ঢাকা, মে ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--- মাঠের খেলার মতো জার্সিতেও তারা বিবর্ণ। দেখে নাকি বোঝার সাধ্য নেই এএফসি চ্যালেঞ্জ কাপে খেলছে বাংলাদেশ ফুটবল দল। আফগানিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচে জার্সিতে ছিল না দেশের পতাকা কিংবা বাংলাদেশ ফুটবল ফেডারেশনের লোগো।
এএফসি চ্যালেঞ্জ কাপের বাছাইপর্বে "সি" গ্র"পের ম্যাচ খেলতে কিরঘিজিস্তানে গিয়ে জার্সি নিয়ে বিপাকে পড়েছে বাংলাদেশ দল। দলসূত্রে জানা গেছে গত ২ এপ্রিল কিরঘিজিস্তানের রাজধানী বিশকেকে পৌঁছে তারা টের পায় দলের জার্সি হারিয়ে গেছে। তারপর স্থানীয় মার্কেট থেকে ২ ডলার করে জার্সি কিনে নিয়ে ৫ এপ্রিল আফগানিস্তানের বিপক্ষে মাঠে নেমে পড়ে। কিন্তু ওই জার্সিতে নেই বাংলাদেশের পতাকা, নেই বাফুফের লোগো এমনকি খেলোয়াড়ের নামও। স্বাভাবিকভাবেই যা এএফসি প্রতিনিধিদের কাছে দৃষ্টিকটু মনে হয়েছে। তাছাড়া এভাবে একটি জাতীয় দলের মাঠে নামাও লজ্জাকর।
এই অঘটনের কথা শুনেছেন বাফুফের নতুন সভাপতি কাজী সালাউদ্দিন। তিনি বলেছেন, "এমন ঘটনা হওয়া উচিত না। তবে নির্বাচনের সময় কমিটির লোকজন ব্যস্ত থাকায় এমন হতেও পারে। আসলে কী হয়েছে তা জানার জন্য আমি সন্ধ্যায় কথা বলবো কিরঘিজিস্তানে।" তবে নতুন সভাপতি নিশ্চয়তা দিয়েছেন, "আমি কথা দিচ্ছি, আমার আমলে এ ধরনের ঘটনা ঘটবে না।"
৩০ এপ্রিল থেকে তার আমল শুরু হলেও পুরো প্রক্রিয়ার সঙ্গে জড়িত ছিল আগের কমিটি। সুবাদে বিদায়ী কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মনজুর হোসেন মালুর ঘাড়েই দায় চাপে। তিনি বলেছেন, "বিমানবন্দরে লাগেজ হারিয়ে যাওয়ায় এ সমস্যা হয়েছে।" দলের সঙ্গে জার্সি দেওয়া হয়েছিল কিনা, এ প্রশ্নে বর্তমান কমিটির সহ সভাপতি মালুর জবাব, "দুই সেট জার্সি দেওয়া হয়েছিল দলের সঙ্গে।" এক সেট হারিয়ে যেতে পারে ভেবে দুই সেট দেওয়া হয়। তাহলে কী বাংলাদেশের জার্সির লাগেজগুলোই হারিয়ে গেছে ? কোনো সদুত্তর নেই বাফুফের কাছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/এমএম/১৯১০ঘ.
bdnews24