২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কিশোরদের ফুটবলের প্রথম পাঠ দিতে ঢাকায় রোমার চার কোচ

ব্যবসা-অঙ্গন থেকে ওয়াইকেকে হোল্ডিং এবার ফুটবল অঙ্গনে। ব্যবসার পাশাপাশি এই আন্তর্জাতিক প্রতিষ্ঠান বাংলাদেশের শিশু-কিশোরদের ফুটবল শেখানোর কাজে নেমেছে এএস রোমার ফুটবল কোচদের সঙ্গে নিয়ে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 May 2008, 04:52 PM

Updated : 26 Aug 2022, 01:52 PM

ঢাকা, মে ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--- ব্যবসা-অঙ্গন থেকে ওয়াইকেকে হোল্ডিং এবার ফুটবল অঙ্গনে। ব্যবসার পাশাপাশি এই আন্তর্জাতিক প্রতিষ্ঠান বাংলাদেশের শিশু-কিশোরদের ফুটবল শেখানোর কাজে নেমেছে এএস রোমার ফুটবল কোচদের সঙ্গে নিয়ে। সামাজিক দায়বদ্ধতার উপলব্ধি থেকেই ওয়াইকেকে হোল্ডিং এশিয়া প্রাইভেট লি. ও এএস রোমা ফুটবল ক্লিনিকে কাজ করছে এক হয়ে। স্থানীয় এক হোটেলে বৃহস্পতিবার আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে ওয়াইকেকে এশিয়ার ব্যবস্থাপনা পরিচালক কেন নাকানো বলেছেন, "স্থানীয় জনগোষ্ঠীর সঙ্গে কাজ করার এবং তাতে অবদান রাখার জন্য ওয়াইকেকের কাছে এ ধরনের প্রজক্টের গুরুত্ব অনেক। আমি বিশ্বাস করি এ প্রজেক্ট বাংলাদেশ ও ইন্দোনেশিয়ার শিশুদের মধ্যে ব্যাপক আনন্দ বয়ে আনবে। এ ধরনের ইভেন্টের মাধ্যমে আমরা শিশুদের বেড়ে ওঠায় সহযোগিতা করতে চাই।" যেখানে তাদের ব্যবসা সেখানে ফুটবল ক্লিনিক আয়োজনের মাধ্যমে তারা সামাজিক দায়িত্ব পালন করছে। গত বছর প্রথম এ ধরনের প্রজেক্ট শুরু করে সিঙ্গাপুরে। এবার আয়োজন করছে বাংলাদেশ ও ইন্দোনেশিয়ায়। বাংলাদেশের ১৪টি স্কুলের প্রায় ৩০০ ছাত্রকে নিয়ে তারা কাজ শুরু করছে। অবশ্য বৃহস্পতিবার বিকেলে বুয়েট মাঠে ৩০ জন স্থানীয় কোচের ট্রেনিংয়ের মাধ্যমে শুরু হয়েছে যা চলবে শনিবার পর্যন্ত। আর এই ক্লিনিকের তত্ত্বাবধান করছেন রোমার চার কোচ, সঙ্গে কাজ করবেন স্থানীয় কোচরা। সকাল-বিকাল দুই সেশনে প্র্যাকটিস হবে। মাত্র এ কদিনের প্র্যাকটিসেই কারো পক্ষে প্রকৃত ফুটবলার হয়ে ওঠা সম্ভব ? "না, অনেক পরিশ্রম করতে হবে। আমরা শুধু ফুটবলের প্রথম পাঠ দিয়ে যাবো"-- বলেছেন ফুটবল ক্লিনিকের প্রধান কোচ মোওরিজিও রেমন তুরোনি। এএস রোমার সাবেক ফুটবলার মোওরিজিও রেমন তুরোনি এশিয়া ও ওশেনিয়া অঞ্চলে এএস রোমার স্কুলগুলোর এই টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে কাজ করেন। তিনি বলেছেন, "বাংলাদেশে কাজ করা একটা ভিন্ন ধরনের চ্যালেঞ্জ। কারণ এখানে সংস্কৃতি ও ভাষাগত বাধা আছে হিসেবে কাজ করছেন। তাছাড়া এই ক্লিনিকের মাধ্যমে এখানকার বিশাল জনগোষ্ঠীর মধ্যে রোমার সমর্থক তৈরি করার কাজটাও হবে।" তার কোচিং স্টাফের অন্য তিন সদস্য হচ্ছে ইতালী জাতীয় দলের সাবেক ফুটবলার মাউরো জিরোনেল্লি, মরিস পেগনিয়েল্লো ও জো ডি মার্টিনো। তিন জনই এশিয়া-ওশেনিয়া অঞ্চলে রোমার বিভিন্ন স্কুলে কোচের দায়িত্ব পালন করছেন। স্কুল ফুটবল টুর্নামেন্ট থেকে ১০ থেকে ১৪ বছর বয়সী কিশোর ফুটবলারদের বাছাই করা হয়েছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়েছে। সংবাদ সম্মেলনে বাফুফের পক্ষ থেকে উপস্থিত ছিলেন দুই সহ-সভাপতি শওকত আলী খান জাহাঙ্গীর ও কাজী নাবিল আহমেদ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/এমএম/১৮৪৫ঘ.