২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাফ ফুটবলে যাওয়ার আগে প্র্যাকটিস ম্যাচ খেলবে বাংলাদেশ দল

বাংলাদেশ দলের প্র্যাকটিস ম্যাচ খেলতে না পারার আক্ষেপ থাকছে না। আগামী মাসে সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপে খেলতে যাওয়ার আগে অন্তত চারটি প্র্যাকটিস ম্যাচ খেলার সুযোগ পাচ্ছে বাংলাদেশ ফুটবল দল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 May 2008, 05:15 PM

Updated : 26 Aug 2022, 01:50 PM

ঢাকা, ১৬ মে (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--- বাংলাদেশ দলের প্র্যাকটিস ম্যাচ খেলতে না পারার আক্ষেপ থাকছে না। আগামী মাসে সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপে খেলতে যাওয়ার আগে অন্তত চারটি প্র্যাকটিস ম্যাচ খেলার সুযোগ পাচ্ছে বাংলাদেশ ফুটবল দল। বাফুফের নবগঠিত জাতীয় দল ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান বাদল রায় জানিয়েছেন, "দেশে দুটো প্র্যাকটিস ম্যাচ আয়োজন নিশ্চিত হয়েছে। এছাড়া থাইল্যান্ডেও দুটো ম্যাচের ব্যবস্থা করা হচ্ছে। এ ব্যাপারে আগামীকাল চূড়ান্ত সিদ্ধান্ত জানা যাবে।" দেশে দুটো ম্যাচের একটি হচ্ছে বাংলাদেশে অবস্থানরত বিদেশী ফুটবলারদের বিপক্ষে। সেটি হবে ২২ মে নরসিংদীতে, আর ২৪ মে ঢাকায় জাতীয় দলের বাইরে থাকা ফুটবলারদের নিয়ে গড়া দলের বিপক্ষে হবে অন্য ম্যাচটি। দেশের বাইরে থাইল্যান্ডে দুটো প্র্যাকটিস ম্যাচ আয়োজন করা হতে পারে। বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন এখন থাইল্যান্ডে অবস্থান করে চেষ্টা করছেন দুটো ম্যাচ খেলা নিশ্চিত করতে। শনিবার থাইল্যান্ড ফুটবল ফেডারেশন চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে। তা নিশ্চিত হলে আগামী ২৫ মে বাংলাদেশ জাতীয় দল থাইল্যান্ডের উদ্দেশে রওনা হবে। সেখান থেকে তারা কলম্বো যাবে ৩ থেকে ১৪ জুন শ্রীলংকা-মালদ্বীপে অনুষ্ঠেয় সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপে অংশ নেওয়ার জন্য। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/এএআর/২২০৮ঘ.