মস্কো, ২২ মে (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ম্যানচেস্টার ইউনাইটেডের মাথায় এখন ইওরোপের সেরা ক্লাবের মুকুট। বুধবার রাতে চ্যাম্পিয়ন্স লিগের প্রথম 'অল ইংলিশ' ফাইনালে তারা নাটকীয়ভাবে টাইব্রেকারে ৬-৫ গোলে হারিয়ে দিয়েছে চেলসিকে। নির্ধারিত ৯০ ও অতিরিক্ত ৩০ মিনিটের খেলা অমীমাংসিত ছিল ১-১ গোলে। ম্যানইউ'র পক্ষে গোল করেছেন ক্রিস্টিয়ানো রোনালদো, আর চেলসির গোলদাতা ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ড।
মাত্র ১০ দিন আগে ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা অক্ষুন্ন রাখা নিশ্চিত করায় মৌসুমটা 'ডাবল' জয় দিয়েই শেষ করলো ম্যানইউ। সেজন্য অবশ্য ভাগ্যদেবীকে ধন্যবাদ জানানো উচিৎ 'রেড ডেভিল'দের। ২৬ মিনিটে ওয়েস ব্রাউনের ক্রস থেকে রোনালদোর হেড তাদের এগিয়ে দিলেও ম্যাচে বেশি সুযোগ পেয়েছিল চেলসিই। মৌসুমে পর্তুগিজ তারকার ৪২তম গোলের কিছুক্ষণ পর সৌভাগ্যক্রমে আত্মঘাতী গোলের হাত থেকে বেঁচেও যায় তারা। অধিনায়ক রিও ফার্ডিনান্ডের হেড দারুণ দক্ষতার সঙ্গে ঠেকিয়ে সে যাত্রা তাদের রক্ষা করেন গোলকিপার এডউইন ফন ডার সার।
ম্যানইউ'র সামনেও অবশ্য ব্যবধান বাড়ানোর সুযোগ এসেছিল। কিন্তু চেলসির গোলকিপার পিয়েতর চেকের অসাধারণ দৃঢ়তায় নষ্ট হয় সেই সুযোগ। প্রথমে কার্লোস তেভেজের হেড ঠেকিয়ে দেন চেক। ফিরতি বলে মাইকেল ক্যারিকের জোরালো শটও ফিরিয়ে 'ব্লূজ'কে ০-২ ব্যবধানে পিছিয়ে পড়ার হাত থেকে রক্ষা করেন চেক প্রজাতন্ত্রের এই গোলকিপার। আক্রমণ-পাল্টা আক্রমণে ভরা উপভোগ্য প্রথমার্ধ শেষ হওয়ার ঠিক আগে ম্যাচে সমতা নিয়ে আসে চেলসি। মাইকেল এসিয়েনের দূর থেকে নেয়া শট ম্যানইউ ডিফেন্ডার নেমানিয়া ভিদিচের পায়ে লেগে বল ল্যাম্পার্ডের কাছে এলে দারুণ চাতুর্যের সঙ্গে লক্ষ্যভেদ করেন তিনি।
দ্বিতীয়ার্ধে খেলার গতি বেশ স্তিমিত হয়ে পড়লেও ম্যাচের নিয়ন্ত্রণ ছিল চেলসির হাতে। মাইকেল বালাক ও এসিয়েনের দূরপাল্লার শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হওয়ার পর ৭৮ মিনিটে 'ব্লুজ'-এর দুর্ভাগ্যের সূচনা। প্রায় ২০ মিটার দূর থেকে নেয়া দিদিয়ের দ্রগবার আচমকা শটটা বুঝতেই পারেননি ফন ডার সার। কিন্তু তাকে ফাঁকি দিলেও সাইডবারে লেগে বল ফিরে আসে মাঠে। প্রথমার্ধে নাকে আঘাত পেয়েছিলেন বার্সেলোনার বিপক্ষে সেমিফাইনালের ফিরতি লেগে ম্যানইউ'র জয়ের নায়ক পল স্কলস। রক্তও ঝরছিল তার নাক থেকে। তবে সেই অবস্থাতেই খেলা চালিয়ে যান ইংল্যান্ড জাতীয় দলের সাবেক মিডফিল্ডার। অবশেষে ৮৭ মিনিটে স্কলসের জায়গায় মাঠে নেমেই ববি চার্লটনকে পেছনে ফেলে ম্যানইউ'র পক্ষে সবচেয়ে বেশি ম্যাচ খেলার (৭৫৯টি) রেকর্ড গড়েন রায়ান গিগস।
