ঢাকা, মে ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--- একেবারে শূন্য কোষাগার সামনে নিয়েও স্বপ্নযাত্রার ঘোষণা দিয়েছেন কাজী সালাউদ্দিন। বাফুফের নবযাত্রায় নতুন সভাপতি আগামী পাঁচ মাসের মধ্যে বি. লিগসহ আরো দুটো ফুটবল টুর্নামেন্ট আয়োজনের সিদ্ধান্ত নিয়েছেন।
বুধবার বাফুফের নতুন কমিটি প্রথম সভায় বসেই চূড়ান্ত করেছে এই পরিকল্পনা। সভা শেষে কাজী সালাউদ্দিন বলেছেন, "খুব আন্তরিক পরিবেশে প্রথম সভা হয়েছে এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়েছে। মাঠে খেলা নিয়ে যাওয়ার প্রথম পদক্ষেপ হিসেবে আমরা সেপ্টেম্বর পর্যন্ত একটা পরিকল্পনা করেছি। তাতে বি. লিগ, ফেডারেশন কাপ ও আরেকটি টুর্নামেন্ট আয়োজন করবো।"
এই আনুষ্ঠানিক সভার আগে গত কয়েকদিন ধরেই নিজেরা অনানুষ্ঠানিক সভা করেছে। যেখানে ভীষণ গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠেছিল বি. লিগ। অবশেষে তার আনুষ্ঠানিক ঘোষণা এসেছে বুধবার, বাফুফে সভাপতি নিজের মুখেই বলেছেন, "আগামী ১৫ মে থেকে বি. লিগের দলবদল শুরু হবে। আর সেপ্টেম্বরে শুরু হবে লিগ।" গত কমিটি বিদায় নেওয়ার আগে অনেক জলঘোলার পর একটা ত্রিপাক্ষিক (ক্লাব-খেলোয়াড়-বাফুফে) সভায় সিদ্ধান্ত হয়েছিল ১৫ মে থেকে পেশাদার লিগের দলবদল শুরু হবে। সেটা বহাল রেখে দলবদলের সূচী চড়ান্ত করা হয়েছে ১৫ মে থেকে ২০ জুন পর্যন্ত। কিন্তু চার মাসব্যাপী পেশাদার লিগ শুরু হবে দুমাস পর সেপ্টেম্বরে। যা নিয়ে বাংলাদেশের এই কিংবদন্তী ফুটবলার বেশ আশাবাদী, "এটা হবে একটি দুর্দান্ত পেশাদার লিগ যেন তার আয়োজন দেখে সবাই বুঝতে পারে এটা গতানুগতিক কিছু নয়। এজন্য আমরা একটা কমিটিও গড়ে দিয়েছি।" বাফুফের সিনিয়র সহ-সভাপতি সাবেক ফুটবল তারকা সালাম মুর্শেদীকে বি. লিগ কমিটির সভাপতি ও কাজী নাবিল আহমেদকে সহ সভাপতি করা হয়েছে। পুরো কমিটি সাজিয়ে নেওয়ার দায়িত্ব তাদের ওপর ছেড়ে দেওয়া হয়েছে।
বি. লিগ সেপ্টেম্বরে নিয়ে যাওয়ার কারণ হচ্ছে পুরো ফুটবল বিশ্বের সঙ্গে তাল মেলানো। অবশ্য দলবদল ও বি. লিগের মাঝে যে দু' মাস সময় আছে তা নিয়ে অন্যরকম পরিকল্পনা করেছে বাফুফে। "জুলাই-আগস্টের মধ্যে ফেডারেশন কাপ ও আরেকটি ফুটবল টুর্নামেন্ট হবে। তবে ওই টুর্নামেন্টের চরিত্র কী হবে কিংবা কারা খেলবে তা চূড়ান্ত না করে কথা দিতে পারছি না"--- বলেছেন বাফুফে সভাপতি। তবে অন্য একটি সূত্রের খবর অনুযায়ী একটা আন্তর্জাতিক টুর্নামেন্ট আয়োজন করে স্থানীয় ফুটবলকে আবার চাঙ্গা করতে চায় নতুন কমিটি। কিন্তু অর্থ ও অন্যান্য প্রাসঙ্গিক বিষয়গুলি চূড়ান্ত না করে তারা মুখ খুলতে চাইছেন না।
পেশাদার লিগ কমিটি ছাড়াও আরো তিনটি কমিটি হয়েছে-- জরুরী কমিটি, জাতীয় দল ব্যবস্থাপনা কমিটি ও ফিন্যান্স কমিটি। পূর্ণাঙ্গ রূপ পেয়েছে একমাত্র জরুরী কমিটিই, বাফুফে সভাপতি ছাড়া বাকি ৯ সদস্য হচ্ছে সিনিয়র সহ সভাপতি সালাম মুর্শেদী, চার সহ সভাপতি মনজুর হোসেন মালু, বাদল রায়, শওকত আলী খান জাহাঙ্গীর ও কাজী নাবিল আহমেদ, বাফুফে সদস্য আনোয়ারুল হক হেলাল, হারুনুর রশীদ, সিরাজুল ইসলাম বাচ্চু ও গোলাম রব্বানী হেলাল। প্রয়োজনে এই জরুরী কমিটি নির্বাহী কমিটির সভা ছাড়াই যে কোনো সিদ্ধান্ত নিতে পারবে, যা পরের সভায় অনুমোদন করিয়ে নিলেই হবে।
বাদল রায়কে সভাপতি করা হয়েছে জাতীয় দল ব্যবস্থাপনা কমিটির, তিনিই প্রয়োজনমতো সদস্য নিয়ে কমিটি পুরো করবেন। একই ভাবে ফিন্যান্স কমিটিকে পূর্ণাঙ্গ রূপ দেবেন কমিটির সভাপতি আনোয়ারুল হক হেলাল।
এছাড়া একসঙ্গে ঢাকা ও চট্টগ্রামে স্কুল ফুটবল চালু করার চিন্তাভাবনা করছে। এজন্য দুই শহরের স্কুলগুলোর মাঠের হালচাল পর্যবেক্ষণ করে আসার জন্য কয়েকজনকে দায়িত্ব দেবে বাফুফে। তারপরই হবে সিদ্ধান্ত। তবে এর আগেই মাস দেড়েকের মধ্যে দু বছরের একটি বর্ষপঞ্জি চূড়ান্ত করবে বাফুফে।
ফুটবল উন্নয়নমুখী পরিকল্পনা-সিদ্ধান্ত সবই হচ্ছে কিন্তু তার বাস্তব প্রয়োগ নিয়েই সন্দেহ। বাফুফের আর্থিক অবস্থা নিয়ে নতুন সভাপতি বলেছেন, "একেবারে শূন্যই বলতে পারেন।" এটা হয়তো কোষাগারের দৃশ্যমান অবস্থা। কিন্তু ৩০-৩৫ লাখ টাকার ধার-দেনা মাথায় নিয়েই যাত্রা শুরু করেছে নতুন কমিটি। আপাতত অবস্থা উত্তরণের জন্য সরকারের কাছে যাবে সালাউদ্দিনের নেতৃত্বাধীন এই কমিটি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/এমএম/২১৩০ঘ.
bdnews24