২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উয়েফা কাপে জেনিট সেন্ট পিটার্সবার্গ চ্যাম্পিয়ন

ইওরোপের কোনো ক্লাব প্রতিযোগিতায় এটাই ছিল জেনিট সেন্ট পিটার্সবার্গের প্রথম ফাইনালে উত্তরণ। আর প্রথম বারেই রুশ ক্লাবটি সফল। বুধবার ইংল্যান্ডের ম্যানচেস্টারে অনুষ্ঠিত উয়েফা কাপের ফাইনালে গ্লাসগো রেঞ্জার্সকে ২-০ গোলে হারিয়েছে জেনিট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 May 2008, 04:51 PM

Updated : 26 Aug 2022, 01:50 PM

ম্যানচেস্টার, ১৫ মে (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইওরোপের কোনো ক্লাব প্রতিযোগিতায় এটাই ছিল জেনিট সেন্ট পিটার্সবার্গের প্রথম ফাইনালে উত্তরণ। আর প্রথম বারেই রুশ ক্লাবটি সফল। বুধবার ইংল্যান্ডের ম্যানচেস্টারে অনুষ্ঠিত উয়েফা কাপের ফাইনালে গ্লাসগো রেঞ্জার্সকে ২-০ গোলে হারিয়েছে জেনিট। গোলশূন্য প্রথমার্ধের পর ৭২ মিনিটে জেনিটকে এগিয়ে দেন দেনিসভ। শেষ মুহূর্তে আরেকটি গোল করে দলের জয় নিশ্চিত করেন জিরিয়ানভ। গত চার মৌসুমে উয়েফা কাপে কোনো রুশ ক্লাবের এটা দ্বিতীয় শিরোপা। ২০০৫ সালে উয়েফা কাপের শিরোপা জিতেছিল সিএসকেএ মস্কো। পুরো টুর্নামেন্টেই দাপটের সঙ্গে খেলেছে জেনিট। সেমিফাইনালের ফিরতি লেগে তারা জার্মান পরাশক্তি বায়ার্ন মিউনিখকে বিধ্বস্ত করেছিল ৪-০ গোলে। ফাইনালেও সেই সাফল্য অব্যাহত থাকায় জেনিটের ডাচ কোচ ডিক অ্যাডভোকাট দারুণ উচ্ছ্বসিত, "এ ধরনের পুরস্কার প্রাপ্তি এক জন মানুষের জীবনে খুব বেশি আসে না। আজ (বুধবার) রাতে জিতেছি বলে আমরা ভীষণ গর্বিত। এই টুর্নামেন্টে আমরা যেভাবে খেলেছি তাতে করে এটা আসলেই আমাদের প্রাপ্য।" ম্যাচটা অবশ্য শান্তিপূর্ণ ভাবে শেষ হতে পারেনি। একটি স্ক্রিন ভেঙ্গে যাওয়ার ঘটনার জের ধরে দু দলের সমর্থকরা বোতল ছুড়ে মেরেছিল মাঠের ভেতরে। পরিস্থিতি শান্ত করতে দাঙ্গা পুলিশ ৩০ জনকে গ্রেফতার করেছে। ম্যাচশেষে জেনিটের এক জন সমর্থক ছুরিকাহতও হয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/১৬৪১ঘ.