২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশের অলিম্পিক বাজেট নিয়ে অনেক প্রশ্ন

এখনো বাংলাদেশের পদক জয়ের স্বপ্ন সীমায়িত হয়ে আছে দক্ষিণ এশীয় গেমসে (এসএ গেমস)। মাঝে মাঝে তা কমনওয়েলথ গেমস পর্যন্ত পৌঁছালেও বাংলাদেশের জন্য অলিম্পিক গেমস এখনো প্রমোদ ভ্রমণ। কিন্তু স্বপ্নহীন বেজিং অলিম্পিক ভ্রমণ-বাজেট ইতিমধ্যে নানাভাবে প্রশ্নবিদ্ধ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 May 2008, 04:33 PM

Updated : 26 Aug 2022, 01:51 PM

ঢাকা, মে ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--- এখনো বাংলাদেশের পদক জয়ের স্বপ্ন সীমায়িত হয়ে আছে দক্ষিণ এশীয় গেমসে (এসএ গেমস)। মাঝে মাঝে তা কমনওয়েলথ গেমস পর্যন্ত পৌঁছালেও বাংলাদেশের জন্য অলিম্পিক গেমস এখনো প্রমোদ ভ্রমণ। কিন্তু স্বপ্নহীন বেজিং অলিম্পিক ভ্রমণ-বাজেট ইতিমধ্যে নানাভাবে প্রশ্নবিদ্ধ। আগামী ৬ থেকে ২৫ আগস্ট বেজিংয়ে অনুষ্ঠেয় ২৯ তম অলিম্পিক গেমসের অংশগ্রহনের জন্য বিওএ ৫৭ লাখ ৮৮ হাজার টাকা চেয়ে বাজেট জমা দিয়েছে ক্রীড়ামন্ত্রণালয়ে। যে গেমসে কোনো পদকের সম্ভাবনা নেই সেখানে যাচ্ছে ১৯ জনের বিশাল এক বহর ! আর এজন্য খরচ হবে প্রায় ৫৮ লাখ টাকা ! প্রধান উপদেষ্টার বেজিং অলিম্পিকে যাওয়া এখনো নিশ্চিত না হলেও তার এবং তার অতিথির জন্য অর্থ বরাদ্দ চাওয়া হয়েছে। অ্যাথলেট,কোচ,টিম ম্যানেজার ও ইয়ুথ ক্যাম্পের সদস্যদের বিমান ভাড়া সরকারের কাছে চাওয়া নিয়েও বিতর্ক আছে। প্রায় ৫৮ লাখ টাকার এই বাজেটে শুধু চারজনের জন্য খরচ ধরা হয়েছে ৩৭ লাখ ৫২ হাজার টাকা। এই চারজন হচ্ছেন প্রধান উপদেষ্টা ও তার অতিথি এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ও তার অতিথি। তাদের বিমান ভাড়া এবং ১৮ দিনের থাকা-খাওয়া বাবদ ওই খরচ ধরা হয়েছে। তবে প্রধান উপদেষ্টা অলিম্পিক গেমসে যাবেন কিনা এই প্রশ্নে তার প্রেস সচিব ফাহিম মোনায়েম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন, "এই মুহূর্তে আমার জানা নেই।" এর আগে অবশ্য বাংলাদেশের প্রধানমন্ত্রী কিংবা রাষ্ট্রপতির অলিম্পিক গেমসে যাওয়ার নজির নেই। অথচ প্রধান উপদেষ্টা বেজিং অলিম্পিকে যাবেন এবং ১৮ দিন থাকবেন, এরকমই উল্লেখ করা হয়েছে বাজেট বিবরণীতে। এছাড়া প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ও তার অতিথির জন্যও ১৮ দিনের হোটেল ভাড়া ধরা হয়েছে। বিওএ আগেই ৬ অ্যাথলেটের নাম ঘোষণা দিয়েছে বেজিং অলিম্পিক গেমসের জন্য। তারা হলেন অ্যাথলেটিকসে আবু আব্দুল্লাহ ও নাজমুন নাহার বিউটি, সাঁতারে রুবেল রানা ও ডলি আক্তার এবং শ্যুটিংয়ে ইমাম হোসেন ও শারমিন আক্তার। এদের সঙ্গে কোচ কাম ম্যানেজার হিসেবে যাবেন ৩ জন, যাদের নাম এখনো অপ্রকাশিত। অপ্রকাশিত বেজিংগামী টিম ম্যানেজার এবং ইয়ুথ ক্যাম্পের দুজনের নামও। এই ১২ জনের বিমান ভাড়া, পকেট ভাতা বাবদ বিওএ ৯ লাখ ৪৭ হাজার টাকা চেয়েছে সরকারের কাছে। কিন্তু খোঁজ-খবর নিয়ে জানা গেছে তাদের অলিম্পিক গেমসে অংশগ্রহণের পুরো অর্থই দেবে আইওসি সলিডারিটি কমিটি। বিওএ-এর গত কমিটির এক প্রভাবশালী কর্মকর্তা জানিয়েছেন, "অংশগ্রহণকারী অ্যাথলেট, কোচ ও একজন কর্মকর্তার খরচ দেয় অলিম্পিক সলিডারিটি। ইয়ুথ ক্যাম্পের দুজন সদস্যের যাওয়া-আসার খরচ দেয় আয়োজক দেশ। দরিদ্র ও পিছিয়ে পড়া দেশগুলোকে অলিম্পিক গেমসে অংশগ্রহনে উৎসাহিত করতে সলিডারিটি এই অর্থ বরাদ্দ দেয়। আইওসি'র সাবেক প্রেসিডেন্ট অ্যান্থেনিও সামারাঞ্চের আমল থেকেই এটা শুরু হয়।" গেমসে অংশ নেওয়া কোনো দেশের অ্যাথলেট-কোচের থাকা-খাওয়ার খরচ লাগে না, কারণ তাদের জন্যই তৈরি করা হয় গেমস ভিলেজ। এর সত্যতা মিলেছে আইওসি'র (আন্তর্জাতিক অলিম্পিক কমিটির) ওয়েবসাইটেও। খেলাধুলায় অনগ্রসর এরকম ১০০টি দেশের অ্যাথলেটদের ট্রেনিং, গেমসে অংশগ্রহণ ও বিভিন্ন কোর্স আয়োজনের জন্য অলিম্পিক সলিডারিটি ফান্ড থেকে অর্থ সাহায্য দেওয়া হয়। এ ব্যাপারে বর্তমান কমিটির কেউ মুখ খুলতে চান না। তবে এথেন্স অলিম্পিকে যাওয়া গত কমিটির এক সদস্য নিজের অভিজ্ঞতা থেকে বলেছেন, "অলিম্পিক সলিডারিটি ছাড়াও গেমস আয়োজক দেশ অনেক সাহায্য-সহযোগিতা দিয়ে থাকে। আসলে অলিম্পিক গেমস উপলক্ষে বিওএ-তে হরিলুট চলে।" বিওএ মহাসচিব কুতুব উদ্দিন আহমেদ অবশ্য পুরোটা স্বীকার না করলেও অ্যাথলেট ও ইয়ুথ ক্যাম্পের দুই সদস্যের বিমান টিকেট দেওয়ার কথা অস্বীকার করেননি, "৬ অ্যাথলেট এবং ইয়ুথ ক্যাম্পের দুজনের টিকেটের টাকা দেয় অলিম্পিক সলিডারিটি। গেমস শেষ হওয়ার পর তা দেওয়া হয়, এজন্যই সরকারের কাছে অর্থ বরাদ্দ চাওয়া হয়েছে।" মানে তাৎক্ষনিকভাবে ব্যয় নির্বাহের জন্য তারা সরকারের কাছে টাকা চেয়েছে। কিন্তু অলিম্পিক সলিডারিটি থেকে অ্যাথলেট-কর্মকর্তাদের বিমানভাড়া বাবদ অর্থ হাতে পাওয়ার পর বিওএ তা সরকারকে ফেরত দিয়েছে এমন নজির নেই। বাজেট বিবরনীতেও ফেরত দেওয়ার কথা উল্লেখ নেই। তাছাড়া এর আগে টিকেট দেওয়ার ব্যাপারটিই অজানা ছিল সংশ্লিষ্ট অনেকের কাছে। আর ইয়ুথ ক্যাম্পের দুই সদস্য পাঠানোর ব্যাপারটা বরাবরই গোলমেলে। উঠতি অ্যাথলেটদের মধ্য থেকে দুজনকে পাঠানোর নিয়ম যারা গেমস-ডিসিপ্লিনে অংশ নেয় না, তবে তাদের অলিম্পিক গেমস ও আয়োজক দেশ সম্পর্কে সম্যক ধারণা থাকতে হবে। এথেন্স অলিম্পিকের বাজেট বিবরণীতে উল্লেখিত মোহাইমিনুল ইসলাম ও রাফিয়া রওশন রেশমীর নাম দুটি বিতর্কের জন্ম দিয়েছিল। বিওএ'র বড় কর্তাদের আত্মীয়-স্বজনরা এই কোটায় অলিম্পিক ভ্রমণে যায় বলে অভিযোগ। এর জবাবে বিওএ মহাসচিব বলেছেন, "এবার সেরকম কিছু হবে না। কোনো মন্ত্রীর ছেলে কিংবা কোনো ক্ষমতাধরের আত্মীয় যেতে পারবে না। আমরা ক্যাডেট কলেজ থেকে দুজনকে নির্বাচিত করেছি। কারণ তাদের লেখাপড়া ও খেলাধুলা দুটোই আছে।" এছাড়া শেফ দ্য মিশনের অলিম্পিকে যাওয়ার বিমান ভাড়া ও পকেট ভাতা বাবদ খরচ ধরা হয়েছে ১ লাখ ১৯ হাজার টাকা। বাজেটে ৩ লাখ টাকার একটা খাত দেখানো হয়েছে। যা বিওএ'র জুন-আগস্ট-এই তিন মাসের ব্যয় এবং গেমস উপলক্ষে শেফ দ্য মিশনের সভায় যোগদান, ডেলিগেশন রেজিস্ট্রেশন সভায় অংশগ্রহণ ও অন্যান্য সভা- সেমিনারের ব্যয় হিসেবে উল্লেখ করা হয়েছে। উপহার সামগ্রী কেনার জন্যও ২ লাখ টাকার একটি খাত আছে। আছে খেলোয়াড় ও অফিসিয়ালদের ক্রীড়া পোষাক কেনার খরচ ১ লাখ ৫০ হাজার টাকা। বিদেশে অবস্থানকালে জরুরি ব্যয় নির্বাহের জন্য ১ লাখ টাকা চেয়েছে সরকারের কাছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/এমএম/১৮২৫ঘ.