মাদ্রিদ, ৭ মে (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- স্প্যানিয়ার্ডদের কাছে এই ম্যাচটার গুরুত্ব ও আকর্ষণ সবসময়ই অপরিসীম। শুধু স্পেনের নাগরিকদের কাছেই বা কেন, যে কোনো ফুটবলপ্রেমীই স্প্যানিশ 'প্রিমেরা লিগা'র রিয়াল মাদ্রিদ-বার্সেলোনা ম্যাচের দিকে তাকিয়ে থাকেন অধীর আগ্রহে। স্প্যানিশ মিডিয়া তো আর অকারণে লড়াইটার নাম 'এল ক্লাসিকো' বা 'দ্য ক্লাসিক' দেয়নি! কিন্তু বুধবার রাতে রিয়ালের মাঠ সান্টিয়াগো বার্নাব্যুতে অনুষ্ঠেয় 'এল ক্লাসিকো' নিয়ে এত বেশি আগ্রহ দেখা যাচ্ছে না। তিন ম্যাচ হাতে রেখে রিয়াল মাদ্রিদের স্প্যানিশ লিগ শিরোপা নিশ্চিত করে ফেলাই এর সবচেয়ে বড় কারণ।
এই ম্যাচ তো বটেই, বাকি দুই ম্যাচ হেরে গেলেও রিয়ালের কোনো সমস্যা নেই। কিন্তু বার্সেলোনার আছে। আগামী মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগের চূড়ান্ত পর্বে সরাসরি খেলতে হলে 'লা লিগা'য় রানার্সআপ হওয়া ছাড়া আর কোনো পথ খোলা নেই 'বার্সা'র সামনে। দ্বিতীয় স্থানে থাকা ভিলারিয়ালের চেয়ে ৪ পয়েন্ট পিছিয়ে থাকা বার্সেলোনা তাই জয়ের লক্ষ্যেই মাঠে নামবে। শিরোপা নিশ্চিত হয়ে গেলেও রিয়ালও নিশ্চয়ই হাল্কাভাবে নেবেনা ম্যাচটাকে। একে তো প্রতিপক্ষ চিরপ্রতিদ্বন্দ্বী, তার ওপরে নিজেদের মাঠে গ্যালারি ভরা সমর্থকের সামনে শিরোপা জয়ের উৎসবে পূর্ণতা দেয়ার সুযোগ --- ম্যাচটাকে তাই গুরুত্বের সঙ্গে নিতেই হচ্ছে স্প্যানিশ লিগের টানা দু বারের চ্যাম্পিয়নদের।
'লা লিগা'য় একটা অদ্ভূত নিয়ম আছে। কোনো দলের শিরোপা নিশ্চিত হয়ে গেলে পরবর্তী প্রতিটি ম্যাচে মাঠে নামার সময় তাদের করতালি দিয়ে স্বাগত জানায় প্রতিপক্ষ। 'চিরশত্র"' রিয়াল মাদ্রিদের মাঠে কাজটা করতে হবে বলে কার্লোস পুয়োলের মন একটু বেশিই দুঃখ ভারাক্রান্ত। তারপরও খেলোয়াড়সুলভ আচরণের কাছে মাথা নত করতে আপত্তি নেই বার্সেলোনা অধিনায়কের, "বার্সা-ভক্ত হিসাবে মাঠের মধ্যে তাদের (রিয়াল মাদ্রিদের) উদ্দেশে তালি দিতে আমি মোটেও পছন্দ করবো না। কিন্তু খেলোয়াড় হিসাবে চ্যাম্পিয়নদের তো স্বীকৃতি দিতেই হবে। আর আমরা তা করবোও। এই মৌসুমে আমরা কোনো কিছুই ঠিকমতো করতে পারিনি। আমরা একদমই ধারাবাহিক ছিলাম না। এ বছর রিয়াল মাদ্রিদই যোগ্য চ্যাম্পিয়ন।"
এই ম্যাচে সাসপেনশনের কারণে তারকা স্ট্রাইকার স্যামুয়েল এ'তো ও মিডফিল্ডার ডেকোকে পাচ্ছে না বার্সেলোনা। ইনজুরিতে পড়ায় খেলতে পারছেন না গ্যাব্রিয়েল মিলিতোও। লিগামেন্ট ক্ষতিগ্রস্ত হওয়ায় এই আর্জেন্টাইন ডিফেন্ডারকে ছয় মাসও মাঠের বাইরে থাকতে হতে পারে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/এসি/১৮৩৯ ঘ.
bdnews24