কুয়ালা লামপুর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী সালাউদ্দিন প্রতিশ্র"তি দিয়েছেন, ফুটবলারদের সঙ্গে অন্যায় কোনো আচরন তিনি হতে দেবেন না। এএফসি সভাপতির সঙ্গে দেখা করতে দিন কয়েক আগে কুয়ালা লামপুর গিয়েছেন সালাউদ্দিন, এর মাঝখানেই ঢাকায় ঘটেছে 'জেন্টেলম্যান অ্যাগ্রিমেন্ট' নিয়ে ফুটবলারদের অসন্তোষের ঘটনাটা। সেটা শুনে তার প্রতিক্রিয়াতে ফেডারেশন সভাপতি জানিয়েছেন, খেলোয়াড়দের সঙ্গে কোনো অন্যায় হতে দেবেন না তিনি। এবং একইসঙ্গে আশাবাদ ব্যক্ত করেছেন বছরখানেকের মধ্যে বাংলাদেশের ফুটবলকে আমূল বদলে দেয়ার।
কুয়ালা লামপুরে এশিয়ান কনফেডাশেন এএফসি ডটকমকে দেয়া সাক্ষাৎকারে সালাউদ্দিন বলেছেন,'আমাদের দেশে ফুটবলাররা ৬ মাস অলস বসে থাকে, কারণ সেসময় কোনো ফুটবল কার্যক্রম থাকে না। আন্তর্জাতিক পর্যায়েও দলের ব্যর্থতার এটা একটা কারণ।' এই অবস্থা বদলে দিতে তার পরিকল্পনার কথাও জানিয়েছেন তিনি,' আমাদের অনেক সমস্যা আছে কিন্তু আমি দায়িত্ব নেয়ার পর স্পনসরসহ অন্যদের কাছ থেকে খুবই ইতিবাচক প্রতিক্রিয়া পেয়েছি। আমি আশা করি এক বছরের মধ্যে অনেক ইতিবাচক পরিবর্তন আমরা দেখবো।'
জাতীয় দল থেকে শুরু করে অনূর্ধ্ব-২০, অনূর্ধ্ব-১৭ সব পর্যায়ের দলের জন্য বিদেশী কোচ আনার ইচ্ছার কথা জানানোর পাশাপাশি সালাউদ্দিন জানিয়েছেন ফেডারেশনের কর্মকাণ্ড সুষ্ঠুভাবে পরিচালনার জন্য একজন বেতনভোগী সার্বক্ষণিক সাধারণ সম্পাদক নিয়োগের কথাও। শ্রীলঙ্কায় অনুষ্ঠিতব্য সাফ ফুটবলের প্রস্তুতির অংশ হিসেবে বাংলাদেশ দলের ব্যাংককে দুটো প্রস্তুতি ম্যাচ খেলার ব্যাপারটাও এই সাক্ষাৎকারে নিশ্চিত করেছেন তিনি।
কিন্তু যাদেরকে কেন্দ্র করে সালাউদ্দিনের ফুটবলকে জাগিয়ে তোলার স্বপ্ন, সেই ফুটবলাররা এমনকি বিদ্রোহ পর্যন্ত করে বসেছেন। কারণ খেলোয়াড়দের দলবদলের অধিকার নিয়ন্ত্রণ করতে ক্লাবগুলোর 'জেন্টেলম্যান অ্যাগ্রিমেন্টের' তৎপরতা। ঢাকা থেকে সেটা জানানো হয়েছে সভাপতিকে। ফেডারেশন এক্ষেত্রে ফুটবলারদের পাশে থাকবে এবং তাদের প্রতি কোনো অন্যায় হতে দেবেন না, কর্মকর্তাদের মাধ্যমে খেলোয়াড়দের এই বার্তা পৌঁছে দিয়েছেন সালাউদ্দিন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআর/এমএম/২২১০ঘ.
'
bdnews24