হয়েছেন আব্দুল্লাহ পারভেজ। এছাড়া ফরাশগঞ্জের অরূপ বৈদ্য ও রনি ইসলাম, শেখ রাসেলের জিয়া, শাকিল, মিশু ও রিক্ত আরামবাগের জুকু, ভিক্টোরিয়ার মিথুনকে দলভুক্ত করেছে ব্রাদার্স। গতবারের বেশিরভাগ ফুটবলার দলে থেকে গেলেও জুয়েল রানাকে ছেড়ে দিতে পারে তারা। আমের খান বলেছেন, "আমাদের আগের বেশিরভাগ ফুটবলারই থেকে যাচ্ছে। তবে আনুষ্ঠানিকভাবে বিদায় নেবেন বলে জুয়েল রানাকে মোহামেডানে ছেড়ে দিতে হতে পারে। তার প্রাপ্য সম্মান দিলে জুয়েল মোহামেডানে যাবেন নইলে ব্রাদার্সেই থেকে যাবেন।"
মোহামেডান-ব্রাদার্সের সরব উপস্থিতিতে ফুটবলারদের বাজারদরও বেড়েছে বলে খবর। সর্বোচ্চ ১০ লাখ টাকা করে পাচ্ছেন আমিনুল, রজনী, হাসান আল মামুন ও মোহাম্মদ সুজন। এর আগে বাজারের নিস্তেজ অবস্থায় আবাহনী সর্বোচ্চ ৮ লাখ টাকা করে দিয়ে চুক্তি সেরে নিয়েছে জয়, নজরুল ও এমিলিদের সঙ্গে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/এমএম/২১২০ঘ.
bdnews24