অতিরিক্ত সময়েও দুর্ভাগ্য পিছু ছাড়েনি চেলসির। চতুর্থ মিনিটে ল্যাম্পার্ডের শট বাধা পায় ম্যানইউ'র ক্রসবারে। গিগসও অবশ্য দুর্ভাগা। তবে তার শট পোস্টে লাগেনি, গোল পোস্টের ঠিক সামনে থেকে দুর্দান্তভাবে হেড করে বাঁচিয়ে দিয়েছেন টেরি। অতিরিক্ত সময় শেষ হওয়ার মিনিট তিনেক আগে একটি ফাউলের ঘটনায় মাথা গরম করে ভিদিচকে চড় মারেন দ্রগবা। রেফারিও সঙ্গে সঙ্গে লালকার্ড দেখান চেলসির তারকা স্ট্রাইকারকে। দ্বিতীয়ার্ধের শুরু থেকেই অবশ্য গায়ের জোরের প্রদর্শনী চলছিল ম্যাচে। যার শেষ পরিণতি দ্রগবার 'মার্চিং অর্ডার'-এর নাটকীয়তা।
টাইব্রেকারের নাটকীয়তা অবশ্য তখনো বাকি। ম্যানইউ'র তেভেজ ও ক্যারিক এবং চেলসির বালাক ও বেলেত্তি লক্ষ্যভেদ করায় প্রথম দুটো করে শট শেষে দু দলই ছিল সাম্যাবস্থায়। 'রেড ডেভিল'দের পক্ষে তৃতীয় শট নিতে এলেন এ মৌসুমে তাদের সেরা তারকা রোনালদো। কিন্তু চেক তার শট ঠেকিয়ে দিলে উল্লাসে ফেটে পড়ে চেলসি ভক্তরা। এরপর ল্যাম্পার্ড, হারগ্রিভস, অ্যাশলি কোল ও ন্যানি গোল করলে টাইব্রেকারের স্কোর দাঁড়ায় ৪-৪। তবে তখনো একটা শট বাকি থাকায় চেলসির সামনে লন্ডনের প্রথম ক্লাব হিসাবে ইওরোপ-সেরা হওয়ার হাতছানি।
গোল করলেই চ্যাম্পিয়ন --- এমন সমীকরণ মাথায় নিয়ে শট নিতে এলেন টেরি। কিন্তু অবিশ্রান্ত বৃষ্টিতে ভিজে যাওয়া মাঠে পা পিছলে যাওয়ায় চেলসি অধিনায়কের শট চলে গেল ডান সাইডবারের পাশ দিয়ে। ম্যানইউ সমর্থকরাও লাফিয়ে উঠলো আনন্দে। প্রথম পাঁচ শটে নিষ্পত্তি না হওয়ায় শুরু হলো 'সাডেন ডেথ'। সেখানে অ্যান্ডারসন, সলোমন কালু ও গিগস গোল করার পর নিকোলাস অ্যানেলকার শট ঠেকিয়ে দিলেন ম্যানইউ'র ডাচ গোলকিপার ফন ডার সার। আর তৃতীয় বারের মতো ইওরোপের সেরা ক্লাব হওয়ার উচ্ছ্বাসে ভেসে গেল অ্যালেক্স ফার্গুসনের দল। এর আগে ১৯৬৮তে তখনকার ইওরোপিয়ান ক্লাব কাপ এবং '৯৯তে ফার্গুসনের অধীনেই চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জিতেছিল তারা।
এই জয়ে ভাগ্যকেই সবার আগে ধন্যবাদ দিয়েছেন ফার্গুসন, "পুরো মৌসুমেই ভাগ্য আমাদের সহায়তা করেছে। আর আমার মনে হয়েছে জন টেরির পিছলে পড়ার মাধ্যমে ভাগ্য আমাদের দিকে হাত বাড়িয়ে দিয়েছে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/১৩৪১ঘ.
bdnews24