ঢাকা, ২০ মে (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- উষার অপ্রতিরোধ্য গতির সামনে রীতিমতো উড়ে গেছে মোহামেডান। মঙ্গলবার মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে প্রিমিয়ার হকি লিগে বড় ব্যবধানেই জিতেছে গত বছরের যুগ্ম চ্যাম্পিয়নরা। শুরু থেকেই প্রতিপক্ষকে চেপে ধরা উষার এই জয়টা ৫-৩ গোলের।
এই জয়ে লিগের পয়েন্ট তালিকায় উষার শীর্ষস্থান মজবুত হল আরো। টানা অষ্টম জয়ে তাদের পয়েন্ট এখন ২৫, যা দ্বিতীয় স্থানে থাকা আবাহনীর চেয়ে ৫ বেশি। আবাহনী অবশ্য তাদের চেয়ে একটা ম্যাচ কম খেলেছে। ৮ ম্যাচ খেলে মোহামেডানের সংগ্রহ ১৭ পয়েন্ট।
পাকিস্তানি খেলোয়াড় আকতার আলী উষার এই জয়ের নায়ক। একাই চার গোল করে ম্যাচের সেরা খেলোয়াড়ও হয়েছেন তিনিই। অবশ্য ম্যাচে প্রথমে গোল করে এগিয়ে গিয়েছিল মোহামেডানই। ৪ মিনিটে পাকিস্তানি খেলোয়াড় মোহাম্মদ সাব্বিরের গোলে পিছিয়ে পড়া উষার সমতায় ফিরতে সময় লাগেনি বেশি। ১২ মিনিটে দলকে সমতায় ফেরানো আক্তার আলীই ব্যবধান ২-১ করেন ১৫ মিনিটে। দ্বিতীয় গোলটা হয়েছে পেনাল্টি স্ট্রোক থেকে। ৩১ মিনিটে মাকসুদ আলম হাবুলের গোলের ২ মিনিট পরই আক্তারের গোলে ব্যবধান ৪-১ হয়। এরপর ৫৮ মিনিটে নিজের চতুর্থ গোলটি করেন তিনি। চারটি গোল করলেও মাঝখানে হাবুলের গোলের জন্য হ্যাটট্রিক হয়নি আকতার আলীর। হকিতে হ্যাটট্রিক হতে হলে পরপর তিনটি গোল করতে হয়।
আকতারের চতুর্থ গোলের আগে-পরে পেনাল্টি স্ট্রোক ও পেনাল্টি কর্নার থেকে দুটো গোল করে ব্যবধান কমায় মোহামেডান। গোল দুটো করেছেন কামারুজ্জামান রানা ও ইসা মিয়া।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/এমএম/২০২৫ঘ.
bdnews